টুকরো টুকরো ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জোড়া ফিফটি
ব্যাট হাতে ফিফটি করতে পারেননি কুমার সাঙ্গাকারা। লাসিথ মালিঙ্গার কাছে এমন কিছুর আশাটাই বাড়াবাড়ি। তবে একটা জায়গায় ফিফটি করে ফেলেছেন দুজন একাদশে থেকেই। দুজনই কাল খেলতে নেমেছিলেন ৫০তম টি-টোয়েন্টি। শ্রীলঙ্কার হয়ে ৫০টি টি-টোয়েন্টি খেলেছেন আর কেবল তিলকরত্নে দিলশান (৫৫)। অথচ দ্বিতীয় লঙ্কান হিসেবে আগের ম্যাচেই ম্যাচ খেলার ফিফটি হওয়ার কথা ছিল মাহেলা জয়াবর্ধনের। চোটে ছিটকে গিয়ে জয়াবর্ধনে আটকে আছেন ৪৯-এ। আন্তর্জাতিক টি-টোয়েন্টি সবচেয়ে বেশি খেলেছেন শহীদ আফ্রিদি, ৭০টি।
বোলার দিলশান
নতুন বল হাতে তিলকরত্নে দিলশানকে দেখে হয়তো চমকে গেছেন অনেকেই। তবে প্রথম ওভার করার অভিজ্ঞতা তাঁর কালই প্রথম নয়। টি-টোয়েন্টিতে কালকের আগে প্রথম ওভার করেছেন দুবার, ওয়ানডেতে পাঁচবার। এমনকি টেস্টেও করেছেন তিনবার! কাল শামসুর রহমানের আগে প্রথম ওভারেই প্রথম উইকেট পেয়েছেন আর একবারই। ২০১২ সালে পি সারায় টেস্টে বোল্ড করেছিলেন সেই সময়ের ইংলিশ অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসকে।
শামসুর আবার!
শুরুটা মোহাম্মদ হাফিজের হাত ধরে। এরপর আবার হাফিজ, প্রসপার উতসেয়া, কাল দিলশান। টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে স্পিন দিয়ে শুরু হলো চারবার। এই চারবারের মধ্যে কাল শামসুর রহমানের আগে প্রথম ওভারেই উইকেট পড়েছিল আর একবারই। সেই ব্যাটসম্যানও ছিলেন শামসুর! কাল দিলশানের বলে ক্যাচ দিয়েছেন মিড উইকেটে, গত মে মাসে বুলাওয়েতে উতসেয়ার বলে ক্যাচ দিয়েছিলেন ডিপ মিড উইকেটে।
জোড়া আঘাত
ওপেনারদের প্রায় পিছু পিছু উইকেটে যাওয়ার অভিজ্ঞতা সাকিবের নতুন নয়। চার নম্বরে নেমেও দুবার দেখেছেন দলের রান চার! ২০১০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিজটাউনে, পরের বছর পাকিস্তানের বিপক্ষে মিরপুরে। কাল দলের রান আর তাঁর ব্যাটিং পজিশন সমানও হলো না। ৩ রানেই নেই ২ উইকেট! প্রথম ২ উইকেট সবচেয়ে কম রানে হারানোর বাংলাদেশি রেকর্ড এটিই। খানিকটা সান্ত্বনা হবে সব মিলিয়ে রেকর্ডটি। টি-টোয়েন্টিতে এর চেয়েও বাজে শুরু আছে অনেকই। শূন্য রানে ২ উইকেটই পড়েছে ৭ বার!
চূড়ায় মালিঙ্গা
এমনিতেই টি-টোয়েন্টির বিশ্বসেরা মনে করা হয় তাঁকে, এবার আনুষ্ঠানিক স্বীকৃতি মিলল রেকর্ড বইতেও। আরাফাত সানিকে ফিরিয়ে ছুঁয়েছিলেন আলফনসো টমাসকে, দুই বল পর সাব্বিরকে ফিরিয়ে গেলেন ছাড়িয়ে। আন্তর্জাতিক ও ঘরোয়া মিলিয়ে টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেট শিকারি এখন লাসিথ মালিঙ্গা। ২০১ ম্যাচে ২৩৫ উইকেট দক্ষিণ আফ্রিকান পেসার টমাসের, মালিঙ্গার ২৩৬টি হয়ে গেল ২৬ ম্যাচ কম খেলেই। এমনিই কি আর তিনি টি-টোয়েন্টির হট কেক, দাপিয়ে বেড়ান ভারত থেকে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড থেকে ওয়েস্ট ইন্ডিজ!
চান্ডির চার
অধিনায়ক তো বহুদূর, দিনেশ চান্ডিমালের দলে জায়গা নিয়েই প্রশ্ন উঠতে পারে এখন। ব্যাট হাতে করতে পারছেন না কিছুই, ব্যর্থ কালও। তবে ফিল্ডিংয়ে অন্তত কিছু একটা করতে পারলেন। ছুঁয়েছেন এক ম্যাচে সবচেয়ে বেশি ক্যাচের রেকর্ড, চারটি। উইকেটকিপারদের বাইরে ম্যাচে চার ক্যাচ নিয়েছেন ড্যারেন স্যামি, পিটার বোরেন ও কোরি অ্যান্ডারসন।
কেপটাউনের ছায়া
একদিকে পড়ছে উইকেট, আরেক দিকে বাড়ছে মারের জোর। যত ব্যাটসম্যান ড্রেসিংরুমে ফিরছেন, ততই বল আছড়ে পড়ছে সীমানার বাইরে। কালকের এমন খ্যাপাটে শুরু মনে করিয়ে দিল ২০০৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের শুরুকে। কেপটাউনে সেদিনও আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ শুরুতে হারিয়েছিল তামিম ইকবাল ও তাঁর ওপেনিং সঙ্গীকে (নাজিমউদ্দিন)। কাল সাকিবের মতো সেদিন আশরাফুলও চারে নেমেই তুলেছিলেন ঝড়। প্রথম দুই বলে চার ও ছক্কা মেরে পরের বলেই আউট! তিনে নামা এনামুল কাল এক ওভারে নিয়েছেন ২০, সেদিন তিনে নামা আফতাব মাখায়া এনটিনির এক ওভারে নিয়েছিলেন ১৫। ১৪ বলে আফতাব করেছিলেন ৩৬। ৭৭ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশ সেদিন তবু ১৪৪ পর্যন্ত যেতে পেরেছিল, দক্ষিণ আফ্রিকা তাড়া করেছিল অনায়াসেই। কাল ১২০ রানের পুঁজি নিয়েও লড়াই হলো, কিন্তু শেষ পর্যন্ত কেপটাউনের মতোই হার। এত কাছে গিয়ে হার বলে হয়তো এবার স্বাদটাও বেশি তিক্ত।
কাটা ঘায়ে নুন
এমনিতেই টানা দুই ম্যাচে তীরে এসে তরি ডোবার যন্ত্রণা। সঙ্গে যোগ হলো আবার র্যাঙ্কিং-হতাশা। বাংলাদেশের কাছে হারলে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারাত শ্রীলঙ্কা। দুই ম্যাচই হারায় উল্টো অবনমন হলো বাংলাদেশের। কালকের ম্যাচের আগে ৭১ র্যাঙ্কিং পয়েন্ট নিয়ে দশে ছিল বাংলাদেশ, ৭০ পয়েন্ট নিয়ে এগারোতে আফগানিস্তান। কাল আফগানিস্তানের পেছনে পড়ে গেল বাংলাদেশ, আয়ারল্যান্ড (৮৭) ওপরে আছে তো আগে থেকেই! বাংলাদেশের ঠিক নিচে এখন হল্যান্ড (৫৬)।
আরিফুল ইসলাম