টুকরো টুকরো ছবি
উৎসবের রং
দু-তিন ধরেই শোনা যাচ্ছিল টিকিটের জন্য হাহাকার। দর্শক আগ্রহের প্রমাণ মিলে গেল কাল সাতসকালেই। খেলা শুরুর দেড় ঘণ্টা আগে থেকেই শেখ আবু নাসের স্টেডিয়ামের সবগুলো গেটের সামনে লম্বা লাইন। হাতে দেশের পতাকা, ছোট-বড়। পতাকা আঁকা গালে-কপালে, বাঁধা মাথায়। কারও হাতে ঢোল, কারও খোল। বিচিত্র সব বাঁশি তো ছিলই। ছিল বাহারি পোশাক। খেলা শুরুর আগে ওড়ানো হলো রংবেরঙের বেলুন। শেষ পর্যন্ত অবশ্য গ্যালারি পুরো ভরল না। তবে উৎসবের কমতি ছিল না।সাদা পোশাকের ক্রিকেটও উৎসব হলো রঙিন।
স্মৃতিতে মানজারুল
‘মানজারুল ইসলাম রানা স্ট্যান্ড।’ দুই বছর আগে প্রেস বক্সের পাশের গ্যালারি যখন নামকরণ করা হলো অকালপ্রয়াত ক্রিকেটারের নামে, তখন এক লাইনে লম্বা করে শুধু লেখা ছিল অতটুকুই। বছর খানেক পরে ঘূর্ণিঝড়ে উড়ে যায় ঘরের ছেলের ওই নামফলক। পরে সেই নামফলক সরিয়ে এখন বসানো হয়েছে আরও টেকসই ও বড় একটি নামফলক। দুই লাইনে বড় করে মানজারুলের নামই শুধু লেখা নেই তাতে, আছে জন্ম-মৃত্যু সাল। নামের পাশে সদাহাস্য মানজারুলের একটি ছবি।
হতাশার প্রহর
দিনের শুরুতেই একটি রিভিউ নিয়ে সফল হয়েছিল জিম্বাবুয়ে। লাঞ্চের পর পর মুশাঙ্গুয়েকে সুইপ করতে গিয় ব্যাটে-বলে হলো না মুমিনুলের। আম্পায়ার এলবিডব্লুর আবেদনে সাড়া দেননি, জিম্বাবুয়ে সাহস করে নেয়নি রিভিউ। বড় পর্দায় রিপ্লে দেখে টেলরের মাথায় হাত। রিভিউ নিলেই আউট হতেন মুমিনুল! এই বেঁচে যাওয়া মুমিনুল উদ্যাপন করলেন দারুণ এক কাট শটে পয়েন্ট দিয়ে চার মেরে। পরের ওভারে চিগুম্বুরার বল লাগল তামিম ইকবালের প্যাডে। এবার রিভিউ নিয়ে ভুল করলেন টেলর! বল লেগ স্টাম্পের বাইরে পিচ তো করেছেই, চলে যেত স্টাম্পের ওপর দিয়েও। এই ‘ডাবল’ যন্ত্রণার ক্ষতে তামিম আরেকটু খোঁচা দিলেন এক বল পরই, দুর্দান্ত এক কভার ড্রাইভে চার মেরে!
ইদানীং তামিম
তামিমের ব্যাটের ভাষা বদলে গেছে বেশ কিছুদিনই। এই তো, মিরপুর টেস্টের আগের টেস্টে, সেন্ট লুসিয়ায় ফিফটি করেছিলেন ১৪৬ বলে! ২০১১ সালে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করা ১৩৩ বলের ফিফটিকে ছাপিয়ে সেটি ছিল তামিমের মন্থরতম ফিফটি। কাল ১৬৯ বলে ফিফটি ছুঁয়ে ছাড়িয়ে গেলেন সেন্ট লুসিয়াকেও! টেস্টে বাংলাদেশের মন্থরতম ফিফটি অবশ্য এটি নয়। অভিষেক টেস্টে আমিনুল ইসলাম তাঁর সেই ১৪৫ রানের ইনিংসের পথে পঞ্চাশ ছুঁয়েছিলেন ১৭৯ বলে। ২০০১ সালে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে ৩২২ বলে ৮০ রানের ইনিংসে পথে ফিফটি ছুঁতে জাভেদ ওমরের লেগেছিল ১৯৪ বল। আর ২০০৩ সালে করাচিতে পাকিস্তানের বিপক্ষে ২৩৫ বলে ৬০ রানের ইনিংসে রাজিন সালেহ ফিফটি ছুঁয়েছিলেন ২০৪ বলে! তবে আরেকটি ইনিংসকে এখানে উল্লেখ করাই যায়। ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে জাভেদ ওমর আউট হয়েছিলেন ২৫৮ বলে ৪৩ করে!
তামিমের প্রথম
ক্যারিয়ারে নিজের মন্থরতম অর্ধশতকটি জিম্বাবুয়ের বিপক্ষে তামিমের প্রথম ফিফটিও। যে আটটি দেশের বিপক্ষ টেস্ট খেলেছেন তামিম, ফিফটি ছুঁতে পারেননি এখন পর্যন্ত পাকিস্তান (২ টেস্ট) ও দক্ষিণ আফ্রিকার (৪ টেস্ট) বিপক্ষে।
নিজেকে ছাড়িয়ে
রানসংখ্যা এখনো তিন অঙ্ক না ছুঁলেও বলসংখ্যায় তামিম কাল ছুঁয়েছেন একটি মাইলফলক। ক্যারিয়ারে এই প্রথম খেললেন ২৫০ বল। ২০০৯ সালে সেন্ট ভিনসেন্টে খেলা ২৪৩ বল ছিল আগে সর্বোচ্চ। সারা দিন ব্যাট করেছেন, বলাই বাহুল্য এত দীর্ঘ সময় আগে কখনো উইকেটেও কাটাননি তামিম। সেন্ট ভিনসেন্টে ২৪৩ বল খেলা ওই ইনিংসে উইকেটে ছিলেন ৩১১ মিনিট। গত বছর মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে ২১৮ বলে ৭০ রানের ইনিংসে উইকেটে ছিলেন ৩০২ মিনিট। আর এই ইনিংসে কাল পর্যন্ত ছিলেন ৩৬৫ মিনিট, দেখা যাক আজ যেতে পারেন কত দূর!
আরিফুল ইসলাম