টুকরো টুকরো ছবি
আবারও রুবেলবাংলাদেশের সফলতম বোলার সাকিব আল হাসান, আর দুর্ভাগাতম রুবেল হোসেন। প্রথম দিনও তাঁর বলে অনেকবার ব্যাটের কানা ছুঁয়ে আসা বল ফিল্ডারকে খুঁজে পায়নি। কাল সকালটাও শুরু হলো এভাবে। কার্ক এডওয়ার্ডস ও মারলন স্যামুয়েলসকে খুব বেশি ভোগাতে পারছেন না দেখে রাউন্ড দ্য উইকেটে এলেন। প্রথম বলেই এডওয়ার্ডসের ব্যাটের কানা নিল বল, দ্বিতীয় স্লিপে ফিল্ডার নেই, যথারীতি থার্ডম্যান দিয়ে চার।তেতো স্বাদকালকের দিনটি সবদিক থেকেই ভুলে যেতে চাইবেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। দলের মতো দিনটা বাজে কেটেছে নিজেরও। উইকেটের পেছনে দাঁড়িয়ে ক্যাচ ছেড়েছেন দুটি, উইকেটের সামনে দাঁড়িয়ে আউট প্রথম বলেই। কালকের ইনিংসটি ছিল মুশফিকের ৫০তম টেস্ট ইনিংস, তাতেই কিনা উপহার টেস্ট ক্যারিয়ারের প্রথম ‘গোল্ডেন ডাক!’ তিন ধরনের ক্রিকেটেই এখন মুশফিকের ‘গোল্ডেন ডাক’ একটি করে। টি-টোয়েন্টির গোল্ডেন ডাকটি পেয়েছিলেন গত বছরের ফেব্রুয়ারিতে, হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে। ওয়ানডেরটি গত বছর জুলাইয়ে গ্লাসগোতে হল্যান্ডের বিপক্ষে। ওই দুবারই হয়েছিলেন এলবিডব্লু, কাল স্লিপে ক্যাচ।আজব হিট উইকেট‘হিট উইকেট’ আউট শুনলেই চোখে ভেসে ওঠে দুরন্ত কোনো ফাস্ট বোলারকে খেলতে গিয়ে দিশাহারা ব্যাটসম্যান। ড্যারেন স্যামি কাল দেখালেন অন্য রকম কিছু। সাকিবের লেগ স্টাম্পে থাকা বলটিকে ফ্লিক করতে গিয়ে ক্রিজের এতটাই ভেতরে ঢুকলেন যে, স্যামির পা গিয়ে লাগল স্টাম্পে! টেস্টে বাংলাদেশের বিপক্ষে এটি মাত্র দ্বিতীয় হিট উইকেট। প্রথম শিকারও ছিলেন এক ক্যারিবিয়ান। ২০০৯ সিরিজে গ্রেনাডায় শাহাদাত হোসেনের বলে হিট উইকেট হয়েছিলেন রায়ান অস্টিন।সাকিবের কৌশলউইকেটে তখন ওয়েস্ট ইন্ডিজের শেষ উইকেট জুটি। ১১ নম্বর ব্যাটসম্যান দেবেন্দ্র বিশুই বেশি ভালো খেলছিলেন সাকিবকে। বাঁহাতি ব্যাটসম্যান হওয়ায় সাকিবের বাঁহাতি স্পিন খেলতে একটু সুবিধাও পাচ্ছিলেন। ব্যাপারটা বুঝেই যেন মিড অফ ফিল্ডারকে লং অফে পাঠিয়ে দিলেন সাকিব। পরের বলে লং অফে খেলেই ১ রান নিলেন বিশু। স্ট্রাইকে ডানহাতি ফিদেল এডওয়ার্ডস, ১ বল পরই এলবিডব্লু!রফিককে ছাড়িয়ে সাকিবটেস্ট সিরিজের আগে বলেছিলেন, বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশিবার ৫ উইকেট পাওয়ার রেকর্ডটা গড়তে চান এই সিরিজেই। কথা রেখেছেন সাকিব, মোহাম্মদ রফিককে (৭ বার) ছাড়িয়ে গেছেন কালই (৮ বার)। বাংলাদেশের হয়ে একাধিকবার ইনিংসে ৫ উইকেট পাওয়ার কীর্তি আছে আর মাত্র দুজনের—শাহাদাত হোসেন (৪ বার) ও এনামুল হক জুনিয়র (৩ বার)। উইন্ডিজের সেরা!প্রথম ইনিংসের ৩৫৫ এ বছর খেলা ১৩ ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ ইনিংস! তথ্যটি একই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের জন্য যেমন স্বস্তির, তেমনি জানাচ্ছে তাদের ব্যাটিংয়ের দুর্দশাও। কালকের আগে তিন শই পেরিয়েছিল মাত্র একবার, ভারতের বিপক্ষে ডমিনিকায়। সেই ইনিংসেও সেঞ্চুরি করেছিলেন কার্ক এডওয়ার্ডস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে এখন নিশ্চয়ই সব প্রতিপক্ষেরই মূল টার্গেট থাকবেন এডওয়ার্ডস!শুভর দুঃসাহসঅতি নার্ভাসনেস থেকে টেস্ট ক্রিকেটে প্রথম দুটি বল সোহরাওয়ার্দী শুভ করেছিলেন শর্ট ও হাফভলি। ব্যাটিংয়ে এসে সেই শুভ প্রথম বলে হয়ে গেলেন অতি রোমাঞ্চপ্রিয়। শেষ বিকেলে নেমেছেন নাঈমের জায়গায়, দিনটা কাটিয়ে যাওয়াই যখন লক্ষ্য, প্রথম বলেই স্লগ সুইপ করলেন বিশুকে! তাঁর ও দলের সৌভাগ্য, কোনো বিপদ হয়নি।ব্রাভোর নাচশেষ বিকেলে নাঈমের রানআউটে যেমন বাংলাদেশের দুঃসহ দিনটার শেষটাও বিস্বাদময় করেছে, তেমনি ওয়েস্ট ইন্ডিজের দিনটার সমাপ্তি হয়েছে দারুণভাবে। ড্যারেন ব্রাভো যেন ফুটিয়ে তুললেন সেই ছবিটাই। চন্দরপলের থ্রো তখনো গ্লাভসবন্দী করেননি উইকেটকিপার কার্লটন বাফ, ব্রাভো বুঝে গেলেন নাঈম রানআউট হতে যাচ্ছেন। ফরোয়ার্ড শর্ট লেগে দাঁড়িয়ে অমনি শুরু হলো কোমর দুলিয়ে নাচ! আরিফুল ইসলাম