টুকরো টুকরো ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁরা ছাড়া
অর্জুনা রানাতুঙ্গা তখনো শ্রীলঙ্কার অধিনায়ক, উইকেটের পেছনে রুমেশ কালুভিথারানা। তখনো গ্রেট হয়ে ওঠেননি মুত্তিয়া মুরালিধরন। বলা হচ্ছে, ১৯৯৯ বিশ্বকাপের কথা। স্কোয়াডে থাকলেও ওই বিশ্বকাপের প্রথম ম্যাচে একাদশে জায়গা পাননি ২১ বছরের তরুণ মাহেলা জয়াবর্ধনে। সাঙ্গাকারা-দিলশানের তখন অভিষেকও হয়নি। সেই ছিল শেষবার, শ্রীলঙ্কার একাদশে ছিলেন না জয়াবর্ধনে-সাঙ্গাকারা-দিলশানের কেউ। সময়ের পরিক্রমায় তিনজন হয়ে উঠেছেন লঙ্কান ক্রিকেটের ‘বিগ থ্রি’। ১৯৯৯ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ থেকে কালকের আগ পর্যন্ত শ্রীলঙ্কার খেলা ৪১০টি ওয়ানডের প্রতিটিতেই ছিলেন এই তিনজনের কেউ না কেউ। কাল ছেদ পড়ল ১৫ বছরের ধারাবাহিকতায়। ওই সময়টার সাক্ষী হিসেবেই যেন ১৯৯৯ বিশ্বকাপ স্কোয়াডের চারজন কাল ছিলেন লঙ্কান ড্রেসিংরুমে—সহকারী কোচ মারভান আতাপাত্তু, বোলিং কোচ চামিন্ডা ভাস, ফিল্ডিং কোচ রুয়ান কালপাগে ও নির্বাচক হয়ে আসা প্রমোদ্য বিক্রমাসিংহে। ওই দলের আরও দুজন এখন শ্রীলঙ্কার নির্বাচক—সনাৎ জয়াসুরিয়া ও হাশান তিলকারত্নে।
ভবিষ্যতের ছবি
টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন গত বছর। ২০১৫ বিশ্বকাপের পর সব ধরনের ক্রিকেটকেই বিদায় বলবেন তিলকরত্নে দিলশান। ভবিষ্যৎ ভাবনায় ২০১৫ সালের পর নিজেদের আন্তর্জাতিক ক্রিকেটে দেখছেন না বলে বারবার ইঙ্গিত দিয়েছেন জয়াবর্ধনে-সাঙ্গাকারাও। তো ‘বিগ থ্রি’ ছাড়া কেমন হবে শ্রীলঙ্কা দলের চেহারা? নিকট ভবিষ্যতের সম্ভাব্য ছবিটার ছায়া দেখা গেল কাল। বিশ্রামে ছিলেন কাল লাসিথ মালিঙ্গাও। একাদশে ১০০ ওয়ানডে খেলা একমাত্র ক্রিকেটার ছিলেন শুধু অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। একমাত্র ধাম্মিকা প্রসাদের (৩০ বছর ২৬৮ দিন) বয়সই ছিল ২৭ বছরে বেশি!
পায়ের গোলযোগ
প্রতিভা নিয়ে সংশয় নেই। তার পরও আন্তর্জাতিক ক্রিকেটে কেন পাখা মেলতে পারছেন না এনামুল, সেটির একটি ধারাবাহিক প্রামাণ্যচিত্র হয়ে থাকবে এই ওয়ানডে সিরিজ। অফ স্টাম্পে পিচ করে খানিকটা বেরিয়ে যাওয়া মালিঙ্গার বল জায়গায় দাঁড়িয়ে খেলে স্লিপে ক্যাচ হয়েছেন প্রথম ম্যাচে। পরের ম্যাচে থিসারা পেরেরার ভেতরে ঢোকা বল জায়গায় দাঁড়িয়ে খেলে এলবিডব্লু। কাল প্রসাদের অফ স্টাম্পের বাইরের বল জায়গায় দাঁড়িয়ে খেলে কট বিহাইন্ড। বলের লাইনে পা যায়ই না, কেউ যেন পেরেক ঠুকে তাঁর পা জোড়া আটকে রাখে ক্রিজে! ‘হ্যান্ড-আই কোঅর্ডিনেশনে’ অতিনির্ভরতা যেসব ব্যাটসম্যানের, তাঁদের জন্য ব্যালান্সটা খুব গুরুত্বপূর্ণ। এনামুলের এখানেও গড়বড় হয় প্রায়ই। কালই যেমন শট খেলার সময় পা জোড়া ছিল খানিকটা শূন্যে, নড়ে গেল মাথা!
বৃত্তভাঙা
৩১, ১২, ১, ২৫, ১১, ৩৮, ২৪, ০, ৩১, ৩২, ৪৪, ১৫। কালকের আগে মুমিনুলের পর্যায়ক্রমিক ওয়ানডে স্কোর। ১২ ইনিংসে ১০ বারই ছুঁয়েছেন দুই অঙ্ক, পাঁচবার ছাড়িয়েছেন ত্রিশ। অথচ পঞ্চাশ ছুঁতে পারেননি একবারও! ব্যাটিং-গড় তাই ছিল মাত্র ২২.০০। কাকতালীয়ভাবে মুমিনুলের টি-টোয়েন্টি গড়ও ঠিক ২২! অবশেষে রঙিন পোশাকে প্রথম পঞ্চাশের স্বাদ পেলেন কাল। ব্যাটিং-গড় খানিকটা বেড়ে দাঁড়াল ২৪.৯২। সম্ভাবনাময় ইনিংসটির অপমৃত্যু হলো ভিতানাগের অসাধারণ ফিল্ডিংয়ে। তবে দায় কিছুটা আছে মুমিনুলেরও। আরেকটু দ্রুত কেন দৌড়ালেন না প্রথম রানটির জন্য, কিংবা ভিতানাগের থ্রো ছুটে আসছে দেখেও কেন ডাইভ দিলেন না শেষ মুহূর্তে!
চারবিহীন ছয়
টিম সাউদিকে উড়িয়েছিলেন মিড উইকেট দিয়ে। কালকের আগে ওয়ানডেতে সেটিই ছিল সোহাগ গাজীর একমাত্র ছক্কা। কাল সেনানায়েকের এক ওভারেই মারলেন দুটি ছয়, পরে অ্যাঞ্জেলো ম্যাথুসকে একটি। ২৩ রানের ইনিংসে ছয় তিনটি, কিন্তু চার নেই একটিও! বাংলাদেশের হয়ে এই অভিজ্ঞতা আছে আর কেবল ফরহাদ রেজার। ২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে প্রেমাদাসায় ফরহাদের ২৮ রানের ইনিংসে ছিল ৩ ছক্কা, ছিল না কোনো চার!
শেকড়ে ফেরা
৫৭ ওয়ানডের ক্যারিয়ারে কালকের আগে একবারই ওপেন করেছিলেন লাহিরু থিরিমান্নে। সেই ম্যাচটি নিশ্চয়ই আলাদা জায়গা নিয়ে আছে তাঁর হূদয়ে। সেটিই যে ছিল তাঁর অভিষেক ম্যাচ! মজার ব্যাপার হলো, ম্যাচটি ছিল এই মিরপুরেই। ২০১০ সালে ত্রিদেশীয় সিরিজে ভারতের বিপক্ষে। সেই ম্যাচে শ্রীশান্তের বলে আউট হয়েছিলেন ২২ রান করে। কাল করেছেন ১৮। ড্রাইভ করতে গিয়ে শেষ মুহূর্তে থমকে গিয়ে শর্ট কাভারে ক্যাচ হয়েছেন অফস্পিনার মাহমুদউল্লাহর বলে।
লঙ্কাচূড়া
বাংলাদেশের জন্য বরাবরই বিভীষিকা শ্রীলঙ্কা। এবার সেটার আনুষ্ঠানিক স্বীকৃতিও মিলল রেকর্ড বইয়ে। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে সবচেয়ে বেশি জয় এখন শ্রীলঙ্কার, কালকের জয়ে লঙ্কানরা ছাড়িয়ে গেল পাকিস্তানকে। পাকিস্তানের ৩০ জয় অবশ্য এসেছে ৩১ ম্যাচে, শ্রীলঙ্কার ৩১ জয় ৩৬ ম্যাচে। ২৮ জয় নিয়ে (৫৯ ম্যাচে) তিনে জিম্বাবুয়ে।
আরিফুল ইসলাম