টুকরো টুকরো ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটোসেশন অবলোকনদুই আম্পায়ার মাঠে ঢুকে পড়েছেন, ঢুকেছেন বাংলাদেশের দুই ওপেনারও। কিন্তু একটু এগিয়েই থমকে যেতে হলো তাঁদের। যাঁরা বোলিং-ফিল্ডিং করবেন, তাঁরা যে তখনো মাঠেই নামেননি! অস্ট্রেলিয়া দল তখন ব্যস্ত ফটোসেশনে। ড্রেসিংরুমের সামনে অফিশিয়াল ফটোসেশন চলছিল অস্ট্রেলিয়ার, আর মাঠের কোণে দাঁড়িয়ে সেটা দেখছিলেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস।যন্ত্রণাময় ৫০ মিনিটচতুর্থ বলে প্রথম রানের দেখা পান ইমরুল কায়েস। এরপর যে কী হলো, ব্যাটে-বলেই হয় না। হলেও টাইমিং হয় না, গ্যাপ পান না। রান যেন হয়ে গেল ডুমুরের ফুল। জন হেস্টিংসকে থার্ডম্যানে পাঠিয়ে যখন দ্বিতীয় রানের দেখা পেলেন, মাঝে যেন পেরিয়ে গেছে অনন্তকাল। ১ থেকে ২-এ যেতে ২৪ বল লেগে যাওয়া অনন্তকালই তো! এরপর অবশ্য যথেষ্ট সাবলীল ইমরুল, পরের ১২ বলে ৩ রান। জনসনকে খ্যাপাটে এক পুল করতে গিয়ে অবশেষে যন্ত্রণা থেকে মুক্তি।স্টিভ ‘ওয়ার্ন’ স্মিথ ব্লন্ড চুল আর লেগ স্পিনার হলেই হলো, অস্ট্রেলিয়ায় তাঁকে বলা শুরু হয়ে যায় ‘শেন ওয়ার্নের উত্তরসূরি।’ ক্যামেরন হোয়াইটকে বলা হয়েছিল, স্টিভ স্মিথকে আরও এককাঠি বাড়িয়ে বলা হলো ওয়ার্নের পর অস্ট্রেলিয়ার সেরা স্পিন-প্রতিভা। কার্যকর এক অলরাউন্ডার হওয়ার প্রতিশ্রুতি দেখিয়েছেন, তবে এখন পর্যন্ত স্পিনের প্রতিভা খুব একটা দেখাতে পারেননি। কাল অবশ্য এক মুহূর্তের জন্য মনে করিয়ে দিলেন ওয়ার্নকে। দারুণ ফ্লাইট, বল ঠিক জায়গায় পড়ে সাকিবের ব্যাট-প্যাডের ফাঁক গলে লাগল স্টাম্পে। লেগ স্পিনারের স্বপ্নের ডেলিভারি। আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম বোল্ড করলেন কোনো বাঁহাতি ব্যাটসম্যানকে।‘সুইপার’ মাহমুদউল্লাহনামতে হয় সাতে, নিজের মতো ব্যাটিং করার সুযোগ খুব একটা পান না মাহমুদউল্লাহ। সতীর্থদের ব্যর্থতায় কাল যথেষ্ট সময় পেলেন এবং আরেকবার প্রমাণ করলেন কীভাবে তাঁর প্রতিভার অপচয় করছে বাংলাদেশ। এই উইকেটে যথোপযুক্ত ব্যাটিং করেছেন মাহমুদউল্লাহ। এর মধ্যে পরপর দুটি শট ছিল তাঁর প্রতিভা আর প্রত্যুৎপন্নমতিতার চমৎকার উদাহরণ। জেভিয়ার ডোহার্টির করা ইনিংসের ৩৪তম ওভারের প্রথম বলে প্যাডেল সুইপ করে দুই রান নিলেন। ফাইন লেগ ফিল্ডারকে সার্কেলের ভেতরে টেনে এনে পরের বলটি করলেন ডোহার্টি। একই ধরনের বল, এবার মাহমুদউল্লাহ করলেন রিভার্স প্যাডেল সুইপ, চার!‘মুক্ত’ বল ছাড়া‘ফ্রি হিট’ পেলেই যেন বলকে স্টেডিয়াম ছাড়া করার চিন্তা মাথায় ঢুকে যায় ব্যাটসম্যানদের। গায়ের জোরে খেলতে চাওয়ার কারণেই ‘মুক্ত’ বলে টাইমিংয়ে প্রায়ই গড়বড় হয়, চার-ছয় দেখা যায় খুবই কম। মুশফিকুর রহিম বোধহয় সেদিক থেকে একটা ‘প্রথমের’ জন্ম দিয়ে ফেললেন। ইনিংসের ৩৯তম ওভারে একটা ‘ফ্রি হিট’ পেয়েছিলেন। কিন্তু মিচেল জনসন ছুড়লেন শরীর তাক করে এক বাউন্সার। বলটা আবার খুব বেশি ওঠেওনি। মারবেন কী, আগে তো নিজেকে বাঁচাতে হবে! পড়িমরি করে বলটি ছেড়ে রক্ষা পেলেন মুশফিকুর।মুশফিকের নেট শটসামনের পা অন্যের দিকে সরিয়ে বলকে মিড উইকেট থেকে লং অনের ওপর দিয়ে গ্যালারিতে পাঠানো—আবদুল রাজ্জাকের সৌজন্যে শটটি এখন ক্রিকেট-বিশ্বের বহুল প্রচলিত শট। নেটে প্রায় দিনই শটটি অনুশীলন করেন মুশফিকুর রহিম, কিন্তু ম্যাচে খুব একটা খেলতে দেখা যায় না। কাল একবারের জন্য দেখা গেল, বেছে নিলেন তখন পর্যন্ত সবচেয়ে কঠিন বোলার ব্রেট লিকেই। শব্দই বলে দিচ্ছিল টাইমিং কেমন হয়েছে, বল গেল গ্যালারিতে!বিমুখ মাশরাফি-লিদুজনের সুযোগ ছিল দেশের ইতিহাসে ‘দ্বিতীয়’ হওয়ার। দেশের ইতিহাসে ওয়ানডেতে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ১৫০ উইকেটে পেতে মাশরাফি বিন মুর্তজার প্রয়োজন ছিল দুটি উইকেট, দ্বিতীয় অস্ট্রেলিয়ান হিসেবে ৩৫০ উইকেট পেতে ব্রেট লির প্রয়োজন ছিল মাত্র একটি উইকেট। মাশরাফির কাল পারার উপায়ই ছিল না, প্রথম একাদশেই জায়গা পাননি। লি বোলিং করছিলেন দারুণ। প্রথম দুই স্পেল মিলিয়ে ৮ ওভারে দিয়েছিলেন মাত্র ১৩ রান। কিন্তু কাঙ্ক্ষিত উইকেটটা পাচ্ছিলেন না। শেষ দুই ওভারে উইকেট পাবেন কী, উল্টো দিয়ে বসলেন ২৪ রান।অচেনা মিরপুরগ্যালারিভরা দর্শক আর গর্জন—গত কিছুদিন এই ছিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের চেহারা। কাল যেন হঠাৎই অন্য চেহারায় মিরপুরের গ্যালারি। গ্যালারির অর্ধেকের বেশি ফাঁকা। সবচেয়ে বেশি দৃষ্টিকটু লাগছিল গ্র্যান্ড স্ট্যান্ড, ভিআইপি গ্যালারির মতো ‘অভিজাত এলাকা’গুলো। বিসিবির সৌজন্য টিকিটের একটা বড় অংশ থাকে এসব গ্যালারির। প্রথম ম্যাচেও এই গ্যালারির অনেকটা ফাঁকা ছিল। বোঝাই যাচ্ছে, সৌজন্য টিকিট যাঁরা পান, মাঠে আসার সৌজন্য তাঁদের অনেকেই ঠিক দেখান না! আরিফুল ইসলাম