টুকরো টুকরো ছবি
মুশফিকের হ্যাটট্রিকটস করতে নেমেই ওয়ানডেতে ম্যাচ খেলার সেঞ্চুরি ছুঁয়েছেন, টসের পর পূর্ণ হয়েছে মুশফিকুর রহিমের ‘হ্যাটট্রিক’। একমাত্র টি-টোয়েন্টির পর টস জিতলেন টানা দুই ওয়ানডেতে। বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া প্রথম তিন ম্যাচে টস জিতেছিলেন আকরাম খানও, শারজায়, ১৯৯৫ এশিয়া কাপে। এই দুজনের থেকেও এগিয়ে আছেন একজন, নাঈমুর রহমান টস জিতেছিলেন প্রথম চার ম্যাচে, অভিষেক টেস্ট আর তিনটি ওয়ানডেতে। মুশফিকের সুযোগ আছে নাঈমুরকে ছুঁয়ে ফেলার।ইমরুলের ‘প্রথম’শূন্য রানে আউট হতে কারও ভালো লাগে না কখনোই। ইমরুল কায়েসের কাছে কাল স্বাদটা আরও তেতো লাগার কথা। টি-টোয়েন্টিতে দুটি ও টেস্টে একটি শূন্য আছে, কিন্তু ওয়ানডেতে শূন্যের স্বাদ পেলেন কালই প্রথম! একটা তথ্য জেনে অবশ্য স্বস্তি পেতে পারেন ইমরুল, প্রথম শূন্যের আগে সবচেয়ে বেশি ইনিংস খেলার বাংলাদেশের রেকর্ডটা তাঁরই। কাল ছিল তাঁর ৪৬তম ইনিংস। সব মিলিয়ে প্রথম শূন্যের আগে পঞ্চাশের বেশি ইনিংস খেলার কীর্তি আছে ৭ জনের, ৭২ ইনিংস নিয়ে সবার আগে সাবেক শ্রীলঙ্কান স্পিনার কুমার ধর্মসেনা।বার্থডে বয়জীবনের ইনিংসে কাল ২৭ পূর্ণ করলেন রবি রামপল। ত্রিনিদাদের পেসারের জন্মদিন স্মরণীয় করে রাখতে যেন বেশ উৎসাহী ছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। প্রথম ওভারেই রামপলকে উইকেট উপহার দিলেন ইমরুল, পরে উপহার পেলেন সাকিবের কাছ থেকে। আর কোনো উইকেট না পেলেও ১০ ওভারে রান দিয়েছেন মাত্র ২৭। ৪-৫টি উইকেট হলে হয়তো দিনটা আরও স্মরণীয় হতো, তবে যা করেছেন, জন্মদিনটা তাতেও মন্দ কাটার কথা নয় তাঁর! ৫ বলে ওভার‘কত বলে এক ওভার?’—প্রশ্ন শুনে চটে যেতে পারেন। কাল কিন্তু একবারের জন্য হলেও উত্তরটি ভুলে গিয়েছিলেন আম্পায়ার নাদির শাহ! কাল ড্যারেন স্যামির করা ইনিংসের ১৫তম ওভারটি শেষ করে দিলেন ৫ বলেই! বিস্মিত ক্রিকইনফোর ধারাভাষ্যকার জর্জ বিনয় লিখলেন, ‘দর্শকদের কেউ চিৎকার করে আম্পায়ারকে মনে করিয়ে দিচ্ছে না কেন!’রোচের ফেরাবিশ্বকাপে বাংলাদেশকে লজ্জায় ডোবানো ম্যাচে ৩ উইকেট পেয়েছিলেন। এর পর থেকেই ওয়ানডেতে নিজেকে ঠিক খুঁজে পাচ্ছিলেন না কেমার রোচ। পরের ১১ ম্যাচের ৭টিতেই ছিলেন উইকেটশূন্য। বাকি চার ম্যাচের তিনটিতে ২ উইকেট, একটি ১ উইকেট। বাংলাদেশকে পেয়ে কাল আবার ৩ উইকেট পেলেন রোচ। বিশ্বকাপের ওই ম্যাচে আউট করেছিলেন তামিম, আশরাফুল ও জুনায়েদকে। কালও তাঁর শিকার তামিম, আশরাফুল। জুনায়েদ ছিলেন না, তাই যোগ হলেন অলক!আনন্দ ও বিষাদম্যাচ শুরুর পরপরই ধ্বংসস্তূপ বাংলাদেশের ইনিংস। ৫৮-র পুনরাবৃত্তির শঙ্কা ছুঁয়ে যাচ্ছিল সবাইকেই। এক-দুই রানেও তাই গ্যালারিতে দারুণ উল্লাস। প্রথম দেড় ঘণ্টায় গ্যালারি থেকে সবচেয়ে বড় চিৎকারটা শোনা গেল ইনিংসের ১৯তম ওভারে, বাংলাদেশ যখন ছুঁয়ে ফেলল ৫৮। তবে উল্লাস থেকে হঠাৎই গ্যালারিতে শ্মশানের নীরবতা—পরের বলেই যে আউট অলক কাপালি!অনন্য নাসিরক্যারিয়ারের মাত্র শুরু, পাড়ি দিতে হবে এখনো অনেকটা পথ। তবে ছোট্ট ক্যারিয়ারেই দারুণ এক কীর্তি গড়ে ফেললেন নাসির হোসেন। ৮ নম্বরে নেমে ক্যারিয়ারের প্রথম ৬ ম্যাচেই ২টি ফিফটি—শুধু বাংলাদেশ কেন, ওয়ানডে ইতিহাসেই নেই আর কারও!তাঁরা দুজনদুজনের মিল অনেক। দুজনই দীর্ঘদেহী ফাস্ট বোলার ছিলেন, সেরা সময়ে দুজনের গতিই ছিল ব্যাটসম্যানদের কাঁপিয়ে দেওয়ার মতো। একজনের ব্যাটের হাতটাও মন্দ ছিল না। সবচেয়ে বড় মিল—সম্ভাবনার ধারেকাছে যেতে পারেননি দুজনের কেউই। দুজনই এখন বাংলাদেশে—ওটিস গিবসন ওয়েস্ট ইন্ডিজের কোচ হয়ে, ধারাভাষ্য দিতে ইয়ান বিশপ। কাল ম্যাচের আগে মাঠের মাঝে দীর্ঘক্ষণ কথা হলো সাবেক দুই সতীর্থের। কী কথা হলো? হয়তো নিজেদের ক্যারিয়ারের আক্ষেপ, কিংবা দলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে! আরিফুল ইসলাম