টুকরো টুকরো ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তবুও হতাশা
টেস্টের তামিম মানেই কিন্তু স্ট্রোকের ফুলঝুরি নয়। এই চট্টগ্রামেই ১৩৩ বলে ফিফটি আছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে (২০১১), গত সিরিজের শেষ ইনিংসে মিরপুরে করেছিলেন ২১৮ বলে ৭০। চট্টগ্রামেই আরও আছে ৯০ বলে ১৮, ১০০ বলে ৩৩, ৫৭ বলে ৯। সেন্ট ভিনসেন্টে ৬৬ বলে ১৪। ধৈর্যের পরীক্ষায় কাল নিজেকে আরেকটু ছাড়ালেন তামিম। ১০২ বলে করছেন ৩১, ২০ ছোঁয়া ইনিংসগুলোর মধ্যে তামিমের সবচেয়ে কম স্ট্রাইক রেট (৩০.৩৯)। তবুও হতাশার স্রোতে নতুন জোয়ার। শেষ পর্যন্ত আউট হলেন তো সেই বাজে শটেই!
জাভেদ ও ভ্রাতৃদ্বয়
টেস্ট আঙিনায় প্রথম দশকে বাংলাদেশের ব্যাটিং-ব্যর্থতার পুরোভাগে ছিল উদ্বোধনী জুটির ব্যর্থতা। উদ্বোধনী জুটিতে ১৬৫ ইনিংসে বাংলাদেশ পঞ্চাশ পেয়েছে মাত্র ২২ বার। ২০১০ সালের আগ পর্যন্ত ফিফটি ওপেনিং জুটি ছিল মাত্র ১২টি! গত কিছুদিনে চিত্র কিছুটা পাল্টেছে, সংখ্যা আরও ১০ বেড়েছে। তামিম-শামসুরের নতুন জুটি প্রথম কাল পঞ্চাশ ছুঁল। সব মিলিয়ে ২২টি পঞ্চাশ ছোঁয়া উদ্বোধনী জুটির ১১টিতেই ছিলেন তামিম ইকবাল, ৮টিতে তাঁর সঙ্গী ছিলেন ইমরুল কায়েস। ৮টি ফিফটি জুটির অংশীদার জাভেদ ওমরও, পাঁচটিতে সঙ্গী ছিলেন নাফিস ইকবাল। কে জানে, নাফিস-তামিম দুই ভাইয়ের সেরা সময়টা একসঙ্গে এলে হয়তো স্থিতিশীল একটি উদ্বোধনী জুটি পেতে পারত বাংলাদেশ!
চিরন্তন শত্রু
লেগ স্পিন বোলিংটা বরাবরই বাংলাদেশের ব্যাটসম্যানদের কাছে বড় এক রহস্য। দানিশ কানেরিয়া বাংলাদেশের জন্য হয়ে উঠেছিলেন মূর্তিমান আতঙ্ক। ৪ টেস্টে ৩৩ উইকেট নিয়েছেন স্টুয়ার্ট ম্যাকগিল। দেবেন্দ্র বিশু-অমিত মিশ্ররাও ভুগিয়েছেন যথেষ্ট, গ্রায়েম ক্রেমারের মতো লেগ স্পিনার ৪ উইকেট নিয়েছেন ৪ রানে। এমনকি বাংলাদেশের বিপক্ষে ৮টি উইকেট খণ্ডকালীন লেগ স্পিনার রামনরেশ সারওয়ানেরও। কাল এমনই আরেকজন ভাঙলেন বাংলাদেশের উদ্বোধনী জুটি। তামিম ইকবালকে প্রথম টেস্ট শিকার বানালেন কিথুরুয়ান ভিতানাগে। প্রথম শ্রেণীর ক্রিকেটেই যা তাঁর মাত্র তৃতীয় উইকেট!
নিবু নিবু প্রদীপ
শারজার পারফরম্যান্সে ছিল টেস্ট ক্যারিয়ার পুনরুজ্জীবিত করার ইঙ্গিত। সেটিই আবার নিমজ্জিত হওয়ার শঙ্কা চট্টগ্রামে। আগের সিরিজেই পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্টে শারজায় নিয়েছিলেন ৫ উইকেট। কিন্তু নুয়ান প্রদীপের এই টেস্ট কাটল দুঃস্বপ্নের মতো। প্রথম ইনিংসে ১৫ ওভারে দিয়েছিলেন ৯৬ রান, দ্বিতীয় ইনিংসেও উইকেট নেই। ফিল্ডিং ও শরীরী ভাষা পুরো ম্যাচেই ছিল বাজে। সঙ্গে যোগ করুন ম্যাচে ১৭টি নো বল! এখানে পিছিয়ে ছিলেন না অজন্তা মেন্ডিসও। বলা হয়, স্পিনার হয়ে নো বল করা অপরাধের শামিল। মেন্ডিস এই ম্যাচে সেই অপরাধ করেছেন ১১ বার! বিশ্ব রেকর্ড যদিও আরও অনেক বেশি। ১৯৮১ অ্যাশেজে এজবাস্টনে বব উইলিস করেছিলেন ৩৪টি নো বল, ১৯৮৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থে ওয়েস্ট ইন্ডিজের প্যাট্রিক প্যাটারসন ৩৩টি, ১৯৯২ সালে ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে ওয়াসিম আকরাম ৩২টি।
সেঞ্চুরিত্রয়ী
সেন্ট লুসিয়া থেকে গল হয়ে চট্টগ্রাম। একই টেস্টে তিনটি সেঞ্চুরি পেল বাংলাদেশ তিন ভেন্যুতে। ২০০৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট লুসিয়ায় প্রথম ইনিংস সেঞ্চুরি করেছিলেন হাবিবুল বাশার ও মোহাম্মদ রফিক, দ্বিতীয় ইনিংসে খালেদ মাসুদের সেঞ্চুরিতে বাংলাদেশ নিশ্চিত করেছিল ম্যাচ বাঁচানো। এরপর তিন সেঞ্চুরি দেখতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয় নয় বছর। গত মার্চে গলে মুশফিকের ডাবল সেঞ্চুরির পাশে ছিল আশরাফুলের ১৯০ ও নাসিরের ১০০। এবার কাল মুমিনুলের ম্যাচ বাঁচানো সেঞ্চুরির আগে প্রথম ইনিংসে তিন অঙ্ক ছুঁয়েছেন শামসুর রহমান ও ইমরুল কায়েস।
সেঞ্চুরিয়ান-মেলা
ম্যাচের শুরুতে বাংলাদেশের একাদশে ছিলেন সাত সেঞ্চুরিয়ান, ইমরুল-শামসুরের সেঞ্চুরিতে ম্যাচ শেষে সেঞ্চুরিয়ানের সংখ্যা নয়। বাংলাদেশ ছুঁয়েছে সবচেয়ে বেশি সেঞ্চুরিয়ান নিয়ে টেস্ট শেষ করার রেকর্ড। টেস্ট ক্রিকেটকে প্রথম এক দলে নয় সেঞ্চুরিয়ান উপহার দিয়েছিল নিউজিল্যান্ড, ১৯৯০ সালের ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে। নয় সেঞ্চুরিয়ানের বাকি ৬টি নজিরই গত ১০ বছরে। অস্ট্রেলিয়ার বিপক্ষে আবার নিউজিল্যান্ড, নিউজিল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ার বিপক্ষে আইসিসি বিশ্ব একাদশ, আর ভারত তিনবার।
আরিফুল ইসলাম