টুকরো টুকরো ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উইলিয়ামসনের ক্যাচটা ধরতে পারলেন না মুশফিকুর রহিম। ক্যাচের সঙ্গে কি হাত গলে বেরিয়ে গেল ম্যাচটাও?  প্রথম আলো
উইলিয়ামসনের ক্যাচটা ধরতে পারলেন না মুশফিকুর রহিম। ক্যাচের সঙ্গে কি হাত গলে বেরিয়ে গেল ম্যাচটাও? প্রথম আলো

‘প্রায়’ আউট
কাল সকালে বাংলাদেশ পড়েছিল ‘প্রায়’-এর পাল্লায়। সাতসকালেই কিউই ব্যাটসম্যানরা আউট হতে হতে বেঁচে গেলেন তিনবার! দিনের দ্বিতীয় ওভারেই সাকিবের বলে রস টেলরের ব্যাটের কানা নিল বল। কিন্তু স্লিপে ডাইভ দিয়েও হাতে জমাতে পারলেন না নাসির। খানিক পর রুবেলের বাউন্সারে কোরি অ্যান্ডারসনের গ্লাভস ছুঁয়ে আসা বলকে একটুর জন্য ক্যাচ বানাতে পারলেন না মুশফিকুর রহিম। সোহাগ গাজীর বলে কেন উইলিয়ামসনের ক্যাচটি তো ছেড়েই ছিলেন মুশফিক। প্রভাতের পূর্বাভাসের মতো চলল যেন বাকি দিনও। এক অ্যান্ডারসনেরই ব্যাটের কানা নিয়ে বল স্লিপ-গালির ফাঁক গলে বা পাশ দিয়ে বেরিয়ে গেল চার-চারবার!

চারে চার
নিউজিল্যান্ডের প্রথম চার ব্যাটসম্যান সাকিব আল হাসানের শিকার! ক্যারিয়ারে এই প্রথমবার প্রতিপক্ষের প্রথম ৪ উইকেট নিলেন সাকিব। বাংলাদেশের আর মাত্র দুজন বোলারের আছে এই কীর্তি। দুটিই জিম্বাবুয়ের বিপক্ষে। প্রথমবার নিয়েছিলেন এনামুল হক জুনিয়র, ২০০৫ সালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে আউট করেছিলেন স্টুয়ার্ট মাতসিকেনেরি, বার্নি রজার্স, ডিওন ইব্রাহিম ও ব্রেন্ডন টেলরকে। গত এপ্রিলে এনামুলকে ছাপিয়ে আরও দুই ধাপ এগিয়ে গিয়েছিলেন রবিউল ইসলাম। হারারেতে নিয়েছিলেন প্রথম ৬ উইকেট—ভুসি সিবান্দা, হ্যামিল্টন মাসাকাদজা, টিমাইসেন মারুমা, ম্যালকম ওয়ালার, এলটন চিগুম্বুরা ও রিচমন্ড মুতুম্বামি।

পাঁচের গেরো
নিউজিল্যান্ডের পঞ্চম উইকেট জুটি বাংলাদেশের পুরোনো গেরো। দুই দলের প্রথম টেস্টেই বাংলাদেশকে পিষ্ট করেছিল কিউই পঞ্চম উইকেট জুটি। ২০০১ সালে হ্যামিল্টনের প্রথম সকালে ৫১ রানে নিউজিল্যান্ডের ৪ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। লু ভিনসেন্ট ও স্টিভেন ফ্লেমিংকে ফিরিয়েছিলেন মাশরাফি মুর্তজা, ম্যাথু সিনক্লেয়ার ও নাথান অ্যাস্টলকে ফিরিয়েছিলেন মঞ্জুরুল ইসলাম। কিন্তু পঞ্চম উইকেটে মার্ক রিচার্ডসন (১৪৩) ও ক্রেইগ ম্যাকমিলান (১০৬) গড়েছিলেন ১৯০ রানের জুটি। ঠিকই বড় স্কোর গড়ে ইনিংসে জিতেছিল নিউজিল্যান্ড। ২০০৮ সালে ডানেডিনে নিউজিল্যান্ড ৪ উইকেট হারিয়েছিল ১২১ রানে। ম্যাথু বেল (১০৭) ও জ্যাকব ওরাম (১১৭) পঞ্চম উইকেটে গড়েন ১৩৯ রানের জুটি। নিউজিল্যান্ড জিতেছিল ৯ উইকেটে। কাল নিউজিল্যান্ডকে বিপদ থেকে উদ্ধার করল উইলিয়ামসন-অ্যান্ডারসনের ১৪০ রানের জুটি। এবার কি ম্যাচের ফলটা বদলে দিতে পারবে বাংলাদেশ?

পঞ্চাশে পঞ্চাশ
৫০তম টেস্ট খেলতে নামা রস টেলর কাল করেছেন ফিফটি। শততম টেস্টে সেঞ্চুরি করার কীর্তিও আছে সাতজনের। ফিফটি টেস্টে ফিফটির কীর্তি যে আরও অনেক বেশি, সেটা সহজেই অনুমেয়। এক নিউজিল্যান্ডের হয়ে ৫০তম টেস্ট খেলতে নামা ১৮ জনের আটজনই ছুঁয়েছেন ফিফটি! স্টিভেন ফ্লেমিংয়ের ছিল ৬০, অ্যাডাম প্যারোরের ৭৩, ক্রিস কেয়ার্নসের ৭৩, জন রিড ও ক্রেইগ ম্যাকমিলান করেছিলেন ৮২ রান। আর ফিফটি পেরিয়েও অনেক দূর এগিয়ে গিয়েছিলেন ব্রেন্ডন ম্যাককালাম ও জন রাইট। ৫০তম টেস্ট খেতে নেমে এই বাংলাদেশের বিপক্ষেই ম্যাককালাম করেছিলেন ১৮৫। জন রাইট টেস্ট খেলার ফিফটি উদ্যাপন করেছিলেন ৭৫ ও ১৩৮ রান করে।

বাঁ হাতে পাঁচ
মোহাম্মদ রফিককে পেছনে ফেলে বাংলাদেশের রেকর্ড গড়েছেন বেশ আগেই। সাকিব আল হাসানের দৃষ্টি এখন বিশ্ব রেকর্ডের দিকে। কাল সেদিকে এগোলেন আরেক ধাপ, দশমবারের মতো পেলেন টেস্টে ৫ উইকেট। আর একসঙ্গে পেছনে ফেললেন তিন ইংলিশ বাঁহাতি স্পিনারকে। কলিন ব্লাইথ, জনি ব্রিগস ও টনি লক ৫ উইকেট পেয়েছিলেন ৯ বার করে। বাঁহাতি স্পিনে সবচেয়ে বেশিবার ৫ উইকেটের তালিকায় সাকিব এখন ছয়ে। ১২ বার নিয়ে ঠিক ওপরেই মন্টি পানেসার, ১৪ বার নিয়েছেন বিষেন সিং বেদি, ১৬ বার রঙ্গনা হেরাথ ও ১৭ বার ডেরেক আন্ডারউড। আর ২০ বার ৫ উইকেট নিয়ে সবার ওপরে ড্যানিয়েল ভেট্টোরি।

গোপন চুক্তি!
চট্টগ্রামে অভিষিক্ত মার্শাল আইয়ুবকে আউট করে প্রথম টেস্ট উইকেটের স্বাদ পেয়েছিলেন কোরি অ্যান্ডারসন। বলা ভালো, উইকেটটি উপহার দিয়েছিলেন মার্শাল। সাড়ে তিন ঘণ্টা উইকেটে কাটানোর পর আউট হয়েছিলেন স্টাম্পের অনেক বাইরের বল তাড়া করে। কাল দ্বিতীয় টেস্ট খেলতে নেমে সেই অ্যান্ডারসন পেলেন প্রথম সেঞ্চুরি। এরপর প্রথম উইকেটের স্বাদ উপহার দিলেন অভিষিক্ত আল আমিন হোসেনকে! আল আমিনের নিরীহ এক বলে ড্রাইভ করতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করে তুলে দিলেন এক্সট্রা কভারে। কে জানে, এই সিরিজের নবীনদের মধ্যে কোনো ‘জেন্টেলমেন’স অ্যাগ্রিমেন্ট’ আছে কি না!
 আরিফুল ইসলাম