টুকরো টুকরো ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মমিনুলের চুল নিয়ে নাসিরের এই গবেষণা কাল পানি পানের বিরতিতে ষ প্রথম আলো
মমিনুলের চুল নিয়ে নাসিরের এই গবেষণা কাল পানি পানের বিরতিতে ষ প্রথম আলো

সৌরভের গৌরব
৫ ফুট সাড়ে ৩ ইঞ্চি উচ্চতা। শরীর-স্বাস্থ্যও চোখে পড়ার মতো নয়। অথচ ব্যাট হাতে ২২ গজে মমিনুল হকের হাত থেকে বেরোনো সব স্ট্রোক রীতিমতো চমকে দেওয়ার মতো। উচ্চতায় নিজের কোনো হাত নেই। নিজের হাতে যেটা ছিল, মমিনুল তা দারুণভাবেই করে চলেছেন। হীনম্মন্যতায় না ভুগে এগিয়ে চলেছেন সব বাধা পেরিয়ে। নেতিবাচকতাকে পরিণত করেছেন ইতিবাচক অর্জনে। মমিনুলই এখন টেস্ট ইতিহাসের সবচেয়ে খর্বকায় সেঞ্চুরিয়ান! আগের রেকর্ডটি কার ছিল, সেটি খুব সহজেই অনুমান করতে পারেন। মুশফিকুর রহিমের উচ্চতা যে মমিনুলের চেয়ে মাত্র আধা ইঞ্চি বেশি! মমিনুল-মুশফিকের অনুপ্রেরণা হতে পারেন কিন্তু টেস্ট ক্রিকেটের সবচেয়ে খর্বকায় ক্রিকেটারটিও। নাম টিচ ফ্রিম্যান। মাত্র ১২ টেস্ট খেলে নিয়েছেন ৬৬ উইকেট, প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনি ইতিহাসের দ্বিতীয় সফলতম বোলার। ৫৯২ ম্যাচে নিয়েছেন ৩৭৭৬ উইকেট! এই ইংলিশ লেগ স্পিনারের উচ্চতা ছিল ৫ ফুট ২ ইঞ্চি!
দুঃস্বপ্নের প্রহর
কথায় আছে দুঃসময় আসে দল বেঁধে। ব্রুস মার্টিন সেটি কাল হাড়ে হাড়ে টের পেলেন। ব্যাট হাতে নাইটওয়াচম্যান হিসেবে নেমে আউট হয়েছেন মাত্র ১ রানে। দলের এক নম্বর স্পিনার, অথচ তাঁর বোলিংয়ে সেই প্রতিফলন নেই। বরং ঝড়টা সবচেয়ে বেশি সইতে হয়েছে মার্টিনকেই। একটি উইকেট পাওয়ার সুযোগ তবু এসেছিল, যেটি পায়ে ঠেলেছেন নিজেই। ৬৫ রানে থাকা সোহাগ সোজা ব্যাটে খেললেন সহজ ফুস টস, আলতো শটে দিলেন ফিরতি ক্যাচ। কিন্তু খারাপ সময়ে যে পক্ষে থাকে না কিছুই! লোপ্পা ক্যাচটিও হাত লাগিয়ে ফেলে দিলেন মার্টিন।

শেষের লড়াই

চোটের কারণে বেশ কিছুদিন ধরেই দৃশ্যপটের আড়ালে আবুল হাসান। তবে তাঁর কীর্তি এখনো তরতাজা বাংলাদেশের ক্রিকেটে। গত নভেম্বরে অভিষেক টেস্টেই দশে নেমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেছিলেন অভাবনীয় এক সেঞ্চুরি। ওই ইনিংসের পথে নবম উইকেটে জুটিতে মাহমুদউল্লাহর সঙ্গে গড়েছিলেন ১৮৪ রানের জুটি। কাল সোহাগ ও রবিউলের সৌজন্যে নবম উইকেট জুটিতে আরেকটি শতরানের জুটি পেল বাংলাদেশ। দুজনে মিলে গড়েছেন ১০৫ রানের জুটি। সব মিলিয়ে নবম উইকেটে এটি ৪৯তম শতরানের জুটি। প্রথমটি ছিল সেই ১৮৮৪ সালে, ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের উইলিয়াম স্কটন ও ওয়াল্টার রিডের ১৫১।

দাপুটে লিড

খুব বেশি দিন হয়নি, কোনো টেস্টে বাংলাদেশের লিড নেওয়া ছিল বড় একটা খবর। ব্যক্তিগত সেঞ্চুরি বা ৫ উইকেট নেওয়া এখন আর যেমন খুব বড় কিছু নয়, তেমনি খুব আলোড়ন তোলে না লিড নেওয়াও। শেষ পর্যন্ত ম্যাচের ফল যা-ই হোক, গত কিছুদিনে প্রথম ইনিংসে লিড নিয়েছে বেশ কবারই। নিল কালও। সময়ের প্রতীকী হয়েই যেন লিড নেওয়া হলো দাপুটে এক শটে। রান যখন ৪৬৭, কেন উইলিয়ামসনকে ডাউন দ্য উইকেটে লং অন দিয়ে উড়িয়ে বাংলাদেশকে লিড এনে দিলেন সোহাগ গাজী।

ব্রেসওয়েলের ফিফটি

আগের দিন টেস্ট উইকেটের ফিফটি ছুঁয়েছিলেন ট্রেন্ট বোল্ট। কাল রবিউল ইসলামকে ফিরিয়ে ৫০তম টেস্ট উইকেট পেয়ে গেলেন বোল্টের নতুন বলের সঙ্গী ডগ ব্রেসওয়েলও। বোল্টের এটি ১৬তম টেস্ট, ব্রেসওয়েলের ১৭তম। তবে ৫ উইকেট দুজনেরই দুবার করে। ব্রেসওয়েলের শুরুটা যেভাবে ছিল, তাতে এই মাইলফলক ছোঁয়ার কথা ছিল আগেই। অভিষেক টেস্টে পেয়েছিলেন ৬ উইকেট, তৃতীয় টেস্টেই ৯ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের নায়ক। প্রথম ৫ টেস্টে ছিল ২৬ উইকেট। কিন্তু উপমহাদেশে আসতেই তিনি নির্বিষ। ভারতে ২ টেস্টে পেয়েছেন ৩ উইকেট, শ্রীলঙ্কায় ২ টেস্টে দুটি। ৫০ ছুঁতে তাই এত অপেক্ষা!

‘সোনায় বাঁধানো হাত’

নিয়মিত বোলার না হয়েও ব্রেক থ্রু এনে দেওয়ার বিশেষ ক্ষমতা থাকলে ক্রিকেটীয় পরিভাষায় তাঁকে সাধারণ ‘গোল্ডেন আর্ম’ বলে। তবে এই ইংরেজি বিশেষণের চেয়ে বাংলায় ‘সোনায় বাঁধানো হাত’ শুনতে ভালো লাগে অনেক বেশি। এই টেস্টে বাংলাদেশের এই সোনার হাত যেন নাসিরের। প্রথম ইনিংসে বল হাতে পেয়ে প্রথম ওভারেই পিটার ফুলটনকে ফিরিয়ে ভেঙেছিলেন ১২৬ রানের দ্বিতীয় উইকেট জুটি। কাল উদ্বোধনী জুটিটা জমে যেতেই ‘সোনায় বাঁধানো হাতে’ বল তুলে দিলেন মুশফিক। এবারও প্রথম ওভারেই হামিশ রাদারফোর্ডকে ফিরিয়ে নাসির সরালেন পথের কাঁটা!

আরিফুল ইসলাম