টুকরো টুকরো ছবি
এমন শুরু!কুয়াশা তখন পুরোপুরি কাটেনি, মেঘলা আকাশ, সূর্যের দেখা নেই। উইকেট যেমনই হোক, পরিবেশ অন্তত পেস বোলিংয়ের জন্য আদর্শ। বাংলাদেশের পেসারদের সামনে সুযোগ শুরুতেই পাকিস্তানের ব্যাটসম্যানদের চেপে ধরার। শাহাদাত হোসেন কী করলেন? দিনের প্রথম বলটি ফুলটস, পরেরটি নো-বল। পরেরটি আবার নো-বল, সেটি আবার লেগ স্টাম্পে, অনায়াস ফ্লিকে আজহারের চার। এক বল পরেই হাফ ভলি, আরেকটি বাউন্ডারি। প্রথম ওভারেই ১১ রান—পাকিস্তানের ওপর চাপ আর বাংলাদেশের মনোবল সব যেন এক ওভারেই শেষ!শঙ্কা ও স্বস্তিবিস্মৃতপ্রায় থেকে হঠাৎই একটা-দুটি ম্যাচ খেলবেন। চোট বা অন্য কোনো কারণে ছিটকে পড়বেন দলের বাইরে—সংক্ষেপে এই হলো নাজমুল হোসেনের আন্তর্জাতিক ক্যারিয়ার। এমন শঙ্কা জেগেছিল কালও। নিজের ১১তম ওভারের শেষ বলটা করার পর অনেকটা দৌড়ে ডাইভ দিয়ে রানআউটের চেষ্টা করলেন তৌফিক উমরকে। পায়ে চোট পেয়ে মাঠ ছাড়লেন ফিজিওর সঙ্গে। তাঁর যা ভাগ্য, মনে হচ্ছিল এই যাওয়া বুঝি দীর্ঘদিনের জন্য। তবে সত্যি হয়নি শঙ্কাটা। খানিক পরই ফিরেছেন, বল হাতে নিয়েছেন দুই ওভার পরই।বেখেয়ালিএকজন উইকেটকিপারের আবশ্যিক গুণাবলির মধ্যে ওপরের দিকেই থাকবে প্রত্যুৎপন্নমতিত্ব। কাল সময় আর সুযোগমতো এটার প্রমাণ দিতে পারেননি মুশফিকুর রহিম। সাকিবের লেগ স্টাম্পে থাকা বলকে ফ্লিক করতে গিয়ে ফলো থ্রুতে অনেকটা বাইরে চলে এসেছিলেন তৌফিক। সেই বল গ্লাভসে জমিয়ে একেবারে যেন জানপ্রাণ দিয়ে কট বিহাইন্ডের আবেদন করছিলেন মুশফিক, তৌফিকের দিকে খেয়ালই করেননি। শেষ পর্যন্ত কট বিহাইন্ডের আবেদনেও সাড়া দেননি আম্পায়ার, তৌফিককে স্টাম্পিংয়ের সুযোগও হারালেন মুশফিক।প্রশ্নইলিয়াস সানি এই ম্যাচে কী হিসেবে খেলছেন? জানা না থাকলে অনেকে বিভ্রান্তিতে পড়তে পারেন। ব্যাটিং করেছেন ৮ নম্বরে। দ্বিতীয় দিনে পাকিস্তান ইনিংসের ২৭ ওভারে বোলিং দেওয়া হয়নি এক ওভারও। কাল আজহার-তৌফিক জুটি যখন এগিয়ে চলেছে, তখনো দেখা নেই সানির। অবশেষে বোলিং পেলেন ৪৭ ওভার শেষে, লাঞ্চের ঠিক আগের ওভারে। এরপর আবার উধাও সানি, আবার এলেন ২০ ওভার পর। এবার ২ ওভারের স্পেল। চা-বিরতির পর অবশ্য ৪ ওভারের ‘লম্বা’ একটা স্পেল পেয়েছেন। তার পরও শেষ পর্যন্ত ৯৬ ওভারের মধ্যে ৮ ওভার—শুরুর প্রশ্নটি তাই আবার করতে হচ্ছে...!রূপান্তরনাসির হোসেনকে দেখে নিশ্চয়ই নিজের কথা মনে পড়ে গিয়েছিল ইউনুস খানের। কিংবা ইউনুসকে দেখেই নিজেকে বদলে ফেললেন নাসির! ক্যারিয়ারের শুরুতে লেগ স্পিন করতেন ইউনুস, তাঁর এক ওভারে ২৬ নিয়ে সে সময়ের বিশ্ব রেকর্ড গড়েছিলেন নিউজিল্যান্ডের ক্রেইগ ম্যাকমিলান। ইউনুস পরে হয়ে যান মিডিয়াম পেসার, তাঁর ক্যারিয়ারের ৭ উইকেটের ৫টিই পেস বোলিংয়ে। সেই ইউনুসকে পেয়ে অফ স্পিনার নাসির কাল হঠাৎ হয়ে গেলেন পেসার। দ্বিতীয় নতুন বলে করলেন মিডিয়াম পেস। একদমই হুট করে অবশ্য নয়, ঘরোয়া ক্রিকেটে মাঝেমধ্যেই পেস বোলিং করে থাকেন নাসির।৫ সেঞ্চুরিএ বছর এই নিয়ে ৩টি সেঞ্চুরি হলো তৌফিকের, ওপেনিংয়ে নেমে এ বছর দুটি সেঞ্চুরি করেছেন মোহাম্মদ হাফিজ। এক বছরে ওপেনারদের কাছ থেকে ৫টি সেঞ্চুরি এর আগে মাত্র দুবার পেয়েছে পাকিস্তান। ১৯৮৩ সালে ৩টি সেঞ্চুরি করেছিলেন মুদাসসর নজর, বর্তমান কোচ মহসিন খান দুটি। ১৯৯৯ সালে দুটি করে সেঞ্চুরি করেছিলেন সাঈদ আনোয়ার ও ওয়াজাতউল্লাহ ওয়াস্তি, একটি শহীদ আফ্রিদি।‘নো বল’কাহনএকটা জায়গায় দারুণ ধারাবাহিকতা ধরে রেখেছেন বাংলাদেশের পেসাররা। চট্টগ্রাম টেস্টে ৬টি নো-বল করে টেস্টে নো-বলের সেঞ্চুরি ছুঁয়েছিলেন শাহাদাত হোসেন। ঢাকা টেস্টেও নো-বল করেছেন ৬টি। চট্টগ্রামে ৬টি নো-বল করেছিলেন রুবেল হোসেন, ১২ টেস্টে তাঁর নো-বল ৭৫টি। এখানে রুবেল নেই, রবিউল তো আছেন! আগের দুই টেস্ট মিলিয়ে করেছিলেন ৬টি নো-বল, এখানে এক ইনিংসেই করে ফেলেছেন ৬টি। পাকিস্তানের ইনিংস এখনো অনেকটা বাকি, শাহাদাত-রবিউল তাই এখন আছেন নিজেদের ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায়! আরিফুল ইসলাম