টুকরো টুকরো ছবি

ফেরা
এলিট প্যানেলে কয়েকবার আসা-যাওয়া করেছেন অশোকা ডি সিলভা। এ ছাড়া ‘ফেরা’ শব্দটি আম্পায়ারদের ক্ষেত্রে খুব একটা যায় না। তাঁদের তো আর চোট পাওয়ার ব্যাপার-স্যাপার নেই! তার পরও কালকের ম্যাচ ছিল আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদের ফেরার ম্যাচ। স্টিং অপারেশনের জন্য ভারতের ইন্ডিয়া টিভি নাদির শাহর সঙ্গে বেছে নিয়েছিল শরফুদ্দৌলাকেও। তিনি ওই ঘটনা তখনই জানিয়েছিলেন আম্পায়ার্স কমিটিকে। তার পরও তদন্তের স্বার্থে সাময়িক নিষিদ্ধ হয়েছিলেন শরফুদ্দৌলা। নির্দোষ প্রমাণিত হওয়ায় অবশেষে গত মার্চে তুলে নেওয়া হয় নিষেধাজ্ঞা। কাল ফিরলেন আন্তর্জাতিক আম্পায়ারিংয়ে। সর্বশেষ পরিচালনা করেছেন ২০১১ সালের নভেম্বরে, বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি।
অভিষেক
টেস্টের মতো ওয়ানডেতে ঘটা করে ক্যাপ তুলে দেওয়ার রীতি নেই। বাংলাদেশের ১০৮তম ওয়ানডেতে ক্রিকেটার শামসুর রহমান তাই ক্যাপ পেলেন নীরবেই। তবে আড়ালে পড়ে থাকেননি, তামিম ইকবালের সঙ্গে বাংলাদেশের ইনিংস শুরু করেছেন। রান করেছেন মাত্রই ২৫, করতে পারেননি নিজের সহজাত ব্যাটিংও। তবে অভিষেক ওয়ানডেতে ওপেন করতে নেমে খুব বেশি সুখকর অভিজ্ঞতা নেই বাংলাদেশের কারও। অভিষেকে শামসুরের চেয়ে বেশি রান করেছেন যেমন বাংলাদেশের মাত্র দুজন ওপেনার। ২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪২ করেছিলেন আনোয়ার হোসেন, একই দলের বিপক্ষে এনামুল হক গত বছর করেন ৪১। অভিষেকে স্টাম্পড হওয়া বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যানও শামসুর। আর এই স্টাম্পিংয়েই প্রথম স্টাম্পড আউট করার স্বাদ পেয়েছেন টম ল্যাথাম।
প্রথম জোড়া ছক্কা
মাত্র ২৫ রানের ইনিংসেই একটি জায়গায় আর সবাইকে ছাড়িয়ে গেছেন শামসুর রহমান। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে অভিষেক ওয়ানডেতে মেরেছেন দুটি ছক্কা। অবিশ্বাস্য হলেও সত্যি, বাংলাদেশের ১০৮ জন ওয়ানডে ক্রিকেটারের মধ্যে অভিষেকে ছক্কা মারতে পেরেছেন আর মাত্র চারজন! তাঁদের তিনজনই বোলার, বাকিজন অলরাউন্ডার। অভিষেকে ছক্কা হাঁকানো প্রথম বাংলাদেশি ছিলেন অফ স্পিনার শরিফুল হক, ১৯৯৮ সালের ইনডিপেনডেন্স কাপে ভারতের বিপক্ষে। এরপর ২০০৬ সালে মেরেছেন ফরহাদ রেজা, ২০০৯ সালে মাহবুবুল আলম ও ২০১০ সালে সোহরাওয়ার্দী শুভ।
ছক্কার ফিফটি
ওয়ানডে ক্যারিয়ারে কাল ২৫তম ফিফটি পেয়েছে তামিম ইকবাল। তবে তাঁর রান যখন ২৫, তখনই ছুঁয়ে ফেলছেন আরেকটি ফিফটি! ডাউন দ্য উইকেটে এসে টিম সাউদিকে মারা ছক্কাটি ছিল তামিমের ওয়ানডে ক্যারিয়ারের ৫০তম ছয়। ওয়ানডেতে ছক্কার ফিফটি করা বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান তামিম। ছড়িয়ে গেলেন ৪৯ ছক্কা মারা আফতাব আহমেদকে। যদিও আফতাব খেলেছেন ৮৫ ইনিংস, তামিম ১২৪ ইনিংস। কাল দুটি ছয় মেরে ছক্কার তালিকায় মুশফিকুর রহিম উঠে এসেছেন চারে। ৩০ ছয়ে মুশফিক পেছনে ফেলেছেন মোহাম্মদ আশরাফুল (২৯) ও মোহাম্মদ রফিককে (২৯)। ৪৩ ছক্কায় বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ ছয় মাশরাফি বিন মর্তুজার।
সাকিবকে ছাড়িয়ে, সাকিবের পাশে
ডেঙ্গুতে আক্রান্ত সাকিব আল হাসান অনুপস্থিত। এই সুযোগে ২২ গজে তাঁকে ছাড়িয়ে গেলেন তামিম ইকবাল। সিরিজ শুরুর আগে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রান ছিল সাকিবের (৩৬৮৮)। ৩৬৪৪ রান নিয়ে দুইয়ে ছিলেন তামিম। প্রথম দুই ম্যাচে ৬৩ রান করে সাকিবকে দুইয়ে ঠেলে দিয়েছেন তামিম (৩৭০২)। আরেকটি রেকর্ডে আবার দুজন এখন পাশাপাশি—ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে বেশি ২৫ ফিফটি এখন তাঁদের দুজনের। কাকতালীয়ভাবে, দুজন ইনিংসও খেলেছেন সমান ১২৪টি! কয়েকটি জায়গায় দুজন আছেন খুব কাছাকাছি। সাকিব বল খেলেছেন ৪৭১৭টি, তামিম ৪৭২৩টি। স্ট্রাইক রেট তামিমের ৭৮.৩৮, সাকিবের ৭৮.১৮। সাকিবের শূন্য (৬) অবশ্য তামিমের অর্ধেক (১২)। সাকিব অপরাজিত ছিলেন ১৯ বার, তামিম মাত্র একবার। ব্যাটিং গড় তাই তামিমের (৩০.০৯) চেয়ে অনেক ভালো সাকিবের (৩৫.১২)।
মন্থর তামিম
কাল ৭৫ বলে পঞ্চাশ ছুঁয়েছেন তামিম ইকবাল। ওয়ানডেতে এর চেয়েও ধীরগতির ফিফটি তাঁর তিনটি। ২০০৯ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে ফিফটি করতে লেগেছিল তাঁর ৮০ বল, গত এশিয়া কাপে ভারতের বিপক্ষে ৭৭ বল আর ২০১১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে লেগেছিল ৭৬ বল। তবে পঞ্চাশ ছোঁয়া ২৯ ওয়ানডে ইনিংসে সবচেয়ে কম স্ট্রাইক রেট ছিল কালই! কালকের ৮৬ বলে ৫৮ রানের ইনিংসটির স্ট্রাইক রেট ৬৭.৪৪। আগের সবচেয়ে কম ছিল ৬৯.৬৬, ২০১১ বিশ্বকাপের পরপর এই মিরপুরেই অস্ট্রেলিয়ার বিপক্ষে করেছিলেন ৮৯ বলে ৬২।
মুখোশের গ্যালারি
বাংলাদেশের ম্যাচে গ্যালারিতে নানা রকমের মুখোশের ছড়াছড়ি সব সময়ই থাকে। কাল দেখা গেল বাঘের প্রতিকৃতির একই রকম হাজারো মুখোশ! উদ্যোগটি বাংলাদেশ ক্রিকেট দলের একটি সমর্থক গোষ্ঠীর। নাম বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স সোসাইটি বা বিসিএসএস। কাল দর্শকদের প্রায় ১৫ হাজার মুখোশ উপহার দিয়েছে তারা। এমনিতে বাংলাদেশের খেলার সময় মাঠে গ্যালারিতে সক্রিয় থাকে বেশ কিছু ফেসবুক গ্রুপ। তবে উদ্যোক্তারা জানালেন, এই সংগঠনের কার্যক্রম থাকবে সারা বছর। ইতিমধ্যেই পান্থপথে একটি অফিস নিয়েছে সংগঠনটি। সাম্প্রতিক স্মরণীয় অর্জনগুলোয় উপহার দিয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের। শিগগিরই শুরু হবে বাংলাদেশের প্রতিটি জেলায় প্রতিনিধি ও সদস্য নিবন্ধন।