টুকরো টুকরো ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পণ্ডশ্রম
ব্যাট হাতে ব্যর্থ আবার, আরও একবার আউট হয়েছেন দৃষ্টিকটু শটে। বোলিং তো করেনই না। এনামুল হককে মাঠে খুঁজে পাওয়াই মুশকিল। কাল ফিল্ডিংয়ে একবার অবশ্য নিজেকে উজাড় করে দিলেন। ফিল্ডিং করছিলেন পয়েন্টে। আবদুর রাজ্জাকের বলে রস টেলরের কাট শট প্রথমে ডাইভ দিয়েও আটকাতে পারলেন না। ত্বরিত উঠে ছুটলেন বলের পেছনে। সীমানার একদম কাছে গিয়ে অ্যাথলেটিক ভঙ্গিমায় আরেকটি দুর্দান্ত ডাইভে ফেরালেন বল। কিন্তু সতীর্থ আর দর্শকের কিছু হাততালি পাওয়া ছাড়া লাভ কিছু হলো না। টেলর-উইলিয়ামসন দৌড়েই নিয়ে ফেললেন ৪ রান!
আম্পায়ার জুটি ওপেনিং জুটি, পেস জুটি বা স্পিন জুটির মতো আম্পায়ার জুটি কখনো শোনা যায়নি। তবে রিচার্ড ইলিংওয়ার্থ ও ব্রুস অক্সেনফোর্ডকে এখন ’জুটি’ বলাই যায়। এই নিয়ে বাংলাদেশের মাটিতেই তিনটি টেস্টে একসঙ্গে দাঁড়ালেন ক্রিকেটের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের দুই আম্পায়ার। গত বছর বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দুই টেস্টেও আম্পায়ার ছিলেন এই দুজন। নিরপেক্ষ কোনো দেশে দুই আম্পায়ারের একসঙ্গে জুটি বাঁধার রেকর্ড এটিই। এই জুটি ছুঁয়েছে আরও দুই জুটিকে। এই অক্সেনফোর্ডই ভারতে তিনটি টেস্ট পরিচালনা করেছেন কুমার ধর্মসেনার সঙ্গে। আর সাইমন টোফেল ও আসাদ রউফ একসঙ্গে তিনটি টেস্টে দাঁড়িয়েছেন ওয়েস্ট ইন্ডিজে।

উল্টো রথে
অসাধারণ এক শুরুর পর হামিশ রাদারফোর্ডের ক্যারিয়ার যেন চলছে উল্টো রথে। ১৭১ রানের অসাধারণ এক ইনিংস দিয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক। অথচ সেই রাদারফোর্ড মানেই এখন প্রতিপক্ষের সবচেয়ে সহজ উইকেট। শুরুতে দুর্দান্ত কিছু স্ট্রোক খেলে পরে উপহার দিয়ে আসছেন উইকেট। অভিষেক ইনিংসে ১৭১, আর পরের ১১ ইনিংস মিলিয়ে ২৩৬! এর আটবারই ছুঁয়েছেন দু অঙ্ক, কিন্তু ফিফটি নেই আর একটিও। দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হলে জায়গা ধরে রাখাই মুশকিল হবে কেন রাদারফোর্ড-পুত্রের। পরের সিরিজেই যে ফিট হয়ে ফিরবেন মার্টিন গাপটিল!

চূড়ায় সাকিব
টেস্ট উইকেট শিকারে মোহাম্মদ রফিককে ছাড়িয়েছেন আগেই। এবার নতুন আরেকটি চূড়ায় উঠলেন সাকিব আল হাসান। বাংলাদেশের মাটিতে সবচেয়ে বেশি টেস্ট উইকেট এখন সাকিবের। কাল হামিশ রাদারফোর্ডকে আউট করে ছুঁয়েছেন রফিকের ৬৬ উইকেট, ছাড়িয়েছেন পিটার ফুলটনকে আউট করে। ম্যাককালামকে ফিরিয়ে পরে এগিয়ে গেছেন আরেক ধাপ। বাংলাদেশের মাটিতে টেস্ট উইকেটের ফিফটি আছে আর কেবল একজনেরই—মাশরাফি বিন মুর্তজা নিয়েছেন ৫১ উইকেট।

সাকিবের তৃতীয়
নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটি তখন সবে জমে উঠতে শুরু করেছে। বল হাতে পেয়ে প্রথম ওভারেই সাকিব সেটি ভাঙলেন রাদারফোর্ডকে ফিরিয়ে। টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে তৃতীয়বার নিজের প্রথম ওভারেই উইকেট-আনন্দে ভাসলেন সাকিব। সর্বশেষ গত এপ্রিলে, জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে। চতুর্থ বলেই ফিরিয়েছিলেন হ্যামিল্টন মাসাকাদজাকে। প্রথমবার প্রথম ওভারে উইকেট নিয়েছিলেন ২০০৯ সালে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। গ্রেনাডায় সেবারও চতুর্থ বলে আউট করেছিলেন ডেল রিচার্ডসকে। পুরোনো এই স্বাদের সঙ্গে কাল পেয়েছেন নতুন একটি স্বাদ। রাদারফোর্ডের পর ফুলটনকেও ফিরিয়েছেন পরের ওভারে। টেস্ট ক্যারিয়ারে এই প্রথম প্রথম দুই ওভারেই উইকেট!

ভূপাতিত ও ফেরা
স্পিন খেলার দক্ষতা তাঁর সহজাত। এমনিতে পেসটাও খারাপ খেলেন না কেন উইলিয়ামসন। স্টেইন-মরকেল-ফিল্যান্ডার-ডি ল্যাঙ্গেদেরও বিপক্ষে টেস্ট সেঞ্চুরি আছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই আছে ওয়ানডেতে ১৪৫ রানের দুর্দান্ত এক ইনিংস। কিন্তু কাল এই মন্থর উইকেটে রুবেল হোসেনকে খেলতে গিয়েই গড়বড় হয়ে গেল হঠাৎ। রুবেলের বাউন্সারে ‘ডাক’ করেছিলেন চোখ সরিয়ে, বল লাগল হেলমেটে। পড়ে গেলেন উইকেটে। চোখের নিচে কেটে গিয়ে রক্ত ঝরল খানিকটা, ফুলেও গেল জায়গাটা। উইকেট ছেড়ে বাধ্য হলেন ড্রেসিংরুমে যেতে। ‘শিকারি’ রুবেল হোসেন পরে ‘শিকার’ নিজেই। বাউন্ডারি লাইনে ম্যাককালামের দুর্দান্ত ক্যাচটি নিয়ে ধপাস পড়ে ব্যথা পেলেন কোমরে। তবে দুজনই সুস্থ হয়ে পরে ফিরেছেন মাঠে।

‘রহস্য’ বল
অনেক দিন থেকেই বিশেষ একটি বল নিয়ে কাজ করছেন সাকিব আল হাসান ও আবদুর রাজ্জাক। পিচ করে যে বল বাইরে যাবে না, বরং ভেতরে ঢুকবে। যেটাকে বলা যায় ‘বাঁহাতি স্পিনারের দুসরা।’ দুসরার জনক ও বাংলাদেশের স্পিন কোচ সাকলায়েন মুশতাকের সঙ্গেও এটি নিয়ে কাজ করেছেন দুজন। কাল ভেতরে ঢোকা এক বলে ফুলটনকে বোকা বানালেন সাকিব। এটাই কি তবে দুসরার সেই বাঁহাতি সংস্করণ? উৎসাহীদের রোমাঞ্চে জল ঢেলে দিলেন সাকিব দিনশেষে, ‘ওটা পরিকল্পনা করে করিনি, হয়ে গেছে। আমার বল যে কখন কী করে, নিজেও জানি না!’
আরিফুল ইসলাম