টুকরো টুকরো ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেজাভু!সেই কাইল মিলস, আবারও প্রথম ওভার। বদলে গেল শুধু ব্যাটসম্যান, শাহরিয়ার নাফীসের জায়গায় এবার ইমরুল কায়েস। আগের ম্যাচেও প্রথম ওভারে মিলসের নো বল সূত্রে পাওয়া ফ্রি-হিট চোখ-মুখ বন্ধ করে গায়ের পুরো শক্তি দিয়ে মেরেছিলেন শাহরিয়ার। বল উঠে গিয়েছিল আকাশে, মিড উইকেটে ক্যাচ নিয়েছিলেন রস টেলর। কাল আবারও মিলসের নো বল, ফ্রি-হিটে একই কাজ করলেন ইমরুল। এবারও ক্যাচ উঠল মিড উইকেটে, নিলেন অ্যারন রেডমন্ড। শুধু পার্থক্য, শাহরিয়ার করতে পেরেছিলেন ৭৩, ইমরুল করলেন পুরো উল্টো, ৩৭!পুলে রান, পুলে মৃত্যুপুল শট দুজনেরই খুব প্রিয়, সুযোগ পেলেই ইমরুল কায়েস ও জুনায়েদ সিদ্দিক বুঝিয়ে দিয়েছেন অনেকবার। বোঝালেন কালও। টাফির দ্বিতীয় ওভারের শেষ বলে আর মিলসের তৃতীয় ওভারের প্রথম বলে শর্ট বল পেয়েই পুল করে সীমানা ছাড়া করলেন ইমরুল ও জুনায়েদ। তবে অ্যাডভেঞ্চার তো কখনো কখনো বিপদও ডেকে আনে। ওই ওভারেই আরেকটি শর্ট বল, এবার পুল করতে গিয়ে মিড উইকেটে ক্যাচ জুনায়েদ।বেনেট-দর্শনঅ্যান্ডি ম্যাকাইয়ের পর হামিশ বেনেট। শেন বন্ডের বিদায়ের পর হন্যে হয়ে একজন গতিতারকা খুঁজছে নিউজিল্যান্ড। ঘরোয়া রেকর্ড বলার মতো না হলেও তাই ম্যাকাইয়ের পর কাল অভিষেক হয়ে গেল বেনেটের। আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় ওভারেই উইকেট পেয়েছেন, দলের সফলতম বোলারও তিনি। প্রতিশ্রুতি আছে, তবে আছে শঙ্কাও। বোলিং অ্যাকশন বলছে, বন্ডের মতো চোটের সঙ্গে আজীবন বন্ধন গড়ে উঠতে পারে তাঁরও।হাতে-কলমে শিক্ষা—২বোলিং আক্রমণে দ্রুত স্পিন এনে বাংলাদেশকে সাফল্য পেতে দেখে আগের ম্যাচে চতুর্থ ওভারেই স্পিন এনেছিল নিউজিল্যান্ড। বাংলাদেশ থেকে পাওয়া দুই নম্বর শিক্ষাটাও কাল কাজে লাগালেন ড্যানিয়েল ভেট্টোরি। তৃতীয় ম্যাচে ১৯ ওভারের মধ্যে ছয়জনকে বোলিং করিয়েছিলেন সাকিব। কাল ভেট্টোরি ২২ ওভারের মধ্যে কাজে লাগালেন সাতজন বোলার! ব্যস্ত অধিনায়কদলের মূল বোলার, মূল ব্যাটসম্যান আর অধিনায়ক। সাকিবের কাজ এমনিতেও কম নয়। কাল যেন আরও বেশি ব্যস্ত থাকতে হলো সাকিবকে। দুর্দান্ত ব্যাটিং করেছেন, কিন্তু শারীরিকভাবে মনে হচ্ছিল একটু দুর্বল। ব্যাটিংয়ের সময় দুবার ড্রেসিংরুমেও গেছেন। এর মাঝেই কাজ একটু বাড়িয়ে দিলেন এক দর্শক। ঘটনা ৩৯তম ওভারের। প্রেসবক্স প্রান্তের সাইট স্ক্রিনের ঠিক পেছনে সাদা টি-শার্ট পরে দাঁড়িয়েছিলেন এক দর্শক, যাতে ব্যাটসম্যানের বল দেখতে সমস্যাই হচ্ছিল। আম্পায়ার, নিরাপত্তাকর্মী, গ্রাউন্ডসম্যান কেউ সেই ‘বিবাগী’ দর্শকের মনোযোগ আকর্ষণ করতে পারছিলেন না। শেষে ব্যাটিং ছেড়ে সাকিব দৌড়ে মাঠের বাইরে গিয়ে সরে যেতে বললেন সেই দর্শককে।একের ভেতর দুইনিজের কীর্তিতে মানুষ নাকি কখনো কখনো চমকে দেয় নিজেকেও। প্রচলিত কথাটার সত্যতা পাওয়া গেল কাল শফিউল ইসলামকে দেখে। শফিউলের ফুল লেংথ বল বোলার সোজা সজোরে মেরেছিলেন ব্রেন্ডন ম্যাককালাম। নিজেকে বাঁচাতে পড়িমড়ি করে হাত দুটো মুখের সামনে এনেছিলেন শফিউল, তাতেই আটকে গেল ক্যাচ। তরুণ পেসারের মুখে হাসি, চোখে অবিশ্বাস! এক কাজে হয়ে গেল দুই কাজ, নিজেকে বাঁচানোও হলো, প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ উইকেটেও পড়ল।সৌভাগ্য-দুর্ভাগ্যমাহমুদউল্লাহর ঝুলিয়ে দেওয়া বল মিডল স্টাম্পে পড়ে বেরিয়ে গেল। বাঁহাতি ব্যাটসম্যানের জন্য একজন অফ স্পিনারের আদর্শ ডেলিভারি। মন্ত্রমুগ্ধের মতো উইকেট ছেড়ে বেরিয়ে এসেছিলেন ভেট্টোরি, কিন্তু স্টাম্পিং করতে পারলেন না মুশফিকুর রহিম। বোলারের জন্য হয়তো একটু খারাপ লাগল ভেট্টোরির। পরের বলটি ছিল হাফ ভলি, কিউই অধিনায়ক ক্যাচ তুলে দিলেন শর্ট কভারে সোহরাওয়ার্দীর হাতে।অবিশ্বাস্য অবিশ্বাস্য দর্শকবৃষ্টিতে পরিত্যক্ত দ্বিতীয় ম্যাচের পরের দিনের ঘটনা। মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুশীলন শেষে ব্রেন্ডন ম্যাককালামের একটা কথা শুনে উপস্থিত সাংবাদিকদের হেসে খুন হওয়ার জোগাড়। প্রথম ম্যাচে নাকি স্টেডিয়ামে ‘অবিশ্বাস্য’ দর্শক ছিল! কাল প্রেসবক্সে তুমুল আলোচনা, ‘আজকের দর্শক দেখে ম্যাককালামের কেমন মনে হচ্ছে?’ বিসিবি জানিয়েছিল, বাংলাদেশের সিরিজ জয়ের সম্ভাবনার কথা বিবেচনা করে ১৭-১৮ হাজার টিকিট ছাড়া হবে। কিন্তু কাল মাঠে যে পরিমাণ দর্শক দেখা গেল, ২০ হাজার ছাড়িয়ে গেছে অনায়াসেই। কাল ম্যাককালামের কী মনে হচ্ছিল? হয়তো মনে মনে বলছিলেন, ‘অবিশ্বাস্য রকমের অবিশ্বাস্য দর্শক!’  আরিফুল ইসলাম