টুকরো টুকরো ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোকের ছোঁয়া
১১ মাস পর দেশের মাটিতে ওয়ানডে, ম্যাচের দুই দিন আগেই টিকিট শেষ। এমন উৎসবের আবহে ঘেরা ম্যাচের শুরুটা হলো শোকের ছোঁয়ায়। কাল ভোরেই পরপারে পাড়ি জমিয়েছেন শেখ সালাহউদ্দিন। অকালপ্রয়াত অফ স্পিনারের স্মরণে ম্যাচ শুরুর আগে মাঠে এক মিনিট নীরবতা পালন করল দুই দল। বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে নেমেছেন হাতে কালো ফিতা বেঁধে। পৃথিবীর মায়া কাটানো বাংলাদেশের তৃতীয় আন্তর্জাতিক ক্রিকেটার সালাহউদ্দিন, বয়স হয়েছিল ৪৪ বছর ২৬১ দিন। সড়ক দুর্ঘটনায় মানজারুল ইসলাম রানা এই অমোঘ নিয়তি মেনে নিয়েছিলেন ২২ বছর ৩১৬ দিন বয়সে। ৩২ বছর ২৭৪ দিন বয়সে মাজহারুল হক। ক্রিকেটে পরিসংখ্যান এমনভাবে জড়িয়ে আছে, মৃত্যুর মতো ব্যাপারেও রেকর্ড ভাঙা-গড়ার ব্যাপার নিয়ে নাড়াচাড়া হয়। আন্তর্জাতিক ক্রিকেটারদের মধ্যে সালাহউদ্দিনের চেয়ে কম বয়সে মৃত্যুকে উইকেট দিয়েছেন মাত্র ২০ জন। সর্বকনিষ্ঠ অবশ্যই মানজারুল।
‘উদার’ আম্পায়ার
ওয়ানডে ও টি-টোয়েন্টিতে লেগ স্টাম্পের ওয়াইডের ক্ষেত্রে বিন্দুমাত্র ছাড় দিতে চান না আম্পায়াররা। লেগ স্টাম্পে বাতাস লাগিয়ে গেলেও দেখা যায় আম্পায়ারের প্রসারিত দুই হাত। কাল বাংলাদেশ ইনিংসের পঞ্চম ওভারে হঠাৎ উদার হয়ে গেলেন শ্রীলঙ্কান আম্পায়ার রানমোর মার্টিনেজ। টিম সাউদির দ্বিতীয় বলটি ছিল লেগ স্টাম্পের অনেক বাইরে। ব্যাটসম্যানের শরীর থেকে অনেকটা দূরে, গ্ল্যান্স করতে গিয়ে ব্যাটেও পাননি মুশফিক। কিন্তু আম্পায়ারের নড়ন-চড়ন নেই। মুশফিক অবাক হয়ে ইশারায় কারণটা জানতে চাইলেন, কিন্তু আম্পায়ার মার্টিনেজ ভাবলেশহীন দাঁড়িয়ে!

রান নিতে গিয়ে ভুল বোঝাবুঝি। প্রথমে রান নিতে চাইলেও পরে সিদ্ধান্ত পাল্টে আবার নিজের প্রান্তের দিকে ছুটলেন এনামুল। ততক্ষণে অনেকটা পথ এসে পড়া মুমিনুলের পক্ষে পেছনে ফিরে অ্যান্ডারসনের থ্রো ধরে ম্যাকলেনাহানের দক্ষতার সঙ্গে স্টাম্প ভেঙে দেওয়ার দৃশ্যটি দেখা ছাড়া কিছু করার ছিল না  প্রথম আলো
রান নিতে গিয়ে ভুল বোঝাবুঝি। প্রথমে রান নিতে চাইলেও পরে সিদ্ধান্ত পাল্টে আবার নিজের প্রান্তের দিকে ছুটলেন এনামুল। ততক্ষণে অনেকটা পথ এসে পড়া মুমিনুলের পক্ষে পেছনে ফিরে অ্যান্ডারসনের থ্রো ধরে ম্যাকলেনাহানের দক্ষতার সঙ্গে স্টাম্প ভেঙে দেওয়ার দৃশ্যটি দেখা ছাড়া কিছু করার ছিল না প্রথম আলো

‘ডায়মন্ড’ ডাক
আচমকাই যেন স্বর্গ থেকে পতন। তবে নিজের ‘পাপ’ তাতে সামান্যই। সতীর্থের ডাকে সাড়া দিতে গিয়ে ‘প্রাণ’ হারালেন মুমিনুল হক। রান আউট হলে ব্যাটসম্যানদের মেজাজ বিগড়ে যায় সব সময়ই। কোনো বল না খেলেই রান আউট হলে তো মেজাজ চড়ে যাওয়ার কথা সপ্তমে! মুমিনুল বলেই হয়তো বিরক্তিটা প্রকাশ করলেন স্রেফ এনামুলের দিকে একটু ভ্রু কুঁচকে। ওয়ানডেতে ‘ডায়মন্ড ডাক’ বা বল না খেলেই আউট হওয়া বাংলাদেশের সপ্তম ব্যাটসম্যান মুমিনুল। প্রথমবার এই দুর্ভাগ্যের শিকার হয়েছিলেন যিনি, কাল তিনিও বাংলাদেশের ড্রেসিংরুমে। ১৯৯৯ সালে কেনিয়ার বিপক্ষে ‘ডায়মন্ড ডাক’ পেয়েছিলেন বর্তমান দলের ম্যানেজার আকরাম খান। এরপর এই তিক্ত স্বাদ পেয়েছেন নাঈমুর রহমান, হাবিবুল বাশার, এনামুল হক জুনিয়র, নাঈম ইসলাম ও সর্বশেষ ২০০৯ সালে জুনায়েদ সিদ্দিক।
দুজনই বাঁহাতি
চোটের কারণে দলে নেই মার্টিন গাপটিল। হামিশ রাদারফোর্ডের সঙ্গে কাল তাই ওপেন করতে নামলেন অভিষিক্ত অ্যান্টন ডেভচিচ। সাড়ে ১০ বছর পর ওয়ানডেতে নিউজিল্যান্ডের হয়ে ব্যাটিং ওপেন করলেন দুই বাঁহাতি। সর্বশেষ দুই বাঁহাতি ওপেনার ছিল ২০০৩ বিশ্বকাপে, পোর্ট এলিজাবেথে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই ম্যাচে স্টিভেন ফ্লেমিংয়ের ওপেনিং সঙ্গীর নাম জানলে অবাক হতে পারেন—ড্যানিয়েল ভেট্টোরি! ওয়ানডেতে ব্যাটিং ওপেন করেছেন ভেট্টোরি আরও দুবার। ওপেনিংয়ে দুই বাঁহাতি অবশ্য খুব বেশি পায়নি নিউজিল্যান্ড। তবে কিউইদের ওপেনিংয়ে সবচেয়ে বেশিবার জুটি বেঁধেছেন দুজন বাঁহাতিই। ৪৩ ইনিংস একসঙ্গে ব্যাটিং ওপেন করেছেন জন রাইট ও ব্রুস এডগার।
সেই মাশরাফি
চোট কাটিয়ে পুনর্বাসনের দীর্ঘ এক কষ্টকর প্রক্রিয়া শেষে আরও একবার ফিরলেন মাঠে। প্রায় ১৫ কেজি ওজন কমিয়ে চনমনে হয়ে উঠেছেন তিনি। ফিল্ডিংয়ে নেমে অনেকটা ছুটে গিয়ে আম্পায়ারের হাত থেকে বল নিলেন প্রথম ওভারটি করার জন্য। বোলিংও করলেন দারুণ। প্রথম ৫ বলেই রান নেই। শেষ বলটি ছিল স্লোয়ার। হালকা ড্রাইভ করেছিলেন রাদারফোর্ড। রান এমনিতেও হতো না। তার পরও ফলো থ্রুতে ডাইভ দিয়ে ফেরালেন বলটি। এই হলেন মাশরাফি বিন মুর্তজা। দীর্ঘ চোট কাটিয়ে ফিরেছেন, কিন্তু মাঠে নেমে নিজেকে উজাড় করে দেওয়ার মানসিকতা বদলায়নি একটুও।
গাজী ‘বিটিভি’ টিভি!
ক্রিকেট মাঠে ওভার ৬ বলে হলেও বছরের পর বছর ধরেই বিটিভিতে ওভার ৫ বলে। ওভারের প্রথম বলটি অনেক সময়ই যে খেয়ে নেয় বিজ্ঞাপন! কাল খেলা সম্প্রচারে যেন বিটিভিকে আদর্শ মানল গাজী টিভি। মাঠে যখন ওভারের প্রথম বলটি করছেন বোলার, গাজীর পর্দায় তখন নতুন একটি বিজ্ঞাপন শুরু হচ্ছে! কাল বাংলাদেশ ইনিংসের প্রথম ২৫ ওভারে গাজীর পর্দায় প্রথম বলটি দেখা গেছে হাতে গুনে এক-দুবার। কখনো কখনো তো ছাড়িয়ে গেল বিটিভিকেও। প্রথম বলের মতো শেষ বলও গেছে বিজ্ঞাপনের পেটে, মানে চার বলের ওভার! সম্প্রচার-স্বত্ব কিনেছে তারা আর্থিক লাভের জন্যই, কিন্তু বিজ্ঞাপনের ভিড়ে খেলাটাই হারিয়ে যাওয়া তো দর্শকের জন্য বিরক্তিকরই!