টুকরো টুকরো ছবি
‘ট্রাই বল’পাড়ার ক্রিকেটে ‘ট্রাই বল’ বলে একটা ব্যাপার আছে। ইনিংসের শুরুতে একটা বল করা হয়, যেটি হিসাবের মধ্যে ধরা হয় না। ইলিয়াস সানি কাল দিন শুরু করলেন যেন ট্রাই বল করে। দিনের প্রথম বলটিই ছুড়লেন আলতো করে—কয়েক ড্রপে বল আস্তে আস্তে গড়িয়ে গেল! টেস্ট ম্যাচে তো আর ট্রাই বল করা যায় না, আসলে সানির হাত থেকে ছুটে গিয়েছিল বলটি। শিশির তো ছিলই না, মাঠ ভেজাও ছিল না। তার পরও সারা দিন এমন অনেকবারই বল গ্রিপিংয়ে সমস্যা হয়েছে সানির। দুটি ভুল৫ উইকেট হয়ে যাওয়ার পরের ওভারেই ষষ্ঠটি পেয়ে যাচ্ছিলেন সানি। তাঁর একটি ফ্লাইটেড ফুল লেন্থ বলে ড্রাইভ করতে গিয়ে প্যাডে লাগে কার্লটন বাফের, কিন্তু আউট দেননি আম্পায়ার কুমার ধর্মসেনা। টিভি রিপ্লেতে দেখা যায়, নিশ্চিত আউট ছিলেন ওয়েস্ট ইন্ডিজ উইকেটকিপার। আরেকবার ভুক্তভোগী ওয়েস্ট ইন্ডিজ, মারলন স্যামুয়েলসের একটি আর্ম ডেলিভারি প্যাডে খেলেছিলেন শাহরিয়ার নাফীস। আউট দেননি আম্পায়ার নাইজেল লং। টিভি রিপ্লে দেখে মনে হয়েছে, বল নিশ্চিত লেগ-মিডল-এ লাগত।বলের গ্যালারি ভ্রমণতাঁর সহজাত ব্যাটিংটাই এমন, তার পরও কাল যেন আরও বেশি আক্রমণাত্মক ছিলেন ড্যারেন স্যামি। প্রচণ্ড চাপের মধ্যে নেমেও দারুণ সব শট খেললেন। টেস্টে প্রথম ফিফটি তুলে নিলেন ইলিয়াস সানিকে মিড উইকেট দিয়ে গ্যালারিতে পাঠিয়ে। গ্যালারির ওই অংশে তখন একজন দর্শকও নেই। বল পড়েই হারিয়ে গেল আসনের নিচে, কিছুক্ষণ হাতড়ে খুঁজে পেলেন মাঠকর্মীরা। পরের ওভারেই আবার পাঠালেন গ্যালারিতে, এবার সাকিবকে লং অন দিয়ে। তবে এবার আর বল হারায়নি।হ্যাটট্রিকের অপেক্ষায়অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ১৫ করেছিলেন ক্রেইগ ব্রাফেট, দ্বিতীয় ইনিংসে শূন্য রানে আউট হয়েছিলেন দ্বিতীয় বলে। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে করেছেন ৩৩, দ্বিতীয় ইনিংসে আবার আউট দ্বিতীয় বলে। পরের টেস্টের দ্বিতীয় ইনিংসেও দ্বিতীয় বলে আউট হলেই হ্যাটট্রিক হয়ে যাবে ব্রাফেটের!চাঁদের কলঙ্কপরশু ইলিয়াস সানি নিজেই বলেছেন, কাল অধিনায়ক মুশফিকুর রহিমও বললেন, ‘এর চেয়ে ভালো বোলিং করতে পারেন সানি।’ হয়তো প্রায় প্রতি ওভারেই একটি-দুটি বাজে বল করেছেন বলেই ওই আক্ষেপ। আক্ষেপটা প্রতিফলিত হয়েছে সানির বোলিং ফিগারেও। ২৩ ওভার বোলিং করে একটিও মেডেন নেই, বাংলাদেশের হয়ে অভিষেকে এত ওভার বোলিং করে মেডেন না পওয়ার ঘটনা আর নেই। অভিষেকে ২১ ওভার বোলিং করে মেডেনশূন্য ছিলেন তালহা জুবায়ের। সব ম্যাচ মিলিয়ে রেকর্ডটি সৈয়দ রাসেলের। ২০০৭ সালে ঢাকায় ভারতের বিপক্ষে ২৩.৪ ওভার বোলিং করে মেডেনশূন্য ছিলেন।আবারও লজ্জাবিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বাসে ঢিল ছোঁড়ার স্মৃতি এখনও তরতাজা। ওই লজ্জার পুনরাবৃত্তি হলো কাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বাংলাদেশ ইনিংসের ষষ্ঠ ওভারে স্কয়ার লেগ ফিল্ডার লেন্ডল সিমন্সকে ইটের টুকরো ছুড়ে মারেন কোনো এক দর্শক। অকথ্য ভাষায় গালাগালিও চলছিল। বিশ্বকাপের মতো হয়তো ঝড় তুলবে না কালকের ঘটনা। কালই যেমন কিছুক্ষণ বন্ধ থেকেই শুরু হয়েছে খেলা। তবে এভাবে চলতে থাকলে তো ক্রিকেট নিয়ে বাংলাদেশের সবচেয়ে গর্বের জায়গাটাই নষ্ট হবে যাবে। ‘স্পোর্টিং’ হিসেবে খ্যাতি যে দর্শকদের, তারাই কিনা হয়ে উঠছেন লজ্জা আর শঙ্কা!তামিমের অর্জনপ্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও তামিম ইকবালকে অপরিচিত লেগেছে অনেকটাই। যদিও রান পেয়েছেন দু ইনিংসেই এবং হয়ে গেছে ছোটোখাটো একটা অর্জনও। হাবিবুল বাশারকে পেছনে ফেলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান এখন তামিমের। ৮ ইনিংসে ৩৫.৫০ গড়ে ২৮৪ রান ছিল হাবিবুলের, দুই ইনিংস কম খেলেই সেটা টপকে গেছেন তামিম, ৪৭.৬৬ গড়ে রান ২৮৬। একটি করে ফিফটি ও সেঞ্চুরি আছে দুজনেরই।সাময়িক উত্তেজনা৩৭ ওভারে ২২৬ রান—অসম্ভব না হলেও টেস্টে এই রান তাড়া করা খুবই কঠিন। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস শুরুর সময় তাই ড্র-ই ছিল সবচেয়ে সম্ভাব্য পরিণতি। কিন্তু প্রথম বলেই চার মারলেন লেন্ডল সিমন্স, ইনিংসের চতুর্থ বলেই আবার বাংলাদেশ তুলে নিল উইকেট। এমন নাটকীয় শুরুর পরও ম্যাচটা গড়াল সেই অমোঘ নিয়তির দিকে—নিষ্প্রাণ ড্র।আরিফুল ইসলাম, চট্টগ্রাম থেকে