টুকরো টুকরো ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাতে গোধূলি

মাঘের শীতে বাঘ কাঁপার দিন শেষ অনেক আগেই। কোনো কোনো দিন তো বরং সূর্যের তাপে যেন চৈত্রের আবাহন। তবে কালকের সকালটি যেন জানান দিতে চাইল, ঋতুচক্রে শীত শেষ হয়নি এখনো। মেঘের আড়ালে ঢাকা ছিল সূর্য। কুয়াশায় মাখামাখি না হলেও চারপাশ ছিল ঘোলাটে, গুমোট। খেলা শুরু হতে অবশ্য দেরি হয়নি, সাতসকালেই জ্বলে উঠেছে মিরপুরের ফ্লাডলাইট। সকাল সোয়া ১০টা নাগাদ মেঘ ফুঁড়ে হেসে উঠল সূয্যিমামা। এমনিতে শেষ বিকেলে আলো যখন মরে আসে, একটি-দুটি করে জ্বলে ওঠে ফ্লাডলাইটের বাল্ব। কাল আস্তে আস্তে উজ্জ্বল হলো চারপাশ, আর একটু একটু করে নিভতে থাকল কৃত্রিম আলোর রোশনাই।

বাহারি প্রস্তুতি

ব্যাটিংয়ের ধরনে তিনি মাইকেল আথারটন ঘরানার। দৃষ্টিসুখকর নয় মোটেও। দেড় শ-দুই শ করলেও হয়তো দিনশেষে মনে রাখার মতো শট খুঁজে পাবেন না একটিও। তবে দেখার মতো হলো কৌশল সিলভার শট খেলার প্রস্তুতি। প্রতিটি শট খেলার আগে যা যা করেন! গ্লাভসের স্ট্র্যাপ আলগা করে ঠিক করে লাগাবেন প্রথমে। হেলমেট ঠিক করে প্যাড, থাইপ্যাড একটু ঠিকঠাক করে নেবেন। ব্যাটটা সামনে তুলে তাকাবেন একবার। শরীরটা পেছন দিকে বাঁকিয়ে অদ্ভুত একটা ভঙ্গি করবেন। স্ট্যান্স নেওয়ার পর দোলাতে থাকবেন ব্যাট। প্রতিটি বল খেলার আগেই এই পুরো প্রক্রিয়াটার মধ্য দিয়ে যান। এমন বলে-বলে হেলমেট ঠিক করা, প্যাড-থাই প্যাড নাড়াচাড়া করার অভ্যাস ছিল বিখ্যাত এক লঙ্কান ওপেনারেরও। যিনি প্রধান নির্বাচক হয়ে দলে ফিরিয়েছেন সিলভাকে—সনাৎ জয়াসুরিয়া। তবে প্রস্তুতির বাহারে জয়াসুরিয়াকেও হারিয়ে দেবেন সিলভা।

সাঙ্গা এবং তিনি

ক্যারিয়ার টেস্ট রান ছুঁতে চলেছে ১১ হাজার। তবে যে পজিশনে ব্যাটিং করে তিনি আজকের সাঙ্গাকারা, সেই প্রিয় পজিশনে কাল ছুঁলেন দারুণ এক মাইলফলক। ১৯ রানের মাথায় ইতিহাসের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ছুঁয়েছেন তিন নম্বরে ১০ হাজার রান। ওয়ান ডাউনে সাঙ্গাকারার (১০০৫৬) চেয়ে বেশি রান আছে কেবল রাহুল দ্রাবিড়ের (১০৫২৪), ৯৯০৪ রান নিয়ে তিন নম্বরে রিকি পন্টিং। চারে থাকা হাশিম আমলা রানে পেছনে অনেকটাই (৫৫৭৪)। তিন নম্বরে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডে অবশ্য পাশাপাশি সাঙ্গাকারা ও পন্টিং (৩২), দ্রাবিড়ের সেঞ্চুরি ২৮টি। কমপক্ষে চার হাজার রান করেছেন, এমন ব্যাটসম্যানদের মধ্যে গড়েও সাঙ্গাকারা দ্বিতীয় (৫৯.৫০)। শীর্ষে যিনি, তাঁকে মনে করা হয় তিন নম্বরেরই প্রতীক। শুধু তিন নম্বরে নয়, ব্যাটিং রেকর্ডের অনেকগুলোতেই তিনি সবার ধরাছোঁয়ার বাইরে। তিনে নেমে ৪০ টেস্টে ২০ সেঞ্চুরি ও ১০ ফিফটিতে স্যার ডন ব্র্যাডমানের রান ৫০৭৮, গড় ১০৩.৬৩।

রুবেলের বৈচিত্র্য

বোলিংয়ে বৈচিত্র্য বরাবরই কম, গতি আর লেংথটাই মূল অস্ত্র। এ জন্যই বুঝি অদ্ভুত এক বৈচিত্র্য দেখালেন রুবেল হোসেন! ইনিংসের ৮৪তম ওভারের শেষ বলটি সম্ভবত করতে চেয়েছিলেন বাউন্সার। বল পিচ করল রুবেলের পায়ের কাছেই, সেখান থেকে আচমকা লাফিয়ে আরও অনেকটা বাইরে সরে পিচের অনেক দূর দিয়ে বল বাউন্ডারিতে। ব্যাট তুলে শট খেলতে উদ্যত সাঙ্গাকারা দেখলেন বল তাঁর ধরাছোয়ার বাইরে। অসহায় তাকিয়ে উইকেটকিপার মুশফিকও। ক্রিকেটের অদ্ভুত ও মজার মুহূর্তগুলোর দারুণ সব ভিডিও পাওয়া যায় ইউটিউবে। রুবেলের ডেলিভারিটিও নিশ্চিত আরেকটু সমৃদ্ধ করবে ইউটিউবকে!

‘ব্যর্থ’ সাঙ্গা

বাংলাদেশের বিপক্ষে আরও একবার দুর্বার কুমার সাঙ্গাকারা। কিন্তু আবারও ব্যর্থ বাংলাদেশে! গোলমেলে লাগছে তো? বাংলাদেশকে পেলে বরাবরই চওড়া সাঙ্গাকারার ব্যাট। বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বেশি রানের রেকর্ডটাকে কাল সমৃদ্ধতর করেছেন আরও একটু। কিন্তু সেঞ্চুরি তো পাননি! যেসব দেশে টেস্ট খেলেছেন, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজেই কেবল সেঞ্চুরি নেই সাঙ্গাকারার। যদিও বাংলাদেশের মাটিতে আগের সর্বোচ্চ ৬৯ ছাপিয়ে কাল করেছেন ৭৫। তবে থিতু হলে যিনি প্রায়ই অন্তহীন ব্যাটিং করে যান, সেই সাঙ্গাকারাকে ৭৫-এ ফেরাতে পারাটা বাংলাদেশের জন্য বড় এক ‘জয়’-ই।

এক, দুই, তিন

‘আমি তো ভেবেছিলাম, মিসই হয়ে গেছে’—দিন শেষে হাসতে হাসতে বলছিলেন আল আমিন। হাসতে পারছিলেন, কারণ হতে হতেও মিস হয়নি। সাঙ্গাকারার ব্যাট ছুঁয়ে আসা বলটি ছিল ক্যাচ নেওয়ার জন্য আদর্শ উচ্চতায়। স্লিপে এর চেয়ে সহজ ক্যাচ আর হয় না। কিন্তু সেটিই ফসকে গেল নাসিরের হাত থেকে। পারলেন না দ্বিতীয়বারের চেষ্টাতেও, শেষ পর্যন্ত তৃতীয়বারের চেষ্টায় হাতে জমাতে পারলেন মাটি ছোঁয়ার ঠিক আগ মুহূর্তে।

আরিফুল ইসলাম