টুকরো টুকরো ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লঙ্কান রং
বিকেল ৫টায় শুরু ম্যাচ দেখতে স্টেডিয়ামমুখী দর্শকের স্রোতের শুরু দুপুর থেকেই। স্বাভাবিকভাবেই স্রোতের রং লাল-সবুজ, তবে খানিকটা মিশে ছিল নীল-হলুদের ছটাও। সময়ের সঙ্গে লাল-সবুজের স্রোতের মাঝেও আলাদা করে চোখে পড়ল নীল-হলুদের মেলা। দুটি বাসভর্তি লঙ্কান সমর্থক এলেন মাঠে, সবার গায়েই শ্রীলঙ্কার নীল-হলুদ জার্সি। সাগরিকার পথে দর্শকের ঢলেও দেখা মিলল অনেক লঙ্কানের। পড়াশোনার জন্য অনেক লঙ্কান আছেন চট্টগ্রামে, আছে অনেক ব্যবসায়ী পরিবার। শ্রীলঙ্কা দলের কয়েকটি সূত্র আগেই জানিয়েছে, চট্টগ্রামে মাঠের বাইরে দারুণ সময় কাটছে লঙ্কান ক্রিকেটারদের। বাংলাদেশের গ্যালারিতে সবচেয়ে বেশি লঙ্কান সমর্থনের রেকর্ডটিও বুঝি কাল হয়ে গেল।

অভিষেকে অভিষেক
প্রথম ম্যাচটি হয়েছিল খুলনায়, ২০০৬ সালে। কালকের আগে বাংলাদেশের মাটিতে আর যে ৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি হয়েছে, তার সব কটিই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। দেশের তৃতীয় আর বিশ্বের ৬৯তম টি-টোয়েন্টি ভেন্যু হিসেবে কাল অভিষেক হলো জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের। এখন পর্যন্ত সবচেয়ে বেশি টি-টোয়েন্টি হয়েছে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে (২৯টি)। অভিষেকের রঙে রঙিন চট্টগ্রামেই আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেলেন বাংলাদেশের দুই তরুণ। দেশের ৪০ ও ৪১তম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি অভিষেক হলো আরাফাত সানি ও মোহাম্মদ মিঠুনের।

বিরতির পর
দাঁত দিয়ে খুঁটছেন নখ, চোখে টলমল করছে জল। দৃষ্টি উদাস, তাকিয়ে যেন কোন সুদূরে! তাঁর বুকে মাথা রেখে কাঁদছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের ক্রিকেট ট্র্যাজেডির উপাখ্যানে চিরস্থায়ী জায়গা পেয়ে গেছে সাকিব আল হাসানের ওই ছবিটি। দৃশ্যটি ২০১২ এশিয়া কাপ ফাইনালের। সেই ম্যাচের পর কালই প্রথম দেশের মাটিতে রঙিন পোশাকে খেলতে নামলেন সাকিব! মাঝের এই প্রায় দুই বছরে সাকিবের খেলা তিন ওয়ানডে ও ১০টি টি-টোয়েন্টির সবগুলোই ছিল দেশের বাইরে। দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জন্য স্মরণীয় দুটি সিরিজে চোটের জন্য বাইরে ছিলেন সাকিব।

মিল
একজনের টি-টোয়েন্টি ক্যারিয়ারের বয়স সাত বছরের বেশি, আরেকজনের প্রায় চার বছর। একজন টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিচ্ছেন প্রথমবার, আরেকজন অষ্টমবার। তবু কাল যখন টস করতে নামলেন মাশরাফি বিন মুর্তজা ও দিনেশ চান্ডিমাল, একটা জায়গায় মিলে গেলেন দুজন। দুই অধিনায়কেরই এটি ২২তম টি-টোয়েন্টি!

‘ক্লোন’
আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার আগে থেকেই তাঁকে বলা হচ্ছিল সনাৎ জয়াসুরিয়ার ‘ক্লোন’। তাঁর ডিফেন্স, ড্রাইভ, পুল, হুক, এমনকি অফ স্টাম্পের বাইরে পরাস্ত হওয়া—সবই মনে করিয়ে দেয় জয়াসুরিয়াকে। সবচেয়ে বেশি ফ্লিক শটটি। জয়াসুরিয়ার সেই ট্রেডমার্ক ফ্লিকেরই যেন রিপ্লে কুশল পেরেরার ব্যাটে। ফরহাদ রেজাকে কব্জির মোচড়ে যেভাবে উড়িয়ে দিলেন পেরেরা, কে বলবে ২২ গজে কাল জয়াসুরিয়া ছিলেন না!

স্বস্তির শুরু
টি-টোয়েন্টিতে বাংলাদেশের ধারাবাহিকতার অভাবের একটি বড় কারণ সম্ভবত উদ্বোধনী জুটির ব্যর্থতা। কাল তামিম-শামসুরের ৫২ রানের জুটিতে ৩২টি টি-টোয়েন্টিতে মাত্র দ্বিতীয়বার উদ্বোধনী জুটিতে পঞ্চাশ। আগেরবারও অংশীদার ছিলেন তামিম, সঙ্গী মোহাম্মদ আশরাফুল। ২০১২ সালে বেলফাস্টে আয়ারল্যান্ডের ১৪০ রান তাড়ায় বাংলাদেশকে এগিয়ে দিয়েছিল তামিম-আশরাফুলের ৬২ রানের জুটি।

এ শুধু ক্যাচের দিন
হাত ফসকে যাচ্ছে সহজ সব বল, একটু পরই আবার দুর্দান্ত ক্যাচিংয়ের প্রদর্শনী—এ ছিল অদ্ভুত ফিল্ডিংয়ের এক ম্যাচ। তবে গ্রাউন্ড ফিল্ডিংয়ের মিসগুলো ছাপিয়ে স্মৃতিতে থেকে যাবে অসাধারণ সব ক্যাচই। শুরুটা ফরহাদ রেজার হাত ধরে। চান্ডিমালের যে ক্যাচটি লং অনে লাফিয়ে হাতে জমালেন ফরহাদ, বাংলাদেশের ফিল্ডারদের এমন ক্যাচ মিস হয় হরহামেশাই। একটু পর প্রায় ১৫ মিটার দৌড়ে দারুণ এক ডাইভিং ক্যাচে সাঙ্গাকারাকে ফিরিয়ে ফরহাদের ক্যাচকে ছাড়িয়ে গেলেন নাসির। কুশল পেরেরাকে ফেরানো এনামুলের ক্যাচটির বর্ণনায় একটি শব্দই যথেষ্ট—অবিশ্বাস্য! সীমানার কয়েক ইঞ্চি দূরে লাফিয়ে বল হাতে জমিয়ে দারুণ দক্ষতায় ভারসাম্য রাখলেন শরীরের। এনামুলের ক্যাচকে চ্যালেঞ্জ জানালেন আবার অ্যাঞ্জেলো ম্যাথুস। পেছন দিকে অনেকটা দৌড়ে ডাইভ দিয়ে তালুবন্দী করলেন তামিমকে।

অবাক ছয়
লং লেগ-স্কয়ার লেগে যেতে পারে, মিড উইকেট কিংবা টাইমিং বেশি ভালো হলে ওয়াইডিশ লং অন দিয়েও যেতে পারে। কিংবা যেখান দিয়েই হোক, স্লগ পুল খেলে থার্ডম্যান দিয়ে ছক্কা মারার মতো কিছু ভাবা মুশকিল। কিন্তু সাকিব দেখালেন, শুধু ভাবা নয়, করাও যায়। ইনিংসের একাদশ ওভারে থিসারা পেরেরার লেংথ বলে সপাটে স্লগ পুল করলেন মিড উইকেটের দিকে। বল ব্যাটের ওপরের কানায় লেগে থার্ডম্যান দিয়ে অনায়াসেই সীমানার ওপারে!


 আরিফুল ইসলাম