টুকরো টুকরো ছবি
অপরাজেয় মুশফিকটস জয়ের কোনো কৌশল জানা আছে কি না মুশফিকুর রহিমের, কে জানে। নাকি শিখে ফেলেছেন কোনো মন্ত্র, টস যে হারছেনই না! একমাত্র টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে, কাল প্রথম টেস্ট—সব মিলিয়ে টানা পঞ্চম টস জিতলেন মুশফিক। ছাড়িয়ে গেলেন নাঈমুর রহমানকে। বাংলাদেশের অধিনায়ক হওয়ার পর টানা চারটি টস জিতেছিলেন নাঈমুর, তিনটি ওয়ানডে ও একটি টেস্ট। যেভাবে চলছে, ঢাকা টেস্টের আগে স্যামি হয়তো বলবেন, ‘টসের প্রয়োজন নেই, মুশফিক তুমি কী নেবে—ব্যাটিং না ফিল্ডিং!’অভিষিক্ত দুইধারণামতোই অভিষেক হলো নাসির হোসেন ও ইলিয়াস সানির, ৭০তম টেস্টেই বাংলাদেশ পেয়ে গেল ৬০ ও ৬১তম ক্রিকেটার। এই নিয়ে পঞ্চমবার এক টেস্টে বাংলাদেশের দুজনের অভিষেক হলো। দুবার অভিষেক হয়েছে একসঙ্গে তিনজনের। অভিষেক টেস্টের পর চারজন করে অভিষেকও হয়েছে দুবার!ইমরুল বনাম রামপলউইকেটের সাহায্য খুব বেশি পাননি, কাল প্রথম স্পেলে তবু দারুণ বোলিং করলেন রবি রামপল। যথেষ্ট ভোগালেন তামিম-ইমরুলকে। বেশি ভুগলেন ইমরুলই। ২৬টি বল খেলেছেন রামপলের, একটিতে ক্যাচ হতে হতে চার হয়েছে, একটিতে সিঙ্গেল। বাকি ২৪ বলে কোনো রান নেই, অল্পের জন্য ব্যাটের কানা নেয়নি বেশ কটি বল, শেষ পর্যন্ত একটিতে ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে।অন্য তামিমস্ট্রোকের ফুলঝুরি ছোটানো ওপেনারকে নয়, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কাল দেখা গেল অন্য তামিমকে। ঝুঁকিপূর্ণ শট না খেলতে ছিলেন যেন প্রতিজ্ঞাবদ্ধ। ১৩৩ বলে ফিফটি ছুঁয়ে করেছেন ক্যারিয়ারের মন্থরতম ফিফটি। এর আগে ফিফটি ছুঁতে এক শর বেশি বল লেগেছিল একবারই, গত বছর জানুয়ারিতে এই মাঠে ভারতের বিপক্ষে ১০৬ বলে। পঞ্চাশের বেশি রান করা ইনিংসগুলোর মধ্যে স্ট্রাইক রেট পঞ্চাশের নিচে ছিল কালকের (৩৬.৮৭) আগে ওই একবারই (৪২.৬২)। ইনিংসের প্রথম বাজে শটটি খেলেছেন মুখোমুখি হওয়ার ১১৭তম বলে। রামপলের সেই বলটি অল্পের জন্য ব্যাটের কানা নেয়নি। দ্বিতীয় বাজে শটেই মৃত্যু সম্ভাবনাময় ইনিংসটার।আবেদন না উদ্যাপন?ড্যারেন স্যামির সেটি ১৪তম ওভার। প্রথম বলেই রকিবুলকে কট বিহাইন্ড করার আনন্দে মেতে উঠলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। কিন্তু ব্যাটসম্যান ক্রিজ ছাড়লেন না, আম্পায়ার যে আউটই দেননি। টিভি রিপ্লেতে দেখা গেল, আম্পায়ার কুমার ধর্মসেনার সিদ্ধান্তই ছিল ঠিক। দুই বল পর একটি ইনসুইঙ্গার লাগল রকিবুলের প্যাডে, এবারও আবেদন না করেই স্যামি শুরু করলেন উদ্যাপন। এবার আঙুল তুলে দিলেন ধর্মসেনা, টিভি রিপ্লে দেখে মনে হলো, যথেষ্ট সংশয়পূর্ণ সিদ্ধান্ত, এবারও আউট না দিলেও পারতেন ধর্মসেনা।আম্পায়ার-ঘাতকতখনো পর্যন্ত একটু রয়ে-সয়ে খেলছিলেন সাকিব। ৭২তম ওভারে স্যামির একটি শর্ট বল পেয়ে জিবে জল চলে এল সাকিবের, দারুণ এক পুল, প্রচণ্ড গতিতে বল ছুটল ঠিক লেগ আম্পায়ারের দিকে। পড়িমরি করে বাঁচলেন আম্পায়ার নাইজেল লং। পরের বলটি আবার শর্ট, আবার সাকিবের পুল, আবার নাইজেল লং-এর দিকে। এবার শটে জোর একটু কম ছিল বলে সরে যাওয়ার যথেষ্ট সময় পেলেন। ওভার শেষে সাকিবকে হাত দিয়ে ইশারা করে কী যেন বলছিলেন ইংলিশ আম্পায়ার। হয়তো বলছিলেন, ‘তোমার সঙ্গে আমার কোনো শত্রুতা আছে নাকি!’মুশফিকের মাঠমুশফিককে দুই হাত ভরে দিয়েই যাচ্ছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। কালকের আগে এই মাঠে তাঁর সর্বশেষ পাঁচ ইনিংস ৪৩, ৪৪, ১০১, ৭৯, ৯৫। কাল অধিনায়কত্বের অভিষেকে তুলে নিলেন ফিফটি, বাংলাদেশের অধিনায়কদের মধ্যে যে কীর্তি এর আগে ছিল কেবল সাকিবের। সাকিব অবশ্য ১৬ ও অপরাজিত ৯৬ করার পাশাপাশি নিয়েছিলেন ৮ উইকেট। মুশফিক কি পারবেন আজ সেঞ্চুরি করে ‘প্রথম’ হতে?‘অ্যান্টি ক্লাইম্যাক্স’৯০তম ওভারের শেষ বল, সদ্য পাওয়া নতুন বল নিয়ে ছুটে আসছিলেন ফিদেল এডওয়ার্ডস। ধারণা করা হচ্ছিল দিনের শেষ বল। ওভারের আগের বলগুলো খেলার সময় একটু নড়বড়ে মনে হচ্ছিল নাইমকে। শেষ বলের দিকে তাই সবার দৃষ্টি—আউট হবেন, কোনো রকমে ঠেকাবেন, নাকি চার-টার হয়ে যাবে। সেই বলটিই কিনা এডওয়ার্ডস করলেন লেগ স্টাম্পের বেশ বাইরে! ওখানেই শেষ নয়, তখনো মিনিট দেড়েক সময় ছিল বলে আরও একটা ওভার খেলালেন আম্পায়াররা।আরিফুল ইসলাম, চট্টগ্রাম থেকে