টুকরো টুকরো ছবি

তাঁরা ছাড়া
২০০৬ সালের আগস্টে ওয়ানডে অভিষেক সাকিব আল হাসানের। মাস ছয়েক পরে তামিম ইকবালের। অভিষেকের কিছুদিন পর থেকেই দুজন দলের অবিচ্ছেদ্য অংশ। দুজনের বিকল্প নেই এখনো। তবে তলপেটের ব্যথায় কাল খেলতে পারলেন না তামিম। ডেঙ্গুতে আক্রান্ত সাকিব তো নেই আগে থেকেই। দেশের মাটিতে তাই এই প্রথমবার সাকিব-তামিম দুজনকে ছাড়াই ওয়ানডে খেলতে নামল বাংলাদেশ। দুজন একসঙ্গে দলে আসার পর বাংলাদেশের ১৩৬ ওয়ানডের আর মাত্র দুটিতেই একসঙ্গে ছিলেন না দুজন। সেটিও মাত্র কিছুদিন আগেই। চোটের কারণে গত মার্চের শ্রীলঙ্কা সফরে যাননি সাকিব। আর প্রথম ওয়ানডেতে সেঞ্চুরির পর চোটের কারণে শেষ দুই ওয়ানডেতে খেলতে পারেননি তামিম।
নেতৃত্বের স্বাদ
বয়স ৩৫ ছুঁই-ছুঁই, ক্যারিয়ারের গোধূলি। এমন সময়ই অপ্রত্যাশিতভাবে দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেলেন কাইল মিলস। যাঁর চোট-দুর্ভাগ্যে মিলসের এই সৌভাগ্য, টস করতে নেমে কাল তাঁকেই ছাড়িয়ে গেলেন। ১৫৪টি ওয়ানডে খেলার পর প্রথমবার নেতৃত্ব দিলেন দেশকে। প্রথমবার টস করতে নামার আগে নিউজিল্যান্ডের ২১তম ওয়ানডে অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম খেলেছিলেন ১৫০টি ওয়ানডে। আগের ২০ জনে নিখাদ পেস বোলার ছিলেন শুধু গ্যাভিন লারসেন ও ডিওন ন্যাশ। মিলসের মতো ওই দুজনও চালিয়েছিলেন ঠেকার কাজ। প্রথমবার টস করার আগে সবচেয়ে বেশি ওয়ানডে খেলার বিশ্ব রেকর্ডটি শহীদ আফ্রিদির, ২৮১ ম্যাচ। আফ্রিদি ছাড়িয়েছিলেন তাঁরই এক পূর্বসূরি, ইনজামাম-উল-হককে (২৭৭ ম্যাচ)।
বোলার নাসির
টেস্ট সিরিজে তিনি ছিলেন মুশফিকুর রহিমের ‘গোল্ডেন আর্ম।’ দলের ব্রেক থ্রুর প্রয়োজনে বোলিংয়ে আসেন। তবে কাল নিউজিল্যান্ডের ওপেনিংয়েও দুই বাঁহাতিকে দেখে নাসির হোসেনকে সপ্তম ওভারেই বোলিংয়ে আনেন মুশফিক। ১০ ওভারের আগে নাসির বোলিং করলেন এই প্রথম। উইকেটের দেখাও পেয়ে যাচ্ছিলেন প্রথম ওভারে, অ্যান্টন ডেভচিচের শট ফিরতি ক্যাচ বানাতে পারেননি অল্পের জন্য। তবে পরের ওভারে পেয়ে গেছেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম মেডেন। কাল দলের সবচেয়ে কিপটে বোলারও নাসির। তাই প্রথমবার পূরণ করতে পারলেন ১০ ওভারের কোটা।
শুরুর স্বস্তি
ওপেনারদের কাজ যে দলকে একটা শক্ত ভিত গড়ে দেওয়া, সেটা ভুলতেই বসেছিল নিউজিল্যান্ড। প্রায় ভুলে বসা স্বাদটা কাল মনে করিয়ে দিলেন অ্যান্টন ডেভচিচ ও টম ল্যাথাম। প্রায় ২১ মাস পর ওয়ানডেতে অর্ধশত রানের একটি উদ্বোধনী জুটি পেল কিউইরা। সর্বশেষ ২০১২ সালের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে নেপিয়ারে ১৫৩ রানের জুটি গড়েছিলেন মার্টিন গাপটিল ও রব নিকোল। ওই ম্যাচের পর আর কালকের আগে সবচেয়ে বড় উদ্বোধনী জুটি ছিল ৩৯। মাঝের এই ২৫ ইনিংসে ২৫ ছাড়াতে পেরেছিল ওই একবারই!
সুইচ অন, সুইচ অফ
তখন পর্যন্ত দেখেশুনেই খেলছিলেন কলিন মানরো, কোনোরকম পূর্বাভাস ছাড়াই হঠাৎ তুললেন ঝড়। রাজ্জাককে পুল করে ছক্কা কভারের ওপর দিয়ে। ভাবছেন পুল করে কীভাবে কাভারের ওপর দিয়ে মারা সম্ভব? বাঁহাতি মানরো যে তখন হয়ে গিয়েছিলেন ডানহাতি! এখন সেটিকে কভার বলবেন না মিড উইকেট, সিদ্ধান্ত আপনার। ব্যাটসম্যান বাঁহাতি হলেও মানরো ডান হাতে মিডিয়াম পেস বোলিং করেন। জোর যে দুই হাতেই আছে, সেটা প্রমাণ করলেন একের পর এক সুইচ হিটে। ওই ছয়ের পর আরও তিনটি চার মেরেছেন সুইচ হিটে। ক্রিকেটে সবচেয়ে বেশি রানপ্রসবা শটেই মৃত্যু হয় ব্যাটসম্যানের। মানরোও কাল আউট হলেন সুইচ হিট খেলতে গিয়েই!
৯৬ গেরো
৯০ থেকে ৯৯ পর্যন্ত প্রতিটি রানই ব্যাটসম্যানদের জন্য একেকটি গেরো। তবে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য সবচেয়ে বড় গেরো নিঃসন্দেহে ৯৬! আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের নব্বই রানের ইনিংস মোট ২৬টি। এর মধ্যে ৬ বার থমকে যাওয়া ওই ৯৬ রানেই! তবে ওয়ানডেতে শামসুর রহমানই প্রথম, আগের পাঁচটিই ছিল টেস্টে। এক সাকিব আল হাসানেরই ৯৬ আছে তিনটি! ৯৬-এর আগে ও পরে, অর্থাৎ ৯৫ ও ৯৭ রানের ইনিংস আছে বাংলাদেশের ব্যাটসম্যানদের চারটি করে।
দায়মোচন
বাংলাদেশের বিপক্ষে তিন শ করা প্রথম দল নিউজিল্যান্ড। সেই ১৯৯০ সালে শারজার অস্ট্রেলেশিয়া কাপে জন রাইট, মার্টিন ক্রো, অ্যান্ড্রু জোনসদের ব্যাটিংয়ে গাজী আশরাফ হোসেনের দলের বিপক্ষে কিউইরা করেছিল ৩৩৮। প্রায় দুই যুগ পর বাংলাদেশ প্রথম কোনো টেস্ট দলের বিপক্ষে তিন শ তাড়া করে জিতল সেই নিউজিল্যান্ডের বিপক্ষেই! বাংলাদেশ জিম্বাবুয়ের ৩১২ তাড়া করেছে বটে, তবে তখন জিম্বাবুয়ে টেস্ট দল ছিল না। ইতিহাসের দায়মোচন করেই তাই আরেক ধাপ সামনে এগোল মুশফিকের বাংলাদেশ।
আরিফুল ইসলাম