টুকরো টুকরো ছবি

অচেনা অস্ত্র
ব্যাটিং-বোলিং পারফরম্যান্সের মতো বাংলাদেশের ফিল্ডিংও অননুমেয়। কোনো কোনো দিন খুব ভালো, কখনো একদমই গড়পড়তা। আর সরাসরি থ্রোতে রান আউটে তো কখনোই ভালো নয় বাংলাদেশ। তবে কাল অনিয়মিত অস্ত্রেই মিলল উদ্ধার। গলার কাঁটা হয়ে থাকা বিজে ওয়াটলিং ও ইশ সোধির জুটি ভাঙল মমিনুলের সরাসরি থ্রোতে সোধির আউটে। সর্বশেষ সরাসরি থ্রোতে বাংলাদেশ কাউকে রান আউট করেছিল ৯ টেস্ট আগে। ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই মিরপুরেই নাঈম ইসলাম রান আউট করেছিলেন ক্রেইগ ব্রাফেটকে।
জুটির রেকর্ড
গত টেস্টেই মার্শাল আইয়ুবকে নিয়ে তৃতীয় উইকেট জুটির রেকর্ড গড়ার খুব কাছাকাছি গিয়েছিলেন মমিনুল হক। মাত্র ৪ রানের জন্য পারেননি মার্শাল আউট হয়ে যাওয়ায়। কাল জুটির রেকর্ডটি ঠিকই করে ছাড়লেন, সঙ্গী এবার তামিম ইকবাল। দুজন গড়েছেন ১৫৭ রানের জুটি। তৃতীয় উইকেট জুটিতে বাংলাদেশের আগের রেকর্ড ছিল জাভেদ ওমর বেলিম ও মোহাম্মদ আশরাফুলের। ২০০৩ সালে পাকিস্তানের বিপক্ষে পেশোয়ার টেস্টে দুজন গড়েছিলেন ১৩০ রানের জুটি।
বাস্তবতার আয়না
টেস্ট ক্যারিয়ারে সর্বোচ্চ ইনিংসটি খেললেন এনামুল হক। তবে রান মাত্রই ২২! সব মিলিয়ে তিন টেস্টে ৬৪ রান, গড় ১০.৬৬। এনামুলকে টেস্ট দলে নেওয়ার সময়ই উঠেছিল সংশয়ের ফিসফাস। ফিসফাস এখন জোরালো প্রশ্ন। মাত্র তিন টেস্টই কোনো একজনকে বিচারের জন্য যথেষ্ট নয় মোটেও। কিন্তু এনামুলকে নিয়ে প্রশ্নগুলো শুধু রান পাননি বলেই নয়। রান না-ই পেতে পারেন, কিন্তু এই সিরিজের দুই টেস্ট বা গত মার্চে গলে অভিষেক টেস্ট—কোনো ইনিংসেই উইকেটে সপ্রতিভ মনে হয়নি এনামুলকে। তিন ম্যাচেই উইকেট ছিল নিষ্প্রাণ, কিন্তু উইকেটে স্বস্তিময় উপস্থিতি ছিল না কখনোই। টেকনিকের ফাঁকগুলোও ধরা পড়েছে প্রকট হয়ে। তাঁর প্রতিভা ও সম্ভাবনা নিয়ে সংশয় নেই। তবে টেস্ট আঙিনায় থিতু হতে হলে যে এখনো অনেক পথ হাঁটতে হবে, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এনামুল!
অন্য তামিম
স্বভাববিরুদ্ধ ব্যাটিং কিন্তু কালই প্রথম করলেন না তামিম ইকবাল। কাল ফিফটি ছুঁয়েছেন ১২৫ বলে। জানলে অবাক হবেন, এর চেয়েও ধীরগতির ফিফটি আছে তামিমের! ২০১১ সালে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিফটি করেছিলেন ১৩৩ বলে! ফিফটি ছুঁতে এক শর বেশি বল লেগেছে আরও একবার, ২০১০ সালে চট্টগ্রামেই ভারতের বিপক্ষে ফিফটি করেছিলেন ১০৬ বলে। তবে ৫০ ছোঁয়া ইনিংসগুলোর মধ্যে সবচেয়ে কম স্ট্রাইক রেট ছিল কালই—৩২.১১। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রামের ইনিংসে স্ট্রাইক রেট ছিল ৩৬.৮৭ (১৪১ বলে ৫২)। ৫০ ছোঁয়া ইনিংসে সবচেয়ে কম বাউন্ডারিও মেরেছেন কাল, মাত্র চারটি। গত মার্চে শ্রীলঙ্কার প্রেমাদাসায় ১০৭ বলে ৫৯ রানের ইনিংসে ছিল চারটি চার ও একটি ছয়।
তামিমের ডাবল ও ট্রিপল
ধৈর্যের পরীক্ষায় কাল একই সঙ্গে ডাবল ও ট্রিপল সেঞ্চুরি করলেন তামিম। বল খেলার হিসাবে ডাবল সেঞ্চুরি, মিনিটের হিসাবে ট্রিপল সেঞ্চুরি। ৭০ রান করেছেন ২১৮ বলে, ৩০২ মিনিটে। এই ডাবল ও ট্রিপল সেঞ্চুরি করেছিলেন আগে একবারই, তাঁর প্রথম টেস্ট সেঞ্চুরির ইনিংসে। সেন্ট ভিনসেন্টে ১২৮ রান করেছিলেন ২৪৩ বল খেলে, উইকেটে ছিলেন ৩১১ মিনিট।
অ্যান্টিক্লাইম্যাক্স
মমিনুল ব্যাট করছিলেন ৯৯ রানে, গ্যালারি তখন উত্তাল। বোলারের রানআপের সঙ্গেই চলছিল ‘হোওওওওওও...’ গর্জন। অফ সাইডে নিশ্ছিদ্র ফিল্ডিং সাজিয়ে বোলিং করছিলেন ট্রেন্ট বোল্ট, মমিনুল খুঁজে পাচ্ছিলেন না ফাঁক। প্রবল উত্তেজনায় হঠাৎই ছন্দপতন। ডেলিভারি স্ট্রাইডে বোল্টের হাত থেকে বল গেল ছুটে। ডেড বল। বোল্টকে শুনতে হলো দুয়ো। ‘হোওওওও’ গর্জন বদলে গেল ‘বুউউউউ..’ গর্জনে।
চার-বৃষ্টি
আকাশের কান্না যেমন এই সিরিজকে ভিজিয়েছে বারবার, তেমনি মমিনুলের ব্যাটেও ঝরছে বাউন্ডারির বৃষ্টি। চট্টগ্রামে ১৮১ রানের ইনিংসে ২৭টি চার মেরে গড়েছিলেন এক ইনিংসে সবচেয়ে বেশি চারের রেকর্ড। কাল এক সিরিজে সবচেয়ে বেশি চারের রেকর্ডটিও গড়ে ফেললেন মমিনুল হক। ২০০৩ সালে পাকিস্তান ৩ টেস্টের সিরিজে ৪৫টি চার মেরেছিলেন হাবিবুল বাশার। মমিনুল সেই রেকর্ড ছাড়িয়ে গেলেন দুই টেস্টেই। কাল পর্যন্ত মেরেছেন ৫৪টি চার, আজ নিজের রেকর্ড আরও এগিয়ে নেওয়ার পালা।
আরিফুল ইসলাম