টুকরো টুকরো ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুতুড়ে প্রত্যাবর্তন: ১যেভাবে ছিটকে পড়েছিলেন, মাশরাফি বিন মুর্তজার ফেরাটাও হলো তেমনি ভুতুড়ে। ম্যাচের প্রথম বলেই মনে করিয়ে দিলেন ২০০৬-০৭ অ্যাশেজে স্টিভ হার্মিসনের সেই ‘বিখ্যাত’ প্রথম বলকে। সামান্য একটু পার্থক্য, হার্মিসনের বলটি ছিল অফ স্টাম্পের অনেক বাইরে, দ্বিতীয় স্লিপে ধরেছিলেন অ্যান্ড্রু ফ্লিনটফ। মাশরাফিরটি লেগ স্টাম্পের বাইরে, উইকেটকিপার মুশফিকুর রহিমের সাধ্য ছিল না ধরার। ব্যাট হাতেও রানআউট হলেন সাকিবের সঙ্গে ভুল বোঝাবুঝিতে।‘কই মাছের প্রাণ’থ্রো ছিল প্রায় নিখুঁত, বল ধরে উইকেট ভাঙার জন্য যথেষ্ট সময়ও পেয়েছিলেন মুশফিকুর রহিম। কিন্তু পারলেন না বাংলাদেশের উইকেটকিপার, ১৫ রানে বেঁচে গেলেন ব্রেন্ডন টেলর। ২৩ রানে আবার ‘জীবন’, মাশরাফির বলে ক্যাচ নিতে না পেরে ‘জীবনদাতা’ সেই মুশফিকুর। মনে হচ্ছিল টেলরের যেন কই মাছের প্রাণ। তবে পরের ওভারেই দুর্দান্ত এক স্টাম্পিং করে প্রায়শ্চিত্ত করলেন মুশফিকুর, মনে করিয়ে দিলেন কই মাছেরও মরণ আছে!সময়ানুবর্তিতার রহস্যসময়মতো সব কাজ হয় না বলে দুর্নাম আছে বাঙালির। কাল কিন্তু দেখা গেল উল্টোটাই। সময়ানুযায়ী প্রথম ইনিংস শেষ হওয়ার কথা দুপুর সাড়ে ১২টায়। কিন্তু ৪৯ ওভার খেলার পরও দুপুর বারোটাতেই শেষ জিম্বাবুয়ের ইনিংস! ঘটনা হলো, বাংলাদেশের দুই পেসার মিলে বোলিং করেছেন মাত্র ১০ ওভার, ১৩ ওভারের পর থেকে শেষ পর্যন্ত চলেছে টানা স্পিন!উন্নত ক্যালকুলেটর‘ক্যালকুলেটর’ অবশেষে স্কোর কার্ডের রূপ পেয়েছে। নিউজিল্যান্ড সিরিজের সময় স্কোর কার্ডের লেখা এত ছোট ছোট ছিল যে, প্রেসবক্সে এটার নাম হয়ে গিয়েছিল ক্যালকুলেটর। লেখাগুলো এখন বড় হয়েছে। তবে পরিপূর্ণ ডিজিটাল স্কোর কার্ড বলতে যা বোঝায়, সেটা এখনো হয়নি। নীরস লেখার পাশে কোনো ডিসপ্লে বা বৈচিত্র্য নেই।ভুতুড়ে প্রত্যাবর্তন: ২অনেক দিন পর প্রথম ম্যাচ, যেভাবে খেলা উচিত ঠিক সেভাবেই খেলছিলেন তামিম ইকবাল। সহজাত প্রবৃত্তিকে দমিয়ে শুরুতে দেখেশুনে খেলেছেন, যখন সবে হাত খুলতে শুরু করেছেন তখনই ‘প্রাণ’ গেল আম্পায়ারের বাজে এক সিদ্ধান্তে। লেগ স্টাম্পের ফুট খানেক বাইরে পিচ করা ক্রিস পোফুর বল পায়ে লাগার পর জোরালো আবেদন, স্টিভ বাকনর, রুডি কোয়ের্তজেনের চেয়েও বেশি সময় নিয়ে, ভেবেচিন্তে আঙুল তুলে দিলেন এনামুল হক!ভুতুড়ে প্রত্যাবর্তন: ৩তামিম-মাশরাফির মতো দলে ফেরার ম্যাচটিকে মনে রাখতে চাইবেন না মোহাম্মদ আশরাফুলও। আবদুর রাজ্জাকের বলে শর্ট কভারে এলটন চিগুম্বুরার সহজতম ক্যাচ ছাড়লেন। ব্যর্থ হলেন আসল কাজেও। এশিয়ান গেমস ক্রিকেট ফাইনালের রিপ্লে দেখিয়ে বোল্ড হলেন লেট কাট করতে গিয়ে।সিডন্সের টেনশনবাংলাদেশের ম্যাচে ড্রেসিংরুমের সামনে এক কোনায় দাঁড়িয়ে থাকার অভ্যাস জেমি সিডন্সের অনেক দিনের। কাল বাংলাদেশের ইনিংসের প্রায় অর্ধেক টানা দাঁড়িয়ে থাকলেন সেখানে। উত্তেজনাপূর্ণ শেষের দিকে কখনো কোমরে হাত, কখনো বুকে, কখনো বা এক হাত বুকে, এক হাত থুতনিতে। টেনশনে একপর্যায়ে গ্যালারির বাড়তি অংশটুকুতে উঠে বসে পা দোলাতে থাকলেন।রসিক বুচারসংবাদ সম্মেলনে বসে আছেন জিম্বাবুয়ে কোচ অ্যালান বুচার, অধিনায়ক চিগুম্বুরা ও ম্যান অব দ্য ম্যাচ ক্রিস পোফু। কথা রেকর্ড করার জন্য সামনে রাখা অনেক সাংবাদিকেব মোবাইল ফোন। হঠাত্ বেজে উঠল একটি ফোন। সঙ্গে সঙ্গে ফোনটা নিয়ে বুচার এমনভাবে কথা বলা শুরু করলেন যেন তাঁর নিজেরই ফোন, কথা বলছেন ঘনিষ্ঠ কোনো বন্ধুর সঙ্গে! একটু পর আবার বেজে উঠল কোনো এক সাংবাদিকের সঙ্গে থাকা মোবাইল। এবার বুচার বললেন, ‘আপনাদের সামাজিক জীবনে বিঘ্ন ঘটাচ্ছি বলে দুঃখিত!’ আরিফুল ইসলাম