টুকরো টুকরো ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগুয়ান মিরপুর
কাল টস হতেই অকল্যান্ডকে ছাড়িয়ে গেল মিরপুর! ৬৭টি ম্যাচ নিয়ে সবচেয়ে বেশি ওয়ানডে হওয়া ভেন্যু তালিকায় এই দুই ভেন্যু ছিল নয় নম্বরে। কাল ইডেন পার্ককে দশে ঠেলে শেরেবাংলা নয়ে উঠল এককভাবে। শেরেবাংলার ঠিক ওপরে এখন ৭১ ম্যাচের আয়োজক পার্থের ওয়াকা। সবচেয়ে বেশি ওয়ানডে হয়েছে শারজায়, ২১৫টি। ১৪৩ ম্যাচ নিয়ে দুইয়ে সিডনি ক্রিকেট গ্রাউন্ড। (বেশি হলে এটা বাদ)
রাজ-হীন
ওয়ানডেতে দুই শ উইকেট (২০৪) পাওয়া বাংলাদেশের একমাত্র বোলার তিনি। দেশের হয়ে সর্বোচ্চ উইকেট টি-টোয়েন্টিতেও (৩৯)। তাঁর ডাকনাম যেমন রাজ, রঙিন পোশাক গায়ে চাপালে তিনি সত্যিই বাংলাদেশের বোলিং রাজা। চোটের কারণে সেই আবদুর রাজ্জাক খেলতে পারছেন না এই সিরিজে। রাজ্জাককে ছাড়া সর্বশেষ ওয়ানডে খেলেছে বাংলাদেশ ২০১১ সালের অক্টোবরে। মজার ব্যাপার হলো, সেই ম্যাচেও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স ছিল রাজ্জাকের সতীর্থদের। কাল ৬৭ রানে ৮ উইকেট নিয়েছে বাংলাদেশ, আর চট্টগ্রামের সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে গুটিয়ে দিয়েছিল ৬১ রানে!
জোড়া অভিষেক
আরেকটি নতুন সিরিজ, বাংলাদেশ দলেও নতুন ক্রিকেটার। মাশরাফির বিশ্রাম আর রাজ্জাকের চোটে কাল একসঙ্গে অভিষেক হলো দুজনের। দ্বিপাক্ষিক সিরিজ-টুর্নামেন্ট মিলিয়ে বাংলাদেশের এটি ৮৩তম ওয়ানডে সিরিজ। আর আল আমিন হোসেন ও আরাফাত সানি বাংলাদেশের ১০৯ ও ১১০তম ওয়ানডে ক্রিকেটার! প্রথম বলেই চার হজম করে পথচলা শুরু আল আমিনের। আরাফাত এক ওভারে গুনেছেন ২৪। তবে এর আগে নিয়েছেন ২ উইকেট, সাঙ্গাকারাকে বধ করে শিকার শুরু করেছেন আল আমিন। সব মিলিয়ে খারাপ হয়নি দুজনের অভিষেক।
ফিল্ডার মুশি
চট্টগ্রাম ছিল ‘বিজ্ঞাপন’, কাল মুশফিক পুরোপুরিই ফিল্ডারের ভূমিকায়। চট্টগ্রামে প্রথম ইনিংসে আঙুলে চোট পাওয়ায় বাইরে চলে যান কিপিং ছেড়ে, দ্বিতীয় ইনিংসে নেমেছিলেন ফিল্ডার হিসেবে। কাল শুরু থেকেই শুধু ফিল্ডার। ওয়ানডেতে কিপিং গ্লাভস ছাড়া মাঠে নামলেন এই নিয়ে মাত্র তিনবার। প্রথমটি ছিল অভিষেক ওয়ানডেতেই, ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে উইকেটের পেছনে দাঁড়িয়েছিলেন খালেদ মাসুদ। চোটের কারণেই ২০১০ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে বেলফাস্টে কিপিং করেননি মুশফিক, গ্লাভস ছিল জহুরুল ইসলামের হাতে। মুশফিকের চোটে দশম ওয়ানডেতে প্রথমবার কিপিংয়ের সুযোগ পেলেন এনামুল হক। ওয়ানডেতে বাংলাদেশের দশম উইকেটকিপারও এনামুল। ২০০৩ সালে দুটি ম্যাচে কিপিং করেছিলেন ওপেনার হান্নান সরকারও! কিপার হিসেবে একটি ক্যাচ আছে এমনকি জুনায়েদ সিদ্দিকেরও। ২০১০ সালে ট্রেন্টব্রিজে মুশফিক চোট নিয়ে বাইরে যাওয়ার পর কিপিংয়ে দাঁড়িয়ে জুনায়েদ নিয়েছিলেন পল কলিংউডের ক্যাচ।
মুশির ক্যাচ
দিলশানের মিসটাইমড পুল মিড অনে হাতে জমালেন মুশফিক, পেয়ে গেলেন প্রথম ক্যাচের স্বাদ! এর আগেও ওয়ানডেতে ৮৯টি ক্যাচ ছিল মুশফিকের, কালকের ক্যাচটি তবু প্রথম। আগের সব ক্যাচই যে ছিল উইকেটের পেছনে! সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৬২টি ক্যাচের আর একটিই ছিল কিপিং গ্লাভস ছাড়া। সেটিও শ্রীলঙ্কার বিপক্ষে, ২০০৬ সালে বগুড়া টেস্টে আশরাফুলের বলে মাহেলা জয়াবর্ধনেকে তালুবন্দী করেছিলেন মিড উইকেটে দাঁড়িয়ে। কাল পরে সরাসরি থ্রোতে একটি রানআউট করেও মুশফিক বুঝিয়ে দিয়েছেন গ্লাভস ছাড়লেও মাঠে তিনি দলের সেরাদের একজন!
নয়ের সেরা
উইকেটের পেছনে ছিলেন দুর্দান্ত। তবে ব্যাটের হাতটা ভালো ছিল না বলে ক্যারিয়ারটা খুব লম্বা হয়নি গাই ডি আলউইসের। ব্যাট হাতেই তবু গর্ব করার মতো একটা কীর্তি ছিল তাঁর। ওয়ানডেতে নয় নম্বরে নেমে ফিফটি করা একমাত্র লঙ্কান ছিলেন তিনিই, ১৯৮৩ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে করেছিলেন ৫৯। কাল ৫৭ বলে ৮০ রানের ইনিংসে সাবেক লঙ্কান কিপারকে ছাড়িয়ে গেলেন থিসারা পেরেরা। সব মিলিয়েই নয়ে নেমে পেরেরার চেয়ে বড় ইনিংস আছে আর মাত্র দুটি। ২০১২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ড্যারেন স্যামি করেছিলেন ৮৪, ২০১১ সালে ভারতের বিপক্ষে স্যামির সতীর্থ আন্দ্রে রাসেল করেছিলেন ৯২। বাংলাদেশের বিপক্ষে নয় নম্বরে আগের সর্বোচ্চ ছিল ২০০৯ সালে রে প্রাইসের ৪৬। রানে ছুঁতে না পারলেও পেরেরা স্যামিকে ছুঁয়েছেন নয়ে নেমে ছয়ের রেকর্ডে। কাল ছয়টি ছয় মেরেছেন পেরেরা, নয়ে নেমে দুবার হাফ ডজন ছক্কা মেরেছেন স্যামি।
নামবিভ্রাট
রিকি পন্টিংয়ের পেছনে লেখা ‘পান্টার’, অ্যাডাম গিলক্রিস্টের পেছনে ‘চার্চ’, মাইকেল ক্লার্কের ‘পাপ’, ব্রেট লি ‘বিঙ্গা’। টি-টোয়েন্টির আঁতুড়ঘরের দিনগুলোয় অস্ট্রেলিয়ানদের জার্সির পেছনে লেখা থাকত ডাকনাম। টি-টোয়েন্টিকে তখন মনে করা হতো ‘ফান ক্রিকেট’। সেই টি-টোয়েন্টিই এখন অনেক সিরিয়াস ক্রিকেট, ওয়ানডে তো ‘ফান ক্রিকেট’ নয় ৩৫ বছর আগে থেকেই। অথচ বাংলাদেশের দুই ওপেনারের জার্সির পেছনে লেখা ডাকনাম। বাংলাদেশের মানুষের অনেকেরই হয়তো ক্রিকেটারদের ডাকনাম জানা। কিন্তু ‘শুভ’ যে আসলে শামসুর রহমান আর ‘বিজয়’ এনামুল হক, টিভি পর্দায় দেখে বুঝতে একটু সমস্যা হওয়ারই কথা আন্তর্জাতিক দর্শকদের!