টুকরো টুকরো ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসবাহ আবারস্লগ সুইপ করে স্লিপে বল পাঠানো বেশ কঠিন কাজ। মিসবাহ-উল-হক বলেই খুব একটা বিস্ময়কর মনে হচ্ছে না, অদ্ভুত সব উপায়ে আউট হওয়াটাকে যে প্রায় নিয়মই বানিয়ে ফেলেছেন তিনি! সাকিবের অফ স্টাম্পের একটু বাইরের বলকে গ্যালারিতে পাঠাতে চেয়েছিলেন, ব্যাটের বাইরের কানায় লেগে বল স্লিপের হাতে। আরেকটি ফিফটিকে তিন অঙ্কে রূপ দিতে ব্যর্থ মিসবাহ। এই নিয়ে টেস্ট-ওয়ানডে মিলিয়ে এ বছর তাঁর ১৭টি পঞ্চাশ পেরোনো ইনিংস, এর একটিকেই নিতে পেরেছেন তিন অঙ্কে। মিসবাহর পুরো ক্যারিয়ারের গল্পই অবশ্য এটা। আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে মোট ৩৭ বার ফিফটি ছুঁয়েছেন, তিন অঙ্ক ছুঁতে পেরেছেন মাত্র তিনবার!আকমল উবাচপাকিস্তানের ইনিংসে কাল বেশ কবারই জোরালো আবেদন করেছেন বাংলাদেশের ফিল্ডাররা। ইনিংসের ১৪৬তম ওভারে ইলিয়াস সানির বলে আদনান আকমলের বিপক্ষে যে আবেদনে সাড়া দেননি আম্পায়ার শাবির তারাপোরে, সেটা নিয়ে সংশয় আছে যথেষ্ট। যা হোক, বারবার আবেদনে হয়তো নিজের সম্ভাব্য প্রথম ফিফটি নিয়ে শঙ্কায় পড়ে গিয়েছিলেন আদনান। সানির বলে ওই আবেদনের পর মুশফিক কিছু একটা বলেছিলেন কি না কে জানে, স্টাম্প মাইক্রোফোনে ধরা পড়ল আদনানের বিরক্তি, ‘আম্পায়ার হ্যায় না আউট দে নে কে লিয়ে!’ (আম্পায়ার আছে না আউট দেওয়ার জন্য!)দুই বছরে দুটিটেস্ট ক্রিকেটে প্রথম ফিফটির জন্য দারুণ সময়ই বেছে নিলেন আদনান আকমল। ইংল্যান্ড সিরিজের টেস্ট দলে জায়গা পাওয়াটাকে এখন বলা যায় অনেকটাই নিশ্চিত। অবিশ্বাস্য হলেও সত্যি, ১৩ টেস্ট পর ফিফটি পেলেন কোনো পাকিস্তানি উইকেটকিপার। গত দুই বছরে পাকিস্তানি উইকেটকিপারদের ফিফটি ছিল আর একটিই, গত বছর এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে জুলকারনাইন হায়দারের ৮৮। দায় অনেকটাই কামরান আকমলের। ৫৩ টেস্টে ৬টি সেঞ্চুরি ও ১২টি ফিফটি তাঁর, দলের প্রয়োজনের সময় আছে দারুণ সব ইনিংস। কিন্তু উইকেটের পেছনে এমনই পারফরম্যান্স যে, উইকেটের সামনে এত সাফল্যের পরও তাঁকে বাদ না দিয়ে উপায় ছিল না!শুরুর সংগ্রামইউনুস খানের জায়গায় উইকেটে গিয়েছিলেন দিনের দ্বিতীয় ওভারে। আসাদ শফিক রানের দেখা পেলেন দিনের অষ্টম ওভারে। প্রথম রানের দেখা পেতে ২১ বল! তবে রানের খাতা খুলতে শফিকের এমন অপেক্ষা নতুন কিছু নয়। গত মে মাসে সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম রান পেয়েছিলেন ২১তম বলে। গত জানুয়ারিতে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে রানের খাতা খুলেছিলেন ২২তম বলে!ছক্কা নেইপ্রথম ইনিংসে ৪৭০ রান তুলেছে পাকিস্তান, একটি সেঞ্চুরির সঙ্গে আছে তিনটি ফিফটি, ‘প্রায়’ ফিফটি আরও দুটি। কিন্তু পুরো ইনিংসে কোনো ছয় নেই, ভাবতে পারেন! ছক্কাবিহীন এর চেয়েও বড় ইনিংস আছে অনেক। ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় ইনিংসেও (ইংল্যান্ডের ৯০৩/৭) কোনো ছয় ছিল না। পাকিস্তানের ছক্কাবিহীন সবচেয়ে বড় ইনিংস ১৯৮৪ সালে ভারতের বিপক্ষে ৬৭৪/৬। কিন্তু এই যুগে ১৫৪ ওভার ব্যাটিং করেও ছক্কা নেই—টেস্ট ব্যাটিংয়ের একটা শিক্ষাও বোধ হয় বাংলাদেশের ব্যাটসম্যানদের দিল পাকিস্তান। মাসুদের পাশে মুশফিকযাঁর কাজ স্টাম্পিং করা, তিনি নিজেই স্টাম্পড হলে কেমন লাগে! আদনান আকমলকে জিজ্ঞেস করতে পারেন, তাঁর অনুভূতি এখনো তরতাজা। এ বছর স্টাম্পড হওয়া প্রথম উইকেটকিপার আদনান, সব মিলিয়ে উইকেটকিপারের স্টাম্পড হওয়ার ঘটনা টেস্ট ক্রিকেট দেখেছে ১০৬ বার। আর আকমলকে স্টাম্পিং করে কাল খালেদ মাসুদকে ছুঁয়ে ফেললেন মুশফিকুর রহিম। মাসুদের ৮৭ ডিসমিসালের বাংলাদেশি রেকর্ড ছুঁতে অবশ্য এখনো বেশ খানিকটা পথ পাড়ি দিতে হবে মুশফিককে (৪৯)। তবে দুজনেরই স্টাম্পিং এখন সমান (৯)।শাহরিয়ারের প্রথমমুদ্রার এপিঠ-ওপিঠ এক টেস্টেই দেখা হয়ে গেল শাহরিয়ার নাফীসের। প্রথম ইনিংসে খেলেছিলেন দারুণ এক ইনিংস, মাত্র ৩ রানের জন্য পাননি ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। ওই ইনিংসে তো হয়ইনি, ম্যাচেও সেঞ্চুরি হলো না শাহরিয়ারের। দ্বিতীয় ইনিংসে যে আউট প্রথম বলেই! টেস্ট ক্যারিয়ারে এই প্রথম ‘গোল্ডেন ডাক’-এর স্বাদ পেলেন শাহরিয়ার। টেস্টে ৪টি শূন্যর দুটিই এই সিরিজে। ওয়ানডেতে অবশ্য চারবার প্রথম বলে আউট হয়েছেন শাহরিয়ার, মোট শূন্য ১১টি। আরিফুল ইসলাম