টুকরো টুকরো ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুটি কাহনহাফিজ-তৌফিকের সৌজন্যে ১০ বছর পর দেড় শ রানের উদ্বোধনী জুটি দেখল পাকিস্তান। সর্বশেষটি ছিল বাংলাদেশের বিপক্ষেই, ২০০১ সালে মুলতানে অভিষিক্ত তৌফিক উমরের সঙ্গে ১৬৮ রান করেছিলেন সাঈদ আনোয়ার। কাল হাফিজ-তৌফিক জুটি দিল ১৬৪ রান, টেস্টে পাকিস্তানের উদ্বোধনী জুটি ১৬০ ছুঁয়েছে এর আগে মাত্র সাতবার। ইমরান ফারহাত ও সালমান বাটকে (৯৬৪) টপকে হাফিজ-তৌফিক জুটি এখন পাকিস্তানের চতুর্থ সফলতম উদ্বোধনী জুটি (৯৭৭)। সামনে আছে মুদাসসর-মহসিন (২০৫৭), আনোয়ার-সোহেল (১৫৬৩) ও মাজিদ-সাদিক জুটি (১৩৯১)।জুটি ঘাতকআগের দিন যেখানে শেষ করেছিলেন, কাল যেন সেখান থেকেই শুরু করেছিলেন হাফিজ ও তৌফিক। শুধু মাহমুদউল্লাহর বলে তৌফিক একবার পরাস্ত হওয়া ছাড়া দিনের প্রথম ঘণ্টাটা দুজনে কাটিয়েছেন প্রায় নিরাপদেই। বাংলাদেশকে বহু কাঙ্ক্ষিত ব্রেক থ্রু এনে দেয় পানিপানের বিরতি। কী পান করেছিলেন কে জানে, বিরতির পর মাহমুদউল্লাহর প্রথম বলেই আউট তৌফিক!অস্থির আজহারআজহার আলীর সঙ্গে অস্থির শব্দটা একেবারেই যায় না। ধৈর্যের প্রতিমূর্তি এই তরুণ, ভীষণ বাজে বল না পেলে শট খেলেনও না। এই যুগে টেস্ট স্ট্রাইক রেট চল্লিশের নিচে থাকার বিরল কীর্তিটাও এ জন্য। কিন্তু কাল দেখা গেল অন্য আজহারকে। শুরু থেকেই ছটফট করছিলেন, বেশ কয়েকবার ডাউন দ্য উইকেটে এলেন, বাইরের বল তাড়া করছিলেন বারবার। শেষ পর্যন্ত কট বিহাইন্ড নির্বিষ এক বলে। ছটফট করে লাভ অবশ্য কিছু হয়নি, গ্যাপ পাচ্ছিলেন না মোটেও। ব্যাটিংয়ের ধরনে অচেনা লাগলেও রানে কিন্তু ঠিকই সেই চেনা আজহার, ৮০ বলে ২৬, স্ট্রাইক রেট ৩২.৫০।‘চার’ ইউনুসআর ৬০ রান হলেই মাইলফলক। ৫৪ থেকে সাকিবকে ছয় মেরেই ৬ হাজার রান ছুঁয়ে ফেললেন ইউনুস খান। মাইলফলক ছুঁলেন ১২৬তম টেস্ট ইনিংসে, পাকিস্তানের হয়ে ৬ হাজার ছুঁতে তাঁর চেয়ে কম ইনিংস লেগেছে কেবল মোহাম্মদ ইউসুফেরই (১২০)। ৬ হাজার ক্লাবে ইউনুস চতুর্থ পাকিস্তানি, পাকিস্তানের চতুর্থ সর্বোচ্চ সেঞ্চুরিয়ান (১৮), পাকিস্তানের হয়ে সর্বোচ্চ পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার তালিকাতেও চতুর্থ। তিনটি তালিকাতেই ইউনুসের আগে আছেন জাভেদ মিয়াঁদাদ, ইনজামাম-উল হক ও মোহাম্মদ ইউসুফ।‘মিসবাহ চরিত’‘মিসবাহ চরিত’ লিখতে গেলে বিপাকে পড়বেন যেকোনো ঝানু সাহিত্যিকও। অদ্ভুত সব বৈপরীত্য মিসবাহ-উল-হকের চরিত্রে, কোনো নির্দিষ্ট ধরনে বেঁধে ফেলা কঠিন। ব্লক করতে করতে হঠাৎই বিশাল সব ছয় মারেন। খুব শান্ত ও স্থির বলেই পরিচিত, আবার আউট হন অদ্ভুত সব উপায়ে। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের সেই ‘স্কুপ’ তো ইতিহাসেরই অংশ। এর পরও রিভার্স সুইপ, সুইচ হিট, প্যাডেল করতে গিয়ে উইকেট খুইয়েছেন কয়েকবার। কালও দেখালেন একবার। খেলছিলেন ভালোই, হঠাৎই ইলিয়াস সানির ফুল টস বলে কী মনে করে যেন হাঁটু গেড়ে লুপ সুইপ মতো করতে গেলেন। ব্যাটে-বলে হলো না, এলবিডব্লু!ফিফটিবিহীন সেঞ্চুরি!ওই আউটে অবশ্য একটা রেকর্ড আপাতত টিকে থাকল মিসবাহর। এককভাবে নয়, ইউনুস খানের সঙ্গে যৌথভাবে। কালকে দুজনের ৪৬ রানের জুটি। টেস্টে ৬টি সেঞ্চুরি জুটি আছে এই দুজনের, কিন্তু ফিফটি জুটি (৫০-৯০) নেই একটিও। কোনো ‘ফিফটি’ ছাড়া সবচেয়ে বেশি সেঞ্চুরি জুটির রেকর্ড তাঁদেরই। ফিফটি ছাড়া ৫টি করে সেঞ্চুরি জুটি আছে মাইকেল আথারটন-মার্ক বুচার ও মাইকেল ক্লার্ক-মার্কাস নর্থ জুটির।অবাক ব্যাখ্যাআগের দিন ৩৮ ওভারের মধ্যে করেছিলেন ৬ ওভার। কাল প্রথম সেশনে সাকিব আল হাসান বোলিং করলেন মাত্র ৫ ওভার। দিন শেষে সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ বললেন, একপাশে বাঁহাতি ব্যাটসম্যান ছিল বলেই বাঁহাতি সাকিবকে বেশি বোলিং দেওয়া হয়নি। বাঁহাতি তৌফিক উমর আউট হওয়ার ৩ ওভার পরই সাকিবকে আক্রমণে আনায় এই ব্যাখ্যাটা না হয় খেটে গেল। কিন্তু এরপর আর কোনো বাঁহাতি ব্যাটসম্যান ব্যাট করেননি, অথচ দ্বিতীয় সেশনে সাকিব করলেন মাত্র ১ ওভার, সেটাও চা-বিরতির এক ওভার আগে। শেষ সেশনে অবশ্য ১৭ ওভার বোলিং করেছেন, কিন্তু ততক্ষণে পাকিস্তান রান পাহাড়ের পথে। বাঁহাতি ব্যাটসম্যান ব্যাটিংয়ে বলে বাঁহাতি স্পিনারকে দিয়ে বেশি বোলিং করানো যাবে না (দলের সেরা বোলার হওয়ার পরও!), এই ব্যাখ্যার ব্যাখ্যা কী? আরিফুল ইসলাম, চট্টগ্রাম থেকে