টুকরো টুকরো ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাবল সেঞ্চুরি পাননি। তাতে আক্ষেপ রয়ে গেছে, তবে আউট হয়ে ড্রেসিংরুমে ফেরার পথে সেঞ্চুরিয়ান মমিনুল  সতীর্থদের অভিনন্দন পেলেন ঠিকই  ষ প্রথম আলো
ডাবল সেঞ্চুরি পাননি। তাতে আক্ষেপ রয়ে গেছে, তবে আউট হয়ে ড্রেসিংরুমে ফেরার পথে সেঞ্চুরিয়ান মমিনুল সতীর্থদের অভিনন্দন পেলেন ঠিকই ষ প্রথম আলো

দ্বাদশ ব্যক্তি
দিনের শুরুতে নিউজিল্যান্ড যখন ফিল্ডিংয়ে নামল, সবার সঙ্গে নামলেন শেন বন্ড। এমনিতে বাউন্ডারির বাইরে দাঁড়িয়ে বোলারদের পরামর্শ দেওয়া বোলিং কোচদের জন্য নতুন কিছু নয়। তবে কাল কিছু বাড়তি দায়িত্ব নিয়ে নেমেছিলেন বন্ড। গলায় ছিল তোয়ালে, হাতে পানীয়ের বোতল ও আইসব্যাগ। প্রতি ওভার শেষেই বাউন্ডারিতে ফিল্ডিং করতে আসা বোলারদের মুখ-গা মুছিয়ে দিয়েছেন, আইসব্যাগ দিয়ে বুলিয়ে দিয়েছেন ঠান্ডার পরশ। চালিয়ে গেছেন সারা দিন ধরেই। কিউইদের কাছে কাল বন্ড ছিলেন প্রচন্ড গরমে শান্তির শীতল ছোঁয়া!
দুই থেকে দুইয়ে
নিজেকে দুই থেকে সরিয়ে আবার দুইয়েই থাকলেন মমিনুল! গত মার্চে নিজের অভিষেক টেস্টে গলে ১০৫ রানের জুটি গড়েছিলেন মোহাম্মদ আশরাফুলের সঙ্গে। তৃতীয় উইকেটে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ জুটি ছিল সেটি। কাল সেই জুটিকে পেছনে ফেলে মমিনুল-মার্শালের জুটি এগোচ্ছিল সেরা হওয়ার পথে। কিন্তু মার্শালের আউটে জুটি থমকে গেল এক শট দূরে, ১২৬ রানে। শীর্ষেই থাকল ২০০৩ সালে পেশোয়ারে জাভেদ ওমর ও আশরাফুলের ১৩০ রানের জুটি। তৃতীয় উইকেট জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ রান মাত্র ১৩০, টেস্ট আঙিনায় বাংলাদেশের দীর্ঘ দুর্দশার আরেকটি উদাহরণ এই রেকর্ড।

চারের মিছিল

মুশফিকের রানের রেকর্ড ভাঙতে পারেননি মমিনুল। তবে ঠিকই ছাড়িয়েছেন আরেকটি জায়গায়। কাল সেঞ্চুরি ছুঁয়েছেন ১৮টি চারে। এর আগে সেঞ্চুরি ছুঁতে বাংলাদেশের সর্বোচ্চ চার মেরেছিলেন মুশফিক, এই মাঠেই ২০১০ সালে ভারতের বিপক্ষে ১৭টি চার। মুশফিক থেমে গিয়েছিলেন ওখানেই, তবে মমিনুল কাল পরে মেরেছেন আরও নয়টি চার। এই পথচলায় মমিনুল ছাড়িয়ে গেছেন সবাইকেই। ২০০৪ সালে ভারতের বিপক্ষে ১৫৮ রানের ইনিংসে ২৪টি চার মেরেছিলেন মোহাম্মদ আশরাফুল। রানের সেই রেকর্ড গত মার্চে পেরিয়ে গেছেন আশরাফুল ও মুশফিক। কিন্তু ইনিংসে সর্বোচ্চ চারের রেকর্ডটি টিকে ছিল কাল পর্যন্ত। ২৭ চারের রেকর্ড এখন মমিনুলের।

দুই হাজারে দুজন

সাকিবের প্রয়োজন ছিল ১৬, মুশফিকের ৭। ব্যাটিং অর্ডারে সাকিব ছিলেন আগে। দুই হাজার রানের মাইলফলক তাই আগেও ছুঁয়েও ফেললেন সাকিব। লাঞ্চের পর প্রথম ওভারেই কেন উইলিয়ামসনকে চার মেরে দুই হাজার ছুঁলেন চতুর্থ বাংলাদেশি হিসেবে। ব্যাটিংয়ে নেমে মাইলফলক ছুঁতে খুব বেশি সময় নেননি মুশফিকও। পরে মোট ক্যারিয়ার রানে সাকিবকে (২০০৩) পাঁচে ঠেলে তামিমকেও (২০১০) পেছনে ফেলে উঠে গেছেন তিনে (২০৬০)! অনেকটা এগিয়ে থেকে শীর্ষ দুইয়ে হাবিবুল বাশার (৩০২৬) ও মোহাম্মদ আশরাফুল (২৭৩৭)।

সাকিবের ডাবল

চোট কাটিয়ে ফেরার টেস্টে এখন পর্যন্ত ব্যাটে-বলে মনে রাখার মতো কিছু করতে পারেননি সাকিব। দ্বিতীয় ইনিংসেও যদি কিছু করতে না পারেন, তার পরও সাকিবের ক্যারিয়ারে আলাদা একটা জায়গা থাকবে এই টেস্টের। টেস্ট উইকেটের সেঞ্চুরি হয়েছিল আগেই, কাল ছুঁলেন দুই হাজার রান। ১০০ উইকেট ও দুই হাজার রানের ডাবল করা প্রথম বাংলাদেশি তিনি, এটা নিশ্চয়ই আর আলাদা করে বলতে হবে না! সব মিলিয়ে টেস্ট ইতিহাসে এই ডাবল আছে আর মাত্র ২৪ জনের। এর মধ্যে উপমহাদেশের আছেন আটজন—ভিনু মানকড়, ইমরান খান, কপিল দেব, রবি শাস্ত্রী, ওয়াসিম আকরাম, অনিল কুম্বলে, চামিন্ডা ভাস ও হরভজন সিং।

নড়বড়ে চল্লিশ!

নড়বড়ে নব্বই নিয়ে নাসির হোসেনের একটি অমর ‘বাণী’ আছে। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দুই টেস্টে ৯৬ ও ৯৪ রান করার পর বলেছিলেন, ‘নব্বইয়ে গিয়ে তো টেন্ডুলকারেরও পা কাঁপে!’ নাসিরের ব্যাটিংয়ে অবশ্য নার্ভাসনেসের লেশমাত্র কখনো দেখা যায়নি, কিন্তু মাইলফলকের কাছাকাছি গিয়ে আউট হওয়াটা যে অভ্যাসই বানিয়ে ফেললেন। ‘নাভার্স নাইনটিজের’ মতো তাঁর ক্ষেত্রে দেখা যাচ্ছে ‘নার্ভাস ফোরটিজ’ কালকে নিয়ে চারবার আউট হলেন চল্লিশে! ওই নব্বই দুটো যদি হতো সেঞ্চুরি আর এই চল্লিশগুলো ফিফটি, নাসিরের উজ্জ্বল রেকর্ড আরও কত চকচকেই না দেখাত! ১১ টেস্টে তখন সেঞ্চুরি থাকত তিনটি, ফিফটি আটটি।

আরিফুল ইসলাম

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টেস্টের আপডেট পেতে C লিখে এসএমএস করুন 2221 নম্বরে