টুকরো টুকরো ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দর্শকসব দেশের ক্রিকেট-দর্শকই চার-ছয় পছন্দ করে। তবে বাংলাদেশের দর্শকেরা বোধহয় একটু বেশিই করে। বিশেষ করে সেই চার যদি বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যাট থেকে আসে। সেটি ব্যাটের কানায় লেগে এলেও সমস্যা নেই! আইজাজ চিমার চার বলে তিনটি চার মেরে সাকিব আল হাসান যেমন উত্তাল করে তুললেন গ্যালারি। তবে এই দর্শকদের স্পোর্টিং বলা কঠিন। তাহলে কি আর সাকিবের সুইপ হাতে লাগার পর ব্যথায় কাতর আজহার আলীকে দেখে গ্যালারি থেকে হর্ষধ্বনি ওঠে!নিচেই ভালোগত বছরের শুরুতে ভারতের বিপক্ষে সিরিজের সময় তাঁকে ‘বিশ্বের সেরা আট নম্বর’ বলে রায় দিয়ে দিয়েছিলেন সুনীল গাভাস্কার। পরপর দুই টেস্টে মাহমুদউল্লাহকে ৬৯ ও অপরাজিত ৯৬ করতে দেখে গাভাস্কারের মুগ্ধ হওয়াটাই স্বাভাবিক। পরের টেস্টেই নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টনে দুর্দান্ত এক সেঞ্চুরি, সেটিও ৮ নম্বরেই। আরও ওপরে খেলতে চান কি না—এই প্রশ্নও তখন নিয়মিতই শুনতে হচ্ছিল মাহমুদউল্লাহকে। কাল টেস্ট ক্যারিয়ারে সবচেয়ে ওপরে ব্যাটিং করলেন। ৪ নম্বরে নেমে শূন্য রানেই আউট। টানা দ্বিতীয় শূন্য। টেস্টে মাহমুদের চার ফিফটির দুটি ৫ নম্বরে খেলে। তবে ৮ নম্বরেই সবচেয়ে সফল। ক্যারিয়ার-গড় যেখানে ৩০.০৯, ৮ নম্বরে তা ৪২.৫০।এবার ব্যতিক্রমশাহরিয়ার নাফীসের ফিফটি মানে ঠিক ফিফটিই! জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে ঠিক ৫০ করেই আউট হয়ে গিয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রামেও তা-ই। এটা অবশ্য আইসিএল-উত্তর শাহরিয়ার নাফীসের কথা হচ্ছে। আইসিএলে যাওয়ার আগে তাঁর চারটি টেস্ট ফিফটির সব কটিই ছিল পঞ্চাশের বেশি (৫১, ৭৯, ৬৪ ও ৬৯)। কাল এই ৫০-এর বৃত্ত ভাঙতেই কিনা, ৪৭ রানে চার মেরে ফিফটিকে ৫১ রান বানিয়ে ফেললেন নাফীস। দিন শেষে অবশ্য সেই আনন্দ মুছে গিয়ে বড় হয়ে উঠল তিন রানের জন্য সেঞ্চুরি মিস করার দুঃখ।সাত বছর পরটেস্ট অভিষেকের কথা ধরলে বাংলাদেশের এই দলে সবচেয়ে সিনিয়র নাজমুল হোসেন। অথচ টেস্ট অভিজ্ঞতায় তিনি নাজিমউদ্দিনের সঙ্গে নবীনতম। দুজনই খেলছেন দ্বিতীয় টেস্ট। পার্থক্য হলো, নাজিমের এটি টানা দ্বিতীয় টেস্ট আর নাজমুলের প্রথম ও দ্বিতীয় টেস্টের মধ্যে ব্যবধান ঠিক সাত বছরের। ৪টি ওয়ানডে খেলার পর টেস্ট অভিষেক হয়েছিল ২০০৪ সালে ভারতের বিপক্ষে চট্টগ্রামে। মাঝে সাত বছরে চোট-আঘাত আর নির্বাচকদের উপেক্ষায় খেলতে পেরেছেন মাত্র ৩৬টি ওয়ানডে। নাজমুলের দুই টেস্টের মধ্যে সবচেয়ে বড় মিল—দুটিরই শুরু ১৭ ডিসেম্বর!পরে নেমে আগেসাকিব আল হাসান যখন নামলেন, শাহরিয়ার নাফীসের রান ২২। লাঞ্চের সময় নাফীস অপরাজিত ২৪ রানে, সাকিব ৯। আস্তে আস্তে দুজনের রানের ব্যবধান কমতে শুরু করলেও নাফীসই আগে ফিফটি ছুঁলেন। সাকিব তখন অপরাজিত ৪১। ৪৯ থেকে দুই চারে সাকিব যখন ৫৭, নাফীস অপরাজিত ৬৩ রানে। ৬২তম ওভারের শুরুতেও নাফীসই (৯৩) এগিয়ে ৪ রানে। কিন্তু সেই ওভারের শেষ পাঁচ বলে ১১ রান নিয়ে সেঞ্চুরিতে পৌঁছে গেলেন সাকিব। তবে নাফীসের অভিনন্দনের জবাব দেওয়ার আর সুযোগ পেলেন না তিনি। বাংলাদেশের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে যে নার্ভাস নাইনটিজে কাটা পড়ার স্বাদ পেতে হলো শাহরিয়ার নাফীসকে।ফ্লাডলাইটও ব্যর্থচট্টগ্রাম টেস্টে বিকেলে আলো মরে এলেও একটি ওভারও নষ্ট হয়নি। কারণ ফ্লাডলাইট। ঢাকায় কিন্তু সেই ফ্লাডলাইটও হার মানল কুয়াশার কাছে। সকালে খেলা শুরু হলো ৭৫ মিনিট পর। শেষ হয়ে গেল নির্ধারিত সময়ের প্রায় ৪৫ মিনিট আগেই। ফ্লাডলাইট জ্বলে উঠতে শুরু করেছিল, কিন্তু সবগুলো বাতি জ্বলে ওঠার আগেই আলো অপর্যাপ্ত বলে রায় দিয়ে দিলেন আম্পায়াররা। নির্ধারিত ৯০ ওভারের ২২টি বাকি থাকল। পুষিয়ে নিতে দ্বিতীয় দিন থেকে আধঘণ্টা আগে খেলা শুরু হওয়ার কথা। তবে মাত্রই দেখা দেওয়া শীতের সঙ্গী কুয়াশা তা হতে দেবে কি না সন্দেহ! পুরো টেস্টেই বোধহয় চলবে এই লুকোচুরি খেলা। উৎপল শুভ্র