টুকরো টুকরো ছবি
মুশফিকের জুয়াঅপ্রত্যাশিত কোনো সিদ্ধান্ত যখন কাজে লেগে যায়, অধিনায়ককে কতটা দূরদর্শীই না মনে হয়! কালকের আগে ৬ ওয়ানডেতে কোনো উইকেট ছিল না নাসির হোসেনের। একবার বোলিংয়ে এসেছিলেন চার নম্বরে, একবার পাঁচে, তিনবার ছয়ে, একবার সাতে। কাল সেই নাসিরকে হঠাৎই প্রথম পরিবর্ত বোলার হিসেবে আনলেন মুশফিক, ওই ওভারেই টানা দুই বলে আউট পাওয়েল আর পোলার্ড। ওই প্রান্তের পরের ওভারে আবার নাসিরকে না এনে বল দিলেন সাকিবকে, এবার উইকেট প্রথম বলেই। মুশফিক এখন বলতেই পারেন, ‘কী দারুণ চাল দিলাম!’পোলার্ডের প্রথমওয়েস্ট ইন্ডিজের হয়ে বাজে রেকর্ডের কথা মনে করিয়ে দেওয়ায় বেশ বিরক্ত হয়েছিলেন কাইরন পোলার্ড। ওয়ানডে সিরিজের আগে সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘এই সিরিজে তিনটি সেঞ্চুরিও করে ফেলতে পারি।’ প্রথম ম্যাচে শেষ দিকে নামায় সেঞ্চুরির সুযোগ হয়নি, পরের ম্যাচে ব্যাটিংয়ের সুযোগই পাননি। কাল সময় ছিল যথেষ্ট, পরিস্থিতি তাঁকে সুযোগ করে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের নায়ক হয়ে ওঠার। কিন্তু প্রথম সেঞ্চুরি হবে কি, উল্টো পেলেন ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে প্রথম ‘গোল্ডেন ডাক!’‘বুদ্ধিমান’ রোচডাগ-আউট রাখতে হয় টি-টোয়েন্টি ম্যাচে। মূল কারণ, ব্যাটসম্যানরা যেন দ্রুত মাঠে নামতে পারেন। টি-টোয়েন্টি না থাকলেও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ডাগ-আউট কেন আনা হয়েছে, এটা একটা রহস্য বটে। তবে কাল সেটা ভালোই কাজে লেগেছে কেমার রোচের। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল দেখেই কিনা আগেভাগেই প্রস্তুত হয়ে ডাগ-আউটে চলে এলেন রোচ। আর কী কাণ্ড, তখনই আরেকটি উইকেট পড়ল, ডাগ-আউট থেকে ব্যাটিংয়ে গেলেন রোচ!হতবুদ্ধি রামপলস্যামুয়েলস আউট হওয়ার পর পাওয়েলের জন্য তোয়ালে নিয়ে মাঠে ঢুকেছিলেন রবি রামপল। এরপর মাঠ থেকে বের হয়ে কেবল ডাগ-আউটে বসতে যাবেন, দেখেন পাওয়েল আউট। পরের বলে আউট পোলার্ড। পরের ওভারে ব্রাভো। পুরো সময়টাই কাঁধে তোয়ালে নিয়ে মূর্তির মতো স্থির মাঠে তাকিয়ে রামপল। তিন বল পর যখন স্যামিও আউট, এবার নড়ে উঠল মূর্তি। তোয়ালে ডাগ-আউটে ছুড়ে ফেলে বসে পড়লেন মাথা নাড়তে নাড়তে।সাকিবের ১৫০অ্যান্থনি মার্টিনকে বোল্ড করে ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের যবনিকা টানলেন, সঙ্গে একটি মাইলফলকও ছুঁলেন সাকিব আল হাসান। ওয়ানডেতে ১৫০ উইকেট পূর্ণ হলো সাবেক অধিনায়কের। গত এপ্রিলে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে এই মাইলফলক ছুঁয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। ১৫০ উইকেট ছোঁয়া প্রথম বাংলাদেশি মাশরাফিও নন। গত ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেই ১৫০ ছুঁয়েছিলেন আবদুর রাজ্জাক, ১৭৫ উইকেট নিয়ে সবচেয়ে এগিয়ে তিনি।একই পথেবল পড়ে স্পিন না করে গেল স্টাম্প সোজা, স্পিন করবে ভেবে খেলে ব্যাট-প্যাডের বিশাল ফাঁক গলে দুজনই বোল্ড হলেন বড় দৃষ্টিকটুভাবে। ডানহাতি দিনেশ রামদিন সাকিবের বাঁহাতি স্পিনে, বাঁহাতি শাহরিয়ার নাফীস স্যামুয়েলসের ডানহাতি অফ স্পিনে। কাল মাঠে বা হোটেলে দুজনের দেখা হলে আলোচনার বিষয়বস্তু হতে পারে, ‘এভাবে আউট কীভাবে হলাম!’ডট ডট ডটওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় উইকেট হারিয়েছিল ৩৩ রানে, বাংলাদেশ ৩০ রানে। এতে অতি সাবধানী হয়েই কিনা পুরোপুরি খোলসে ঢুকে গেলেন তামিম-মুশফিক। ১১তম ওভারের প্রথম বলে মার্টিনকে চার মেরেছিলেন মুশফিক, এরপর দুজন মিলে খেললেন টানা ১৯টি ডট বল! স্যামুয়েলসকে স্ট্রেট ড্রাইভে চার মেরে ১৪তম ওভারের তৃতীয় বলে বৃত্ত ভাঙলেন তামিম।অপরাজিত তামিমওয়ানডেতে একবারও অপরাজিত থাকতে পারেননি—তথ্যটি জেনে কদিন আগে তামিম প্রতিজ্ঞা করেছিলেন অপরাজিত একটা ইনিংস খেলার। কাল ওয়েস্ট ইন্ডিজের ‘৬১’ তামিমকে প্রতিজ্ঞা পূরণের সুযোগ এনে দিল। তামিমও যেন শেষ পর্যন্ত থাকার পণ করেই নেমেছিলেন, নিজের চরিত্রবিরোধী ইনিংস খেলে প্রতিজ্ঞা পূরণ করলেন। ৬২ বলে ৩৬, ত্রিশোর্ধ্ব ইনিংসগুলোর মধ্যে কালকের চেয়ে তাঁর বাজে স্ট্রাইক রেট (৫৮.০৬) আছে একটিই, আয়ারল্যান্ডের বিপক্ষে ৫৪.৭৬ (৮৪ বলে ৪৬)। তাতে কী, ১০৬তম ইনিংসে এসে প্রথম অপরাজিত ইনিংসটি তো পেয়েছেন! আরিফুল ইসলাম, চট্টগ্রাম থেকে