টুকরো টুকরো ছবি
আবারও বাংলাদেশওয়ানডেতে তিনটি পাওয়ার প্লে, নো বলে ফ্রি হিট—এমন বেশ কিছু নিয়ম চালু হয়েছিল বাংলাদেশের ম্যাচ দিয়ে। ২০০৯ সালের ৯ অক্টোবর, নিউজিল্যান্ডের বিপক্ষে এই মিরপুর স্টেডিয়ামেই। আবারও সেই অক্টোবরে বাংলাদেশকে দিয়েই অভিষেক হলো একগাদা নতুন নিয়মের। সেবার নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ, কাল হারল ৪০ রানে। প্রথম শিকারনতুন নিয়মের ঝাঁজটা প্রথম দিনেই টের পেলেন আদ্রিয়ান বারাথ। উইকেটে যতক্ষণ ছিলেন, খুব স্বস্তিতে ছিলেন না। কিন্তু উইকেট ছুড়ে আসেননি। তবে উইকেট ছাড়তেই হলো তাঁকে, রান নিতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে টান পড়ায়। আগের ম্যাচে হলেও হয়তো রানার নিয়ে ব্যাটিং করেই যেতেন বারাথ, কিন্তু এখন যে ‘কোনো অবস্থাতেই রানার নয়!’ মস্তিষ্কে ঝড়সাকিব আল হাসান তখন মাত্রই আক্রমণে এসেছেন। প্রতিপক্ষে সেরা বোলারকে দেখে যেন হঠাৎ মস্তিষ্কে ঝড় ওঠার পুরোনো রোগটা মাথাচাড়া দিয়ে উঠল লেন্ডল সিমন্সের। প্রথম বলেই চোখ-মুখ বুজে স্লগ সুইপ করলেন, অল্পের জন্য স্টাম্প ছুঁলো না বল। পরের বলেই ডাউন দ্য উইকেট, এবার স্টাম্পিং থেকে বাঁচলেন স্রেফ ভাগ্যের জোরে। পরিস্থিতি বুঝে নন-স্ট্রাইক প্রান্ত থেকে বারাথ এসে ঠান্ডা করলেন সিমন্সকে। এরপর আর কোনো বাজে শট খেলেননি, সেঞ্চুরির জন্য একটা ধন্যবাদ তাই বারাথকেও দিতে পারেন সিমন্স! ‘নতুন’ পাওয়ার প্লেনতুন নিয়ম অনুযায়ী পাওয়ার প্লে নিতে হবে ১৬ থেকে ৪০ ওভারের মধ্যে। বাংলাদেশ বোলিং পাওয়ার প্লে নিয়েছে বাধ্যবাধকতা শেষ হওয়া মাত্রই, ১৬ ওভার থেকে। ৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২৩ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যাবিবীয়রা ব্যাটিং পাওয়ার প্লে নিয়েছে বাধ্যবাধকতার একদম শেষে গিয়ে, অর্থাৎ ৩৬ ওভার থেকে। ওই ৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে তুলেছে ৪৬।কাকতালীয়লেন্ডল সিমন্স আন্তর্জাতিক ক্রিকেটে বহুকাঙ্ক্ষিত প্রথম সেঞ্চুরিটা পেলেন ৩৭তম ওভারে। ওই ওভারেই ফিফটি ছুঁলেন মারলন স্যামুয়েলস। দীর্ঘ প্রতিক্ষার পর বাংলাদেশ দুজনকে আউটও করল এক ওভারেই। রুবেল হোসেনকে প্যাডেল সুইপ করে শর্ট ফাইন লেগে অলক কাপালির হাতে ধরা পড়েছেন সিমন্স। দুই বল পর হুক করে আউট স্যামুয়েলস, এবার অলক ছিলেন ফাইন লেগে। কিন্তু অনেকটা দৌড়ে এসে সামনে ডাইভ দিয়ে ক্যাচটি নিলেন ফাইন লেগেই!স্যামুয়েলসের ‘তিন’তিন নম্বরে নেমে স্যামুয়েলসের সর্বোচ্চ দুটি স্কোর বাংলাদেশের বিপক্ষেই। দুটোই ২০০২ সিরিজে, টানা দুই ম্যাচে ৮২ ও ৭৭। বাংলাদেশকে পেয়েই যেন কাল আবার তিন নম্বরে ব্যাট করলেন তিন বছর পর। এবার ৭১, তিন নম্বরে স্যামুয়েলসের সেরা তিনটি স্কোরই এখন বাংলাদেশের বিপক্ষে!প্রতীক্ষার রেকর্ডইনিংসের ২৪৭তম বলে কাল প্রথম উইকেট পেয়েছে বাংলাদেশ, প্রথম উইকেটের দেখা পেতে এতটা অপেক্ষা করতে হয়নি আর কখনোই। বাংলাদেশকে সবচেয়ে বেশি অপেক্ষায় রাখার আগের রেকর্ডটিও ছিল ওয়েস্ট ইন্ডিজের। ২০০৪ চ্যাম্পিয়নস ট্রফিতে ২৪০ বল খেলেছিল ক্রিস গেইল ও ওয়াভেল হাইন্ডসের উদ্বোধনী জুটি। নতুন জুটিচোটের কারণে তামিম ইকবাল না থাকায় গত অক্টোবরে নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশের ইনিংস শুরু করেছিলেন ইমরুল কায়েস ও শাহরিয়ার নাফীস। ওই সিরিজের আগে টানা ১৯ ইনিংসে ছিল তামিম-ইমরুল জুটি, ওই সিরিজের পর থেকেও আবার জুটি তামিম-ইমরুল। এক বছর ও ১৮ ম্যাচ পর কাল ওয়ানডেতে বাংলাদেশের ইনিংস শুরু করল এক নতুন জুটি। অভিষেক ম্যাচে তিনে নেমেছিলেন, ৪৩ ম্যাচ পর আবারও তিনে ব্যাট করলেন ইমরুল। ডটের পর ডটতিন শ রান তাড়া করতে হলে তাই চার-ছয়ের ঝড়। কিন্তু বাংলাদেশের ইনিংসের শুরুতে হলো উল্টো। প্রথম ১০ ওভারে নাঈম মারলেন মাত্র তিনটি চার। প্রথম ১৮ ওভার মানে ১০৮ বলের ৭২টিতে কোনো রান পাননি! আরিফুল ইসলাম