টুকরো টুকরো চেষ্টায় বড় কিছুর আকাঙ্ক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বরাবরই বাংলাদেশ দলের জন্য সৌভাগ্য বয়ে এনেছে। সেই ‘লাকি গ্রাউন্ড’ বলেই কি না গতকাল অনুশীলনে ফুরফুরে মেজাজে থাকলেন বাংলাদেশের ক্রিকেটাররা। প্রথম টেস্টের স্মৃতি ভুলে অনুশীলনে কিছুটা খুনসুটিও করে নিলেন সাকিব আল হাসান আর নাসির হোসেন   শামসুল হক
চট্টগ্রাম বরাবরই বাংলাদেশ দলের জন্য সৌভাগ্য বয়ে এনেছে। সেই ‘লাকি গ্রাউন্ড’ বলেই কি না গতকাল অনুশীলনে ফুরফুরে মেজাজে থাকলেন বাংলাদেশের ক্রিকেটাররা। প্রথম টেস্টের স্মৃতি ভুলে অনুশীলনে কিছুটা খুনসুটিও করে নিলেন সাকিব আল হাসান আর নাসির হোসেন শামসুল হক

টুকরো টুকরো কিছু ছবি। টুকরো টুকরো চেষ্টা। টুকরো টুকরো আকাঙ্ক্ষা। এসব টুকরো জোড়া দিয়ে একটা বড় কিছু করে ফেলার স্বপ্ন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কাল শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের আগে সেই স্বপ্নই দেখছে বাংলাদেশ দল। প্রথম টেস্টের দুঃস্মৃতি এখন শুধুই ফেলে আসা অতীত।

 কাল ড্রেসিংরুমে ঢোকার মুহূর্তে তির্যক দৃষ্টিতে পশ্চিম দিকের প্র্যাকটিস উইকেট দুটির দিকে তাকালেন মুশফিকুর রহিম। তাঁর জানামতে উইকেট দুটি তখন খালি থাকার কথা। কিন্তু মাঠে এসে দেখলেন সেখানেও দুই শ্রীলঙ্কান ব্যাটিং করছে! দৃশ্যটা বোধ হয় পছন্দ হলো না বাংলাদেশ অধিনায়কের। ড্রেসিংরুমে ঢুকে ডেকে পাঠালেন কিউরেটর জাহিদ রেজাকে।

এবার নিজেকে খুব করে গুছিয়ে নিয়ে নামতে চান অধিনায়ক মুশফিকুর রহিম  প্রথম আলো
এবার নিজেকে খুব করে গুছিয়ে নিয়ে নামতে চান অধিনায়ক মুশফিকুর রহিম প্রথম আলো

এক দলের প্র্যাকটিস উইকেটে আরেক দলকে প্র্যাকটিস করতে দেওয়া যাবে না—এমন কোনো নিয়ম নেই। তবে স্বাগতিক দলের ইচ্ছা-অনিচ্ছার বাড়তি মূল্য তো থাকেই। নিজেদের উইকেটে অনুশীলনের পাশাপাশি শ্রীলঙ্কা দল যে কাল সকালে বাংলাদেশের জন্য নির্ধারিত উইকেট দুটিতেও অনুশীলন করতে চাইল, সেটাকে হয়তো সে জন্যই শুরুতে পাত্তা দেননি কিউরেটর। পরে মাহেলা জয়াবর্ধনের বিশেষ অনুরোধে স্পাইক পরে ব্যাটিং না করার শর্তে বাংলাদেশের উইকেট ব্যবহার করার অনুমতি দেন তিনি। এক দল চাইলে আরেক দলের উইকেটে প্র্যাকটিস করতে পারবে—শেন জার্গেনসেনের সঙ্গে নাকি শ্রীলঙ্কার সহকারী কোচ মারভান আতাপাত্তুর এমন একটা সমঝোতামূলক আলোচনাও হয়েছে পরে। মুশফিক ব্যাট নিয়ে নামার আগেই উইকেট ছেড়ে চলে যান শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা। দলের অন্যরা মাঠে আসার আগে ৩০-৪০ মিনিট ব্যাটিং প্র্যাকটিসও করে ফেললেন মুশফিক। অধিনায়কের নিবিড় অনুশীলনে মিশে থাকল বড় কিছু করার তাড়না।

 প্রথম টেস্টের পারফরম্যান্স আলাদা করে বিশ্লেষণ করলে পাস মার্কস পাবেন না সাকিব ছাড়া বাংলাদেশ দলের কোনো ক্রিকেটারই। মুশফিকের নিজের আয়নাতেও নিশ্চয়ই নিজের মলিন চেহারাটা ধরে পড়েছে। সে জন্যই আগেভাগে মাঠে এসে ও রকম ব্যাটিং প্র্যাকটিসে নেমে পড়া। দুপুরে যখন দলের অন্যরা এল, ততক্ষণে ব্যাটিং প্র্যাকটিস সেরে তিনি মাঝমাঠে। ইমরুল কায়েস, শামসুর রহমানদের নেট ছেড়ে দিয়ে মাঝ উইকেটের পাশে গিয়ে শুরু করলেন কিপিং প্র্যাকটিস। কম্পিউটার অ্যানালিস্ট নাসির আহমেদের সাহায্য নিয়ে দীর্ঘক্ষণ চলল সেটা। ব্যাটিংয়ে বড় কিছু করার ইচ্ছার পাশাপাশি প্রথম টেস্টে চার-চারটি ক্যাচ ছাড়ার ভুলের পুনরাবৃত্তিও যে চট্টগ্রামে চাচ্ছেন না, তা পরিষ্কার মুশফিকের চেষ্টায়।
 কাল থেকে শুরু দ্বিতীয় টেস্টটা হবে তামিম ইকবালের নিজের শহরে, নিজের মাঠে। এখানে তাঁর কাছে বাড়তি প্রত্যাশা থাকবেই। প্রথম টেস্টে ব্যর্থতার চাপও আছে। বোলারদের নেট দুটি শামসুর রহমান আর ইমরুল কায়েসকে ছেড়ে দিয়ে নিজে গেলেন খালি পড়ে থাকা শ্রীলঙ্কা দলের (অনুশীলন ছেড়ে লঙ্কানরা তখন হোটেলে ফিরে গেছে) জন্য নির্ধারিত উইকেটে। সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন একটা করে বল ছুড়ছেন আর তামিম চার-ছক্কার শট খেলে চলেছেন। প্র্যাকটিসটা বোঝাল নিজের সহজাত ব্যাটিংটাই আরও ঝালাই করে নেওয়ার চেষ্টা করছেন বাঁহাতি ওপেনার। সংবাদমাধ্যমের মুখোমুখি হননি তামিম। তাই জানা যায়নি তাঁর অমন প্র্যাকটিসের কারণ। কে জানে, হয়তো আক্রমণাত্মক ব্যাটিং দিয়েই ভাঙতে চান ব্যর্থতার বৃত্ত।

সাকিব আল হাসান এখন পুরোই উল্টো মেরুর মানুষ। সহ-অধিনায়ক তামিম ইকবালকে চেয়েও কাল কথা বলার জন্য পায়নি সংবাদমাধ্যম। অথচ গত নয় দিনের মধ্যে চতুর্থবারের মতো সাংবাদিকদের সামনে উপস্থিত দেশের সবচেয়ে বড় ক্রিকেট তারকা সাকিব! দলের প্রতিনিধি হয়ে এসে বললেন, ‘উন্নতি লাগবে সব জায়গাতেই।’ কোচ শেন জার্গেনসেনের মতো তুলে ধরলেন ভালো ফিল্ডিংয়ের গুরুত্বও, ‘ওদের যে কয়জন ব্যাটসম্যান বড় রান করেছে, সবারই ক্যাচ পড়েছে, স্টাম্পিং মিস হয়েছে। এগুলো যদি না হতো...মাহেলার ২০০ রানই বাদ দিন। সিলভার ১৩৯-এও চারটা না পাঁচটা লাইফ। এগুলো বাদ দিলে ওরাও ৪০০-৪৫০-এ থাকত।’
প্রথম টেস্টে ইনিংস ও ২৪৮ রানের হার বিরাট এক ধাক্কা বাংলাদেশ দলের জন্য। তবে সাকিবের কাছে বাজে সময়টাকে মনে হচ্ছে সাময়িক, ‘দেড়-দুই বছর ধরে ধারাবাহিকভাবে ভালো খেলছে একটা দল। এরপর এ রকম একটা বাজে সময় আসতেই পারে। আমাদের ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু হয়নি।’ এ রকম পরিস্থিতি থেকে আগেও ফিরে এসেছে বাংলাদেশ দল। সাকিবের বিশ্বাস, এবারও সেটা সম্ভব। সম্ভব কি চট্টগ্রাম বলেই?
অতীত অভিজ্ঞতা বলে, চট্টগ্রাম বাংলাদেশ দলের জন্য ‘লাকি গ্রাউন্ড’, দুঃসময় কাটিয়ে ওঠার মঞ্চও। তবে সাকিবের দর্শন ভিন্ন। ভেন্যু-টেন্যু নয়, ভালো ক্রিকেট খেলাটাই সেখানে আসল।
ডিসেম্বরের শেষ ২২-২৩ দিন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পানি সরবরাহ বন্ধ থাকায় পুরো মাঠ হয়ে গিয়েছিল ধূসর। পরে পানি সরবরাহ ঠিক হওয়ায় সেটাই এখন গাঢ় সবুজ জমিন। মুশফিক-তামিমের ভুল শোধরানোর লড়াই আর সাকিবের ভালো খেলার অনুপ্রেরণা কি পারবে ঢাকার
ধূসর পারফরম্যান্সকে ঢেকে দিতে? লড়াইয়ের টুকরো ছবিগুলোকে জোড়া লাগালে বড় একটা ক্যানভাসই হয়। তাতে সাফল্যের ছবিটা আপাতত জলছাপের মতো। কিন্তু বাস্তব হতে কতক্ষণ!