টুকরো টুকরো ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শম্বুক

পঞ্চাশের নিচে স্ট্রাইকরেট একসময় টেস্ট ক্রিকেটের জন্য আদর্শ মনে করা হতো। এখন ওভারপ্রতি রান তিনের কম বা স্ট্রাইকরেট এত কম থাকাকে মনে করা হয় প্রস্তর যুগের ব্যাটিং। পিটার ফুলটনকে সেই হিসেবে বলা যায় প্রস্তর যুগের ব্যাটসম্যান। টেস্টে পঞ্চাশ ছাড়ানো স্কোর আছে তাঁর ছয়টি। সবগুলোই পঞ্চাশ ছুঁতে লেগেছে একশর বেশি বল। মজার ব্যাপার, সময়ের সঙ্গে সঙ্গে তিনি যেন মন্থর হয়ে পড়ছেন আরও! প্রথম ফিফটি ছিল ১০৪ বলে, পরেরটি ১৫৩ বলে। এরপর ১০৯ ও ১২০ বলে। এই টেস্টেও প্রথম ইনিংসে ১৫৬ বলে, কাল ১৫৭ বলে! চট্টগ্রাম টেস্ট শুরু করেছিলেন ৪২.৩৯ ক্যারিয়ার স্ট্রাইকরেট নিয়ে, এই টেস্ট শেষে তা ৪০.৮১!

অদ্ভুতুড়ে

শর্ট লেগের পকেটে ক্যাচ, রান নেওয়ার সময় উইকেটের ফাটলে ব্যাট আটকে রান আউট, ব্যাটের কানা ভেঙে বেল ফেলে দেওয়া বা মাথার ক্যাপ কিংবা হেলমেট খুলে স্টাস্পের ওপর পড়া—ভুতুড়ে আউট কম দেখেনি ক্রিকেট। এই তালিকায় কাল যোগ হলো আরেকটি। যেভাবে খেলছিলেন, মনে হচ্ছিল উইলিয়ামসনকে আউট করতে প্রয়োজন সৌভাগ্যের বিশেষ ছোঁয়া। সেই সৌভাগ্য এল এনামুল হকের হাত (পড়তে হবে ‘পা’) ধরে। সোহাগের শর্ট বলকে হাঁটু গেড়ে পুল ও সুইপের মাঝামাঝি কিছু একটা খেললেন। নিজেকে বাঁচাতে লাফ দিলেন এনামুল, বল আটকে গেল দুই ঊরুর মাঝখানে!

অম্লমধুর

প্রথম ইনিংসে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছিলেন আটে নেমে। কাল মুদ্রার উল্টো পিঠটাও দেখা হয়ে গেল বিজে ওয়াটলিংয়ের। আউট হলেন প্রথম বলেই! প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে খালি হাতে বিদায় অবশ্য খুব কম দেখেনি টেস্ট ক্রিকেটে, ওয়াটলিংয়ের আগেই এই স্বাদ পেয়েছেন ৭৯ জন! নিউজিল্যান্ডের হয়ে আগে এই অভিজ্ঞতা ছিল গ্রাহাম ডাওলিং, ব্রায়ান হেস্টিংস, মার্টিন ক্রো, জন রাইট, ক্রেগ ম্যাকমিলান, স্টিভেন ফ্লেমিং, মার্টিন গাপটিল ও ডিন ব্রাউনলির।

ক্যালিসের দীর্ঘশ্বাস

ভাবছেন বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে জ্যাক ক্যালিস এলেন কীভাবে? সোহাগ গাজীর সৌজন্যেই আসলে কাল উঠে এল ক্যালিসের নামও। সোহাগের আগে একই ম্যাচে সেঞ্চুরি ও হ্যাটট্রিক কীর্তির কাছাকাছি গিয়েছিলেন অনেকেই। তবে সবচেয়ে কাছাকাছি যান ক্যালিসই। ২০০২ সালে বাংলাদেশের বিপক্ষে পচেফস্ট্রুমে ব্যাট হাতে অপরাজিত ১৩৯ করার পর বল হাতে দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন ৫ উইকেট। এর মধ্যে চার বলে নিয়েছিলেন তিন উইকেট। রফিকুল ইসলাম ও খালেদ মাসুদকে টানা দুবলে আউট করে একবল পরই ফেরালেন তাপস বৈশ্যকে। মাঝের ওই এক বলে বাঁহাতি পেসার মঞ্জুরুল ইসলাম নিয়েছিলেন ৩ রান। সোহাগের কীর্তিটা জানার পর ওই আক্ষেপ মনে করে আবার দীর্ঘশ্বাস ফেলতেই পারেন ক্যালিস!

অতিথিসেবা

প্রথম ইনিংসে রামধোলাই হয়েছিলেন ব্রুস মার্টিন। নিউজিল্যান্ডের মূল স্পিনারের প্রতি তাই বুঝি মায়া হলো ক্রিকেট-বিধাতার। অতিথিসেবায় হাত বাড়ালেন বাংলাদেশের দুই ওপেনারও। সান্ত্বনার দুটি উইকেট উপহার দিলেন মার্টিনকে। অফ স্টাম্পের বাইরে শর্ট পিচ বল জায়গায় দাঁড়িয়ে খেলে কভারে সহজ ক্যাচ তুলে দিলেন এনামুল। তামিমও ক্যাচ দিলেন কভারে, এটি আরও দৃষ্টিকটু। অফ স্টাম্পের দুই হাত বাইরের বলকে অনেক চেষ্টা করে শরীরের সমস্ত শক্তি দিয়ে হাঁকিয়ে তুলে দিলেন লোপ্পা ক্যাচ!

ছক্কা-বৃষ্টি

সোহাগের সৌজন্যে ক্রিকেট ইতিহাসে এমনিতেই স্থায়ী জায়গা পেয়ে গেছে এই ম্যাচ। তবে অনেকের প্রচেষ্টায় আরেকটা বিশ্ব রেকর্ডও ছুঁয়ে ফেলেছে চট্টগ্রাম টেস্ট। এমনিতে এই টেস্টে এক-দুই-তিনটি করে ছক্কা মেরেছেন অনেকেই। আর এই পরিক্রমায় ম্যাচে ছক্কার সংখ্যা ২৭টি! এক টেস্টে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এটিই। চট্টগ্রাম টেস্ট ছুঁয়েছে ২০০৬ সালে ভারত-পাকিস্তানের ফয়সালাবাদ টেস্টকে। দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার ম্যাচেও আছে নিউজিল্যান্ডের নাম, ২০০২ সালে ইংল্যান্ডের সঙ্গে ক্রাইস্টচার্চ টেস্টে হয়েছিল ২৩ ছক্কা।

আরিফুল ইসলাম