টুকরো টুকরো ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবাক করমর্দন
ম্যাচ শুরুর বাকি তখন মিনিট পাঁচেক। ফিল্ডিংয়ে নামার কথা বাংলাদেশের, কিন্তু দুদলের ড্রেসিংরুম থেকেই বেরিয়ে এলেন সব ক্রিকেটার। সঙ্গে সাপোর্ট স্টাফও, লাইন দিয়ে দাঁড়ালেন দুই ড্রেসিংরুমের মাঝামাঝি। তবে কি জাতীয় সংগীত বাজানো হবে? এই সিরিজে সেটি তো হয়নি একবারও! কারণটা বোঝা গেল একটু পর। দুদলের সঙ্গে করমর্দন করবেন বিসিবিপ্রধান নাজমুল হাসান, সে জন্যই এই আয়োজন! উপমহাদেশে এই সংস্কৃতি অবশ্য নতুন কিছু নয়। তবে সিরিজের শেষ প্রান্তে এসে বিসিবিপ্রধান হঠাৎ এমন শুভেচ্ছা বিনিময়ের তাগিদ অনুভব করলেন কেন, কে জানে!
অভিষেক স্বাদ
১৯ বছর আগের স্মৃতিতে নিশ্চয়ই মরচে ধরে গেছে। ১৯৯৫ সালের এপ্রিলে ওয়ানডে অভিষেক হয়েছিল ভারতের বিপক্ষে শারজায়। অভিষেকের সেই রোমাঞ্চ কাল নতুন করে অনুভব করলেন আনিসুর রহমান। সাবেক বাঁহাতি পেসারের কাল আবার ওয়ানডে অভিষেক হলো, এবার আম্পায়ারের ভূমিকায়। বাংলাদেশর ১১তম ওয়ানডে আম্পায়ার আনিসুর। প্রথম দুজন ছিলেন এ এফ এম আখতারউদ্দিন ও সয়লাব হোসেন। ২০০১ সালে দুজন দাঁড়িয়েছিলেন চট্টগ্রামে বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডেতে। সবচেয়ে বেশি ওয়ানডে পরিচালনা করছেন এনামুল হক (৪৭), তারপর বহিষ্কৃত আম্পায়ার নাদির শাহ (৪০)। তবে এনামুলের পর আনিসুরই একমাত্র আম্পায়ার, যাঁর আছে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা।
ছোবল
চোটাঘাতে জর্জর ক্যারিয়ারে শুরুর সেই গতি হারিয়ে গেছে কবেই। মাশরাফির বলে বিষ অবশিষ্ট আছে যেটুকু, তাতেই কাল ক্ষণিকের জন্য নীল তিলকরত্নে দিলশান। রুবেল নিজের প্রথম ওভারেই ফিরিয়েছিলেন কুশল পেরেরাকে। মাশরাফি উইকেট নিতে না পারলেও আঘাত একটা হানলেন বটে। ইনিংসের তৃতীয় ওভারেই মাশরাফির একটি বল লেংথ থেকে আচমকা লাফিয়ে ছোবল দিল দিলশানের ডান হাতের বুড়ো আঙুলে। ব্যথায় কেঁপে উঠলেন দিলশান, অনেকটা সময় কাটাতে হলো ফিজিওর সান্নিধ্যে। দিলশানকে পরে আউট করেছেন রুবেল, তবে অভিজ্ঞ ব্যাটসম্যানকে নাড়িয়ে দেওয়ার কৃতিত্ব দাবি করতেই পারেন মাশরাফি!
তিন জীবনে তিন রান
আশান প্রিয়াঞ্জন কাল যেন নেমেছিলেন বিড়ালের জীবন নিয়ে। ওই যে কথায় আছে না ‘দ্য ক্যাট হ্যাজ নাইন লাইভস’। কাল ৩ রান করতেই তিনবার আউট হতে হতে বেঁচে যান তরুণ এই লঙ্কান ব্যাটসম্যান। সোহাগ গাজীর বলে প্রিয়াঞ্জনের ব্যাট থেকে আসা বল স্লিপে মাহমুদউল্লাহর হাতে জমেনি অল্পের জন্য, মিসফিল্ড থেকে পাওয়া রানে খাতা খোলেন ব্যাটসম্যান। পরের ওভারে তুলে মেরেছিলেন সাকিবকে। লং অফে আরেকটু জোর চেষ্টা করলে হয়তো হাতে জমাতে পারতেন রুবেল। এতে প্রিয়াঞ্জনের রান হলো ২। পরের ওভারে পেলেন সত্যিকারের ‘জীবন’। সোহাগের বলে মিড উইকেটে এবার ক্যাচ ছাড়লেন নাসির। তিন জীবনে তিন রান!
পাশাপাশি
মাশরাফির চেয়ে একটি উইকেট পেছনে থেকে ম্যাচ শুরু করেছিলেন সাকিব। প্রথম স্পেলে মাশরাফি উইকেট পেলেন না, পরে আশান প্রিয়াঞ্জনকে এলবিডব্লু করে তাঁকে ছুঁয়ে ফেললেন সাকিব। সুযোগ থাকলেও উইকেট নিয়ে নিজেকে আবার ওপরে নিতে পারেননি মাশরাফি, সাকিবও পারেননি আরেকটি উইকেট নিয়ে মাশরাফিকে ছাড়িয়ে যেতে। ম্যাচ শেষে তাই পাশাপাশি দুজন—১৬৪ ওয়ানডে উইকেট! দুজন বোলিংও করেছেন সমান ১৩০ ইনিংসে!
বাংলাদেশের যম
টেস্টে বাংলাদেশের বিপক্ষে তিনি ‘অতিমানব’। ওয়ানডেতেও কি কম যান! ১২৮ রানের ইনিংসটার পথে কাল ছাড়িয়ে গেছেন ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে হাজার রান। পরে ছাড়িয়ে গেছেন সবাইকেও। টেস্টের মতো ওয়ানডেতেও বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বেশি রান এখন কুমার সাঙ্গাকারার (১০৯৯)। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে হাজার রান আছে আর শুধু ব্রেন্ডন টেলর (১০৩৬) ও সনাৎ জয়াসুরিয়ার (১০৩০)। সেঞ্চুরির সংখ্যায় সাঙ্গাকারা ছুঁয়েছেন জয়াসুরিয়ার ৪ সেঞ্চুরির রেকর্ড। বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে সেঞ্চুরি আছে উপুল থারাঙ্গা, তিলকরত্নে দিলশান ও মোহাম্মদ ইউসুফের। সব মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে ১১ সেঞ্চুরি হলো সাঙ্গাকারার, ৭ সেঞ্চুরি নিয়ে দুইয়ে দিলশান।
আরিফুল ইসলাম