টুকরো টুকরো ছবি

অভিষেক পর্ব—১
তাঁর সময়ে ঘটা করে টেস্ট ক্যাপ তুলে দেওয়ার রীতি ছিল না। তার ওপর সেটি ছিল দেশেরই অভিষেক টেস্ট, একসঙ্গে ক্যাপ পেয়েছিলেন ১১ জন। স্বপ্নের টেস্ট ক্যাপটা তাই সাদামাটাভাবেই হাতে পেয়েছিলেন আকরাম খান। তবে কাল অন্তত সেই রোমাঞ্চের কিছুটা স্বাদ অন্যভাবে পেলেন সদ্য সাবেক প্রধান নির্বাচক। নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশের চট্টগ্রাম পর্বের ম্যানেজার কাল টেস্ট ক্যাপ তুলে দিলেন মার্শাল আইয়ুবকে। মার্শালের স্বপ্নপূরণের মুহূর্তটা নিশ্চিতভাবেই আরও স্মরণীয় হয়ে থাকবে সাবেক অধিনায়কের কাছ থেকে ক্যাপ পেয়ে! বাংলাদেশের ৬৯তম টেস্ট ক্রিকেটার মার্শাল। নিউজিল্যান্ডের দুই অভিষিক্ত কোরি অ্যান্ডারসন ও ইশ সোধি টেস্ট ক্যাপ পেয়েছেন অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের কাছ থেকে। অ্যান্ডারসনের টেস্ট ক্যাপ নম্বর ২৬১, সোধির ২৬২।
অভিষেক পর্ব—২
৮০ টেস্টে ৬৯ ক্রিকেটার—বাংলাদেশের ক্রিকেটারদের মানটা যেমন বুঝিয়ে দেয় এই তথ্য, তেমনি ফুটিয়ে তোলে নানা সময়ের নির্বাচকদের ভাবনার অস্থিরতাও। তবে বাংলাদেশকে গিনিপিগ বানিয়ে প্রতিপক্ষ দলগুলো পরীক্ষা-নিরীক্ষাও কম করেনি! এই ৮০ টেস্টে তাই বাংলাদেশের বিপক্ষেও অভিষেক হয়েছে ৬১ জনের! বাংলাদেশের অভিষেক টেস্টেই অভিষেক হয়েছিল ভারতের শিবসুন্দর দাস, সাবা করিম ও জহির খানের। জহিরের মতো পরে বিখ্যাত হয়ে যাওয়া অনেকের যেমন টেস্ট অভিষেক হয়েছে বাংলাদেশের বিপক্ষে, তেমনি অভিষেক হয়েছিল ব্রাইটন ওয়াতামবাওয়া, সুজীবা ডি সিলভা, ফারহান আদিল, ইয়াসির আলী, মার্টিন স্যাগারস, ড্যান কালেন, রায়ান অস্টিন, ওমারি ফিলিপসের মতো বিস্মৃতপ্রায় নামগুলোরও।
অভিষেক পর্ব—৩
শুধু প্রতিপক্ষ দলগুলো কেন, আইসিসির কাছেই তো বাংলাদেশ এক আদর্শ গিনিপিগ। আনকোরা আম্পায়ারদের অভিষেকের জন্য বারবারই বেছে নেওয়া হয় বাংলাদেশকে। কাল যেমন টেস্ট আম্পায়ারিংয়ে অভিষেক হলো ভারতের সুন্দরম রবির। অবিশ্বাস্য হলেও সত্যি, টেস্ট ক্রিকেটে ১৩ বছরের পথচলায় বাংলাদেশ আম্পায়ারের অভিষেক দেখেছে ১৫ টেস্টে!
প্রথম বল
মৌসুমের প্রথম হোক বা কোনো মাঠের বা ম্যাচের—প্রথম বল নিয়ে আগ্রহ থাকে সব সময়। এই টেস্টের প্রথম বলটি নিয়ে আগ্রহ আরও বেশি ছিল একেবারেই নতুন উইকেট বলে। কিন্তু বেশির ভাগ সময়ই যেমন হয়, আগ্রহের তুলনায় প্রথম বলটি হলো একদমই সাদামাটা। রবিউল ইসলাম লেংথ বল করলেন লেগ স্টাম্পের বাইরে। অলস ফ্লিকে বলে ব্যাট ছোঁয়াতে পারলেন না পিটার ফুলটন।
পলক ফেলতেই ওভার
ষষ্ঠ ওভারেই আক্রমণে স্পিন, নবম ওভারেই দ্বিতীয় স্পিনার। স্পিনে রানও খুব বেশি হচ্ছিল না। একেকটি ওভার শেষ হচ্ছিল যেন চোখের পলকে। মন্থর ওভার রেটের শাস্তি দিন দিন আরও কড়া করছে আইসিসি। কিন্তু বাংলাদেশ অধিনায়কের সেই ভাবনায় বুঝি কখনোই পড়তে হবে না। কাল যেমন প্রথম ঘণ্টাতেই বাংলাদেশ করে ফেলল ১৮ ওভার! কোনো রকম ঝুঁকি ছাড়াই বলা যায়, ম্যাচের প্রথম ঘণ্টায় ১৮ ওভার বোলিং নিকট অতীতে আর হয়নি!
বোলার মার্শাল
ঘরোয়া ক্রিকেটে রানবন্যা বইয়ে দিয়ে জাতীয় দলে এসেছেন। তবে বোলিংয়ের হাতটাও খারাপ নয় মার্শাল আইয়ুবের। খণ্ডকালীন লেগ স্পিনে টুকটাক উইকেট পান নিয়মিতই। যদিও মার্শালের বোলিং নিয়ে সবার আগে চলে আসে সেই ছয় ছক্কার স্মৃতি। মার্শালের এক ওভারে ছয় ছক্কা মেরেই ‘ছক্কা-নাঈম’ নাম পয়ে গিয়েছিলেন নাঈম ইসলাম। টেস্ট ক্রিকেটে প্রথম দিনেও ব্যাটসম্যান মার্শালের আগে পাওয়া গেল বোলার মার্শালকে। ফুলটন-উইলিয়ামসনের জুটি ভাঙতে মার্শালের হাতে বল তুলে দেন মুশফিকুর রহিম। তবে স্নায়ুচাপে বল ফেলতে পারছিলেন না জায়গামতো। ২ ওভারে ১৫ দেওয়ার পর আর তাই আপাতত ‘স্থগিত’ মার্শালের বোলার সত্তা।
সৌভাগ্যের উইকেট
ক্যারিয়ারের শুরুর দিকে উইকেট পাওয়ার পর ‘ডিএক্স চপ’ উদ্যাপনের জন্য খানিকটা সমালোচিত হয়েছিলেন নাসির হোসেন। কাল দেখালেন উদ্যাপনের আরেক রূপ। পিটার ফুলটনের উইকেট পাওয়ার পর সতীর্থদের দিকে ছুট, আঙুল উঁচিয়ে দুহাত ছুড়লেন বাতাসে। এরপর দাঁতে জিব কামড়ে মাথায় হাত! কারণটা জানালেন দিন শেষে, ‘বলটা খুব বাজে ছিল, ভেবেছিলাম চার মেরে দেবে। উল্টো দিল ক্যাচ!’
শেষের ছন্দপতন
লাঞ্চের সময় নিউজিল্যান্ডের রান ছিল ১ উইকেট ৯৩। চা-বিরতির সময় স্কোর ঠিক দ্বিগুণ—২ উইকেটে ১৮৬! এই ধারায় তৃতীয় সেশন শেষে রান হওয়ার কথা ৩ উইকেটে ২৭৯। দিনটা তাহলে পুরোপুরিই হতো নিউজিল্যান্ডের। সেটা হতে দেয়নি বাংলাদেশ। নিউজিল্যান্ড ১ রান বেশি করেছে, তবে বাংলাদেশ তুলে নিয়েছে আরও ৩ উইকেট!
l আরিফুল ইসলাম