টুকরো টুকরো ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরও একজন
গত মার্চে শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি অভিষেক, অক্টোবরে ওয়ানডে অভিষেক নিউজিল্যান্ডের বিপক্ষে। সিঁড়ি বেয়ে ওঠার ধারায় কাল যেকোনো ক্রিকেটারের আরাধ্য ধাপটির দেখাও পেয়ে গেলেন শামসুর রহমান। বাংলাদেশের টেস্ট ক্রিকেটারের স্রোতে আরও একজন। ৮২ টেস্টে বাংলাদেশের ৭১তম টেস্ট ক্রিকেটার শামসুর, তাঁর হাতে টেস্ট ক্যাপ তুলে দিলেন ৪৬তম ক্রিকেটার সাকিব আল হাসান।

কিপার-মেলা
আরেকটি টেস্ট, আরেকবার দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ। দেশের হয়ে আরেকবার মাঠে নামার রোমাঞ্চ নিয়েই হয়তো সকালে ঘুম ভেঙেছিল প্রসন্ন জয়াবর্ধনের। কিন্তু প্রিয়জনের মৃত্যু যে কখনো কখনো থমকে দেয় জীবনের পথ! তাই সতীর্থরা যখন মাঠে, বাবার মৃত্যুসংবাদ পেয়ে লঙ্কান উইকেটকিপার-ব্যাটসম্যান তখন দেশের পথে। লাঞ্চের পর লঙ্কানরা নামল হাতে কালো ফিতা বেঁধে। কিপিং নিয়ে অবশ্য ঝামেলায় পড়তে হয়নি লঙ্কানদের। দলে যে কিপারের মেলা! জয়াবর্ধনে ছাড়াই একাদশে উইকেটকিপার আছেন আরও তিনজন—কুমার সাঙ্গাকারা, দিনেশ চান্ডিমাল ও কৌশল সিলভা। এমনকি ঘরোয়া ক্রিকেটে টুকটাক কিপিং করেন দিমুথ করুনারত্নেও। শেষ পর্যন্ত কিপিং গ্লাভস পরেছেন অবশ্য চান্ডিমাল।

উল্টো ছবি
এক পাশ ধীরে বহতা নদী, আরেক পাশ প্রমত্তা পদ্মা। তামিম ইকবাল জমানায় বাংলাদেশের উদ্বোধনী জুটি মানেই এই। কালও তা-ই ছিল। তবে পাল্টে গেল চরিত্র। তামিমের ব্যাট কাল শান্ত, অভিষেকেই চঞ্চল শামসুর রান করছিলেন বলের সঙ্গে পাল্লা দিয়ে। যদিও তাঁর প্রথম তিনটি চারই ছিল ব্যাটের কানা ছুঁয়ে স্লিপ দিয়ে। পরের তিনটি চার অবশ্য দারুণ তিনটি ড্রাইভে। নবম ওভারের প্রথম বল শেষে দেখা গেল শামসুরের স্ট্রাইক রেট ১২২, তামিমের ২২!

হঠাত্ করেই হাত থেকে ব্যাট ফসকে গেল শামসুরের । প্রথম আলো
হঠাত্ করেই হাত থেকে ব্যাট ফসকে গেল শামসুরের । প্রথম আলো

হাওয়ায় হাওয়ায়
বল উড়ছে থার্ড স্লিপের ওপর দিয়ে, ব্যাট উড়ছে শরীরের পেছন দিয়ে! ম্যাচের পঞ্চম ওভারের প্রথম বল সেটি। সুরাঙ্গা লাকমলের লেংথ থেকে লাফিয়ে ওঠা বলে জায়গায় দাঁড়িয়ে স্ল্যাশ করলেন শামসুর। ব্যাটের কানায় লেগে গুলির বেগে বল ছুটল স্লিপের ওপর দিয়ে। ফলো থ্রুতে শামসুরের হাত থেকে ব্যাট ছুটে গিয়ে পড়ল পেছনে দিকে। অপ্রস্তুত শামসুর একবার তাকান বলের দিকে, একবার ব্যাটের দিকে!

মানিকজোড়
খেলোয়াড়ি জীবনের শুরুও দিনগুলো থেকেই দুজন ঘনিষ্ঠ বন্ধু। খেলা ছাড়ার পরও দুজনের সেই বন্ধুত্ব অটুট আজও। ২২ গজে দুজনের জুটিও জমত দারুণ। ২০০১ থেকে ২০০৭, টেস্ট ক্রিকেটে ঝঞ্ঝামুখর দিনগুলোয় বাংলাদেশ নির্ভরতা খুঁজে পেত হাবিবুল বাশার ও জাভেদ ওমরের ব্যাটে। টেস্টে বাংলাদেশের সফলতম জুটিও ছিলেন দুজন। ছিলেন, কারণ কাল তাঁদের ছাড়িয়ে গেছে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম জুটি। ৩২ ইনিংসে ১৩২১ রান ছিল জাভেদ-হাবিবুল জুটির। কালকের ৮৬ রানের জুটিতে ৩৩ ইনিংসে সাকিব-মুশফিক জুটি রান এখন ১৩২৭। বাংলাদেশের হয়ে জুটিতে হাজার রান আছে আর মাত্র দুটি জুটির, তামিম-ইমরুলের ১২২৯ ও তামিম-জুনায়েদের ১০০৮। জাভেদ-বাশারের ৫টি সেঞ্চুরি জুটির রেকর্ড অবশ্য এখনো অটুট তাঁদের বন্ধুত্বের মতোই। ফিফটি জুটিতে আবার সাকিব-মুশফিক (১২টি) জুটির ধারেকাছে নেই কোনো জুটি।

ছক্কায় শুরু
অভিষেক টেস্টের একমাত্র ইনিংসে অপরাজিত ছিলেন শূন্য রানে। আল আমিন হোসেন কাল রানের খাতা খুললেন হেরাথকে ডাউন দ্য উইকেটে এসে সীমানা ছাড়িয়ে! বাংলাদেশের আরেক পেসার শফিউল ইসলামের প্রথম রানও ছিল ছক্কায়, বোলার ছিলেন সেবার অমিত মিশ্র। তবে জহুরুল ইসলাম এগিয়ে আরেক ধাপ। টেস্টে জহুরুলের প্রথম দুটি স্কোরিং শটই ছিল ছক্কা! প্রথমটি গ্রায়েম সোয়ানকে, পরেরটি জেমস ট্রেডওয়েলকে। তৃতীয় স্কোরিং শট ছিল চার!

শুভ জন্মদিন!
নিজের দিনে তিনি ছিলেন টপ-অর্ডারদের যম। সুইং আর বৈচিত্র্যে ভুগিয়েছেন তাঁর সময়ের সেরাদেরও। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশিবার আউট করা ব্যাটসম্যানদের তালিকাটা দেখুন—সাঈদ আনোয়ার ও স্টিভেন ফ্লেমিং ১৪ বার। ১২ বার করে শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, ইনজামাম-উল-হক ও হার্শেল গিবস। সৌরভ গাঙ্গুলী ও মার্কাস ট্রেসকোথিক ১১ বার। ১০ বার অ্যাডাম গিলক্রিস্ট ও ক্রিস গেইল। বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য প্রায়ই হয়ে উঠেছেন মূর্তিমান আতঙ্ক। ২০০৩ বিশ্বকাপে ম্যাচের প্রথম ওভারেই হ্যাটট্রিকসহ ৪ উইকেট এখনো নিশ্চয়ই হানা দেয় হান্নান-সানোয়ারদের দুঃস্বপ্নে। একমাত্র টেস্ট সেঞ্চুরিটা করার জন্যও বেছে নিয়েছিলেন বাংলাদেশকেই। এবারও এসেছেন দলের সঙ্গে, তবে বাংলাদেশের স্বস্তি হয়ে এখন তাঁর ভূমিকা সীমাবদ্ধ ড্রেসিংরুম আর মাঠের বাইরেই। শ্রীলঙ্কার ইতিহাসের সেরা পেসার ও এখনকার বোলিং কোচ কাল জীবনের ইনিংসে পূর্ণ করলেন ৪০। বাংলাদেশের বিপক্ষে তাঁর আন্তর্জাতিক উইকেটও ৪০টি। শুভ জন্মদিন, ওয়ার্নাকুলাসুরিয়া পাতাবেন্দিগে উশান্থা জোসেফ চামিন্ডা ভাস!
আরিফুল ইসলাম।