টুকরো টুকরো ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাঙ্গাকারার ক্যাচ পড়ার পর আফসোসে মাথা চাপড়াচ্ছেন সাকিব  প্রথম আলো
সাঙ্গাকারার ক্যাচ পড়ার পর আফসোসে মাথা চাপড়াচ্ছেন সাকিব প্রথম আলো

মাহেন্দ্রক্ষণ
কালকের আগেও টেস্টে ১১০ বার জুটি বেঁধেছেন দুজন। তবে কাল লাঞ্চের আগে আগে যখন উইকেটে সাঙ্গাকারার সঙ্গী হলেন জয়াবর্ধনে, থমকে দাঁড়াল যেন সময়। শুধু এই দুজনের জুটি বা শ্রীলঙ্কা ক্রিকেটের সমৃদ্ধ ইতিহাসেই নয়, ক্রিকেট ইতিহাসেও যোগ হলো নতুন একটি পালক। ১১ হাজার রান ক্লাবের দুই সদস্যকে ২২ গজে একসঙ্গে দেখল ক্রিকেট মাত্র দ্বিতীয়বার! বুধবার যখন ১১ হাজারের মাইলফলক ছুঁয়েছিলেন সাঙ্গাকারা, জয়াবর্ধনে তখন ড্রেসিংরুমে। উইকেটে লঙ্কার দুই ১১ হাজারি তাই কালই প্রথম। এর আগে দুই ১১ হাজারি হিসেবে একসঙ্গে ব্যাটিং করেছেন শুধু শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়। ১১ হাজার হওয়ার পর একসঙ্গে ২৬ টেস্টে খেলেছেন টেন্ডুলকার ও দ্রাবিড়। ৩১ ইনিংসে জুটি বেঁধে ৪৮.৫৮ গড়ে দুজন তুলেছেন ১৪০৯ রান।ফিল্ডার মুশি
২০০৫ সালের ইংল্যান্ড সফরে গিয়েছিলেন দ্বিতীয় উইকেটকিপার হিসেবে। প্রস্তুতি মাচে সাসেক্সের বিপক্ষে ফিফটি ও নর্দাম্পটনের বিপক্ষে সেঞ্চুরির পর বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবেই অভিষেক লর্ডসে সবচেয়ে কম বয়সে টেস্ট খেলার রেকর্ড গড়ে। পরের বছর ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টও খেলেন ব্যাটসম্যান হিসেবেই, উইকেটের পেছনে তখনো খালেদ মাসুদ। ২০০৭ সালের শ্রীলঙ্কা সফরে কিপিং গ্লাভস পেলেন, সেই থেকে তিনিই অবিসংবাদিত পছন্দ। বাংলাদেশ ফিল্ডিংয়ে মানেই উইকেটের পেছনে তিনি। ভাগ্যের ফেরে কাল আবারও ফিরতে হলো পুরোনো ভূমিকায়। চোটের কারণে কিপিং না করলেও ফিল্ডিংয়ে ঠিকই নামলেন। মুশফিকুর রহিম কাল আবারও শুধুই ফিল্ডার!

টেস্টে টি-টোয়েন্টি

বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যাটিংয়ে টেস্টেও মাঝেমধ্যে মেলে টি-টোয়েন্টির ছোঁয়া। তবে চট্টগ্রামে কাল টি-টোয়েন্টির খানিকটা পরশ বুলিয়ে দিলেন বোলাররা! টেস্ট দলের আল আমিন-সোহাগরা অবশ্য নন, টি-টোয়েন্টি দলের মাশরাফি-ফরহাদরা। টেস্ট স্কোয়াডের বাইরে টি-টোয়েন্টি দলে থাকা খেলোয়াড়েরা কাল সকালেই এসে পৌঁছেছেন। এসেছিলেন মাঠেও। চা-বিরতির সময় কোচ শেন জার্গেনসেনের সঙ্গে সেন্টার উইকেটে বোলিং অনুশীলন করলেন মাশরাফি বিন মুর্তজা, ফরহাদ রেজারা।

অন্য সাকিব

বড় সাফল্যেও যেমন উচ্ছ্বাসে ভাসেন না, নিদারুণ ব্যর্থতায়ও তেমনি ভেঙে পড়েন না। সাকিবের  প্রতিক্রিয়ায় ভেতরের অনুভূতি ফুটে ওঠে কমই। বেশির ভাগ সময়ই প্রতিক্রিয়াহীন। তবে কাল ক্ষণিকের জন্য দেখা গেল অন্য একটি ছবি। সাকিবের বলে সাঙ্গাকারার ক্যাচটি যখন ফেলে দিলেন নাসির, সঙ্গে সঙ্গে সাকিবের দুহাত উঠে গেল মাথায়। হতাশায় চুলে আঁচড় কাটলেন বারবার, পরিপাটি চুল এলোমেলো মুহূর্তেই। টিভি ক্যামেরায় বারবার দেখানো হলো সেই দৃশ্য। ব্যাটসম্যানের নাম সাঙ্গাকারা বলেই হয়তো সাকিবও চেপে রাখতে পারেননি হতাশা।

দৌড়ে সেঞ্চুরি

বাংলাদেশের ছড়ানো ফিল্ডিংকে কাজে লাগিয়ে কাল সিঙ্গেলস-ডাবলসেই টেস্ট সেঞ্চুরি করে ফেললেন দিনেশ চান্ডিমাল। ১৫৮ বলে অপরাজিত ১০০, কিন্তু বাউন্ডারি মাত্র ৪টি! তবে সেঞ্চুরি ইনিংসে এর চেয়ে কম বাউন্ডারির উদাহরণও আছে। ১৯৩৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবানে ইংল্যান্ডের পল গিবের ১০২ রানের ইনিংসে বাউন্ডারি ছিল দুটি। সেটি ছিল বিখ্যাত সেই সময়বিহীন টেস্ট, যেটি চলেছিল ১০ দিন ধরে। ভাববেন না, এসব শুধু ওই যুগেই হয়েছে। এই ২০০০ সালেও পাকিস্তানের বিপক্ষে লাহোরে আরেক ইংলিশ ব্যাটসম্যান গ্রাহাম থর্পের ১১৮ রানে বাউন্ডারি ছিল দুটি। তিন বাউন্ডারিতে সেঞ্চুরি পাঁচজনের—বিল উডফুল, গ্রায়েম উড, অ্যালান বোর্ডার, মহসিন খান ও হাশান তিলকরত্নে। তবে গিব-থর্পের দুই বাউন্ডারিতে সেঞ্চুরিকে নিশ্চিত রেকর্ড বলার জো নেই। টেস্ট ইতিহাসে ৩৬৯৭টি সেঞ্চুরির মধ্যে ১৮০টির চার-ছয়ের হিসাব পাওয়া যায়নি। কে জানে, কেউ হয়তো বাউন্ডারি ছাড়াই ছুঁয়েছিলেন তিন অঙ্ক!

উত্তরসূরি

এবারের পর আবার যখন টেস্টে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ, হয়তো থাকবেন না সাঙ্গাকারা ও জয়াবর্ধনে। কিন্তু স্বস্তি কি তখনো মিলবে? বাংলাদেশকে যন্ত্রণা দেওয়ার জন্য একজন উত্তরসূরি যে তৈরিই করে দিয়ে যাচ্ছেন দুজন! ক্যারিয়ারের শুরুতেই বাংলাদেশের বোলিংয়ের বেশ ‘ভক্ত’ বনে গেছেন চান্ডিমাল। গত মার্চে শ্রীলঙ্কায় দুই টেস্টে করেছিলেন দুটি সেঞ্চুরি। এবার আগের দুই ইনিংসে ২৭ ও ৪০ রানের পর কাল অপরাজিত ১০০। বাংলাদেশের বিপক্ষে ৪ টেস্টে ১২৮.৩৩ গড়ে রান ৩৮৫, বাকিদের মিলিয়ে ৮ টেস্টে ৪৯০ রান করছেন ৩৫ গড়ে, সর্বোচ্চ ৮৯!

লঙ্কা বিভীষিকা

আর একটি ওভার পরও ইনিংস ঘোষণা করলে হয়তো ম্যাচে ৯০০ রান ছুঁতে পারত শ্রীলঙ্কা। দুই ইনিংস মিলিয়ে থেমেছে শেষ পর্যন্ত ৮৯২ রানে। তবে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ৯০০ রান করার একমাত্র কীর্তিও শ্রীলঙ্কারই, গত মার্চে গলে করেছিল ৯০৫ (৫৭০ ও ৩৩৫/৪)। ম্যাচে বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বেশি রানে তিন নম্বরেও শ্রীলঙ্কা। ২০০৯ সালে এই চট্টগ্রামেই করেছিল তারা ৮৩১ (৩৮৪ ও ৪৪৭/৬)। বাংলাদেশের বিপক্ষে এক সিরিজে সবচেয়ে বেশি রানেও শীর্ষ তিনে শ্রীলঙ্কা। মিরপুরে ৭৩০ রানের পর এখানে ৮৯২, এবারের সিরিজে লঙ্কানদের মোট রান ১৬২২। ২০০৮-০৯ সিরিজে করেছিল ১৫২৯, ২০০৭ সিরিজে ১৫২৮।

আরিফুল ইসলাম