টুকরো টুকরো ছবি
আরও একজন
সাবেক এক পেসারের হাত থেকে টেস্ট ক্যাপ পেলেন নবীন এক পেসার। নিজের টেস্ট ক্যাপ পাওয়ার স্বপ্ন পূরণ হয়নি। তবে আরেকজনের স্বপ্নপূরণের মুহূর্তটা অন্তত উপহার দিতে পারলেন শেন জার্গেনসেন। কাল আল আমিন হোসেনকে টেস্ট ক্যাপ তুলে দিয়েছেন বাংলাদেশের অস্ট্রেলিয়ান কোচ। ৮১ ম্যাচে বাংলাদেশের ৭০তম টেস্ট ক্রিকেটার আল আমিন। ৭০ জনের ২৩ জনই পেসার! টেস্ট আঙিনায় বাংলাদেশের পেস বোলিংয়ের অবস্থাটা বোঝা যাচ্ছে এই তথ্যে। আল আমিনের জন্যও অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ।
টেলরের ফিফটি
ব্যাটিংয়ের সুযোগ এখনো পাননি। তবে মাঠে নেমেই একটি মাইলফলক ছোঁয়া হয়ে গেছে রস টেলরের। নিউজিল্যান্ডের ১৮তম ক্রিকেটার হিসেবে ছুঁলেন টেস্ট খেলার ফিফটি। এই মাইলফলকে দারুণ উচ্ছ্বসিত টেলর, দিন শেষে বললেন, ‘প্রথম দুই টেস্টের পর ভাবতেও পারিনি আর কোনো টেস্ট খেলতে পারব!’ প্রথম দুই টেস্টে চার ইনিংস মিলিয়ে ৪৪ রান করেছিলেন টেলর, ওই শঙ্কার কারণ ছিল তাই যথেষ্টই। তবে তৃতীয় টেস্টেই ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন দুর্দান্ত এক সেঞ্চুরি। দূরে পাঠিয়ে দিয়েছিলেন শঙ্কার মেঘ। নিউজিল্যান্ডের হয়ে টেস্ট রানের তালিকায় এখনই তিনি সাতে!
উল্টো নিউজিল্যান্ড
নীল জমিন। বাঁ পাশের ওপরের কোনায় ইউনিয়ন জ্যাক, পাশে চারটি লাল তারকা। ১৯০২ সাল থেকে এটাই নিউজিল্যান্ডের জাতীয় পতাকা। শতবর্ষী সেই পতাকা কাল বদলে গেল মিরপুর স্টেডিয়ামে! শেরেবাংলার গ্র্যান্ড স্ট্যান্ডের ছাদে রীতি অনুযায়ী বিসিবির পতাকার দুই পাশে ওড়ানো হয়েছিল দুই দেশের পতাকা। সেখানেই দেখা গেল, নিউজিল্যান্ডের পতাকায় সেই ইউনিয়ন জ্যাক ওপরের দিকের বদলে নিচের দিকে! অজ্ঞতা থেকেই হোক বা বেখেয়ালে, নিউজিল্যান্ডের পতাকা লাগানো হয়েছিল উল্টো করে! সারা দিনই পতপত করে উড়ল সেই উল্টো নিউজিল্যান্ড! স্টেডিয়ামের বাইরে বিসিবির প্রধানকে অভিনন্দন জানিয়ে লাগানো অসংখ্য ব্যানারের সব কটি কিন্তু ঠিকঠাকই লাগানো হয়েছে। উল্টে গেছে শুধু অতিথি দেশের জাতীয় পতাকা!
ত্রিধারী তলোয়ার
ট্রেন্ট বোল্ট আর কোরি অ্যান্ডারসন ধরে রাখলেন জায়গা। ব্রুস মার্টিনের বদলে একাদশে ঢুকলেন নিল ওয়াগনার। ৮৩ বছরের টেস্ট ইতিহাসে এই প্রথম তিন বাঁহাতি পেসার নিয়ে মাঠে নামল নিউজিল্যান্ড। একাদশে তিন বাঁহাতি পেসার ক্রিকেট ইতিহাসেই যথেষ্ট বিরল, পার্টটাইমারদের ধরেও এটি মাত্র ২৭তম ঘটনা। সর্বশেষ তিন বাঁহাতি পেসার নিয়ে মাঠে নেমেছিল ভারত। ২০০৬ সালে পাকিস্তানের বিপক্ষে করাচি টেস্টের একাদশে ছিলেন জহির খান, ইরফান পাঠান ও রুদ্র প্রতাপ সিং। বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে একাদশে তিন বাঁহাতি পেসার খেলায়নি কখনোই।
পায়ে ঠেলা লক্ষ্মী
চট্টগ্রামের শেষ দিন আর ঢাকার প্রথম দিন প্রায় একবিন্দুতে মিলে গেল তামিম ইকবালের জন্য। কাজে লাগাতে পারলেন না কুড়িয়ে পাওয়া সৌভাগ্যকে। এমনিতে নিউজিল্যান্ড বিশ্বের অন্যতম সেরা ফিল্ডিং দল। কিন্তু তামিমের ক্যাচই বারবার হাতছাড়া করছেন টেলর-ওয়াটলিং-ম্যাককালামরা। তামিমও যেন কৃতজ্ঞতা দেখিয়ে খুব বেশি ভোগাননি কিউইদের। চট্টগ্রামের শেষ দিনে ৩০ ও ৪০ রানে জীবন পেয়েছিলেন, তবু যেতে পারেননি ৫০ পর্যন্ত। কাটা পড়েছিলেন ৪৬ রানে। কাল জীবন পেলেন ৫ ও ১০ রানে। এবার ফিফটি পেরিয়েও এগিয়ে গেলেন অনেকটা, কিন্তু সেঞ্চুরি পেলেন না ৫ রানের জন্য।
বাংলাদেশের আম্পায়ার!
বাংলাদেশের সঙ্গে রিচার্ড ইলিংওয়ার্থের সম্পর্কটা পুরোনো। নব্বইয়ের দশকে ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে এসেছিলেন আবাহনীর হয়ে। খেলোয়াড়ি জীবন শেষের পর নতুন ক্যারিয়ারের শুরুতেও জড়িয়ে বাংলাদেশ। আন্তর্জাতিক আম্পায়ারিংয়ে অভিষেক হয়েছিল ২০১০ সালে ব্রিস্টলে বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে দিয়ে। গত বছর টেস্ট আম্পায়ারিংয়েও অভিষেক বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে, এই ঢাকাতেই। এরপর এখন পর্যন্ত যে পাঁচটি টেস্টে আম্পায়ার হিসেবে দাঁড়ালেন, সব কটিই বাংলাদেশের টেস্ট!
রোদ-মেঘ-বৃষ্টি
প্রভাত সব সময় দিনের পূর্বাভাস ঠিকভাবে দেয় না। যেমন দিল না কাল। বৃষ্টির শঙ্কা মাথায় নিয়ে শুরু হয়েছিল মিরপুর টেস্ট। আবহাওয়ার পূর্বাভাসে প্রথম দুই দিনই ছিল বৃষ্টি। কিন্তু কাল সকাল থেকেই চকচকে রোদ। মনে হচ্ছিল, কেটে গেছে শঙ্কার মেঘ। তবে দুপুরের দিকে কালো হতে থাকল আকাশ। বেলা দেড়টার দিকে জ্বলে উঠল ফ্লাডলাইট, যেন প্রায় সন্ধ্যা নেমে এসেছে! শেষ পর্যন্ত বৃষ্টিতে ভেস্তে গেল শেষ সেশনের খেলা। মজার ব্যাপার, দিনের খেলার আনুষ্ঠানিক সমাপ্তি হতেই কাটতে শুরু করল মেঘ। চারটা নাগাদ মেঘ ফুঁড়ে আলোর রেখা। তবে মিরপুরের মাঠ তখন নিয়েছে পুকুরের চেহারা। মেঘের আড়াল থেকে সেদিকে তাকিয়ে যেন ভ্রুকুটি কাটছিল সূয্যিমামা!
আরিফুল ইসলাম