টুকরো টুকরো ছবি
মহাব্যস্ত মিরপুরআরেকটি ম্যাচ, আরেকটি টুর্নামেন্ট। নতুন বছরে শুরু হলো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের পথচলা। হতে পারে শারজায় দুই শর বেশি ওয়ানডে হয়েছে, সিডনি-মেলবোর্নে এক শর বেশি। কিন্তু সাম্প্রতিক পরিসংখ্যানে মিরপুরের ধারেকাছে নেই বিশ্বের কোনো ভেন্যু! ২০০৮ সালের মার্চ থেকে ধরলে কালকের ম্যাচটি ছিল মিরপুরে ৫১তম ওয়ানডে। এই চার বছরে মিরপুরের অর্ধেক ওয়ানডেও হয়নি আর কোথাও। ‘নিকটতম প্রতিদ্বন্দ্বী’ হারারে স্পোর্টস ক্লাব দেখেছে ২৪টি ওয়ানডে, কলম্বোর প্রেমাদাসা ২২টি।টস-বীর!অধিনায়কত্ব পাওয়ার পর থেকে একটা জায়গায় দারুণ সফল মুশফিকুর রহিম, টসে তাঁকে হারানো এখন সবচেয়ে কঠিন কাজগুলোর একটি! ওয়ানডেতে কাল সপ্তমবার টস করতে নেমে মুশফিক জিতলেন পঞ্চমবারের মতো!সুযোগের সদ্ব্যবহারঅষ্টম উইকেট জুটিতে বাংলাদেশের বিপক্ষে কালই প্রথম পঞ্চাশ করল পাকিস্তান। এর আগে করতে পারেনি বলাটা পুরোপুরি ঠিক হবে না, করার সুযোগই তো আসেনি সেভাবে। বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান তো এমন বিপদে সচরাচর পড়ে না! হঠাৎ বিপর্যয়ই কাল সুযোগ করে দিল, দারুণ খেলে উমর গুল ও সরফরাজ আহমেদ গড়লেন ৫৩ রানের জুটি। আগের সর্বোচ্চ জুটিটাও ছিল এমন এক বিপর্যয়ের দিনে। ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশের সেই বিখ্যাত জয়ের দিনে অষ্টম উইকেটে ২২ রানের জুটি ছিল মঈন খান ও সাকলায়েন মুশতাকের।শুরুর সাকিববোলিংয়ে এসেই উইকেট নেওয়াকে প্রায় নিয়ম বানিয়ে ফেলেছেন সাকিব আল হাসান। কালও প্রথম ওভারে পেতে পারতেন উইকেট। কিন্তু মোহাম্মদ হাফিজের ড্রাইভ শর্ট কভারে হাতে জমাতে পারেননি দলের সেরা ফিল্ডারদের একজন নাসির হোসেন। দুই বল পর স্লিপে ব্যাট-প্যাড ক্যাচের আবেদন করেছিলেন মাশরাফি। তবে শুধু প্যাডই ছুঁয়েছিল বল। বাকি চার বলেও হাফিজকে বেশ অস্বস্তিতে ফেলেছেন। উইকেট না পেলেও প্রথম ওভারেই সাকিব আরেকবার চিনিয়ে দিলেন নিজের জাত।জুটি ও জামশেদনাসির জামশেদ ছিল না বলেই কি বাংলাদেশের বিপক্ষে উদ্বোধনী জুটিতে সেঞ্চুরি পাচ্ছিল না পাকিস্তান! মোহাম্মদ হাফিজের সঙ্গে কালই প্রথম জুটি বাঁধলেন জামশেদ, নতুন এই জুটির সৌজন্যে পাকিস্তানের উদ্বোধনী জুটিটি হলো ১৩৫ রানের। বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের সর্বশেষ শতরানের উদ্বোধনী জুটিতেও ছিলেন জামশেদ, এশিয়া কাপেই। ২০০৮ এশিয়া কাপে করাচিতে বাংলাদেশের ১১৫ রান পাকিস্তান টপকে গিয়েছিল সালমান বাট ও জামশেদের উদ্বোধনী জুটিতেই। তামিমের ছয়তামিম ইকবালের সাম্প্রতিক দুঃখময় ছবিটা পরিষ্কার হবে একটি তথ্যেই। মিচেল জনসনকে আপার কাটে থার্ডম্যানের ওপর দিয়ে উড়িয়েছিলেন গত এপ্রিলে, কাল স্লগ সুইপে মোহাম্মদ হাফিজকে। ওয়ানডেতে তামিমের দুই ছক্কার মাঝে পেরিয়ে গেছে ১১ ইনিংস!তাঁরা দুজনরানখরায় ছিলেন দুজনই। সহজাত স্ট্রোকমেকার হলেও কাল দুজনই তাই বেছে নিয়েছিলেন ‘ধীরে চলো’ নীতি। মোহাম্মদ হাফিজ প্রথম রানের দেখা পেলেন ১২তম বলে, তামিম ইকবাল ১৩তম বলে। প্রতিকূল সময়ের সঙ্গে লড়াই চালিয়ে গেলেন দুজন। হাফিজের ফিফটি এলো ৭২ বলে, তামিমের ৭৫ বলে। খুব কাছাকাছি গিয়েও তিন অঙ্ক ছুঁতে পারেননি হাফিজ। তবে ফর্মে ফেরা, পরে দুটি উইকেট নিয়ে ম্যাচ-সেরা পুরস্কার তৃপ্তিই দেবে হাফিজকে। তামিম হয়তো তৃপ্ত নন, তবে স্বস্তি পাবেন অবশ্যই!হলো না!প্রয়োজন ছিল ১৩ রান। তাহলেই ওয়ানডেতে ২ হাজার রান ছুঁয়ে ফেলতেন মুশফিকুর রহিম। কিন্তু বাংলাদেশ অধিনায়ক আউট হলেন মাত্র ৩ রানে। শহীদ আফ্রিদির প্রয়োজন ছিল আরও কম। মাত্র ১ রান করলেই ছুঁয়ে ফেলতেন ওয়ানডেতে ৭ হাজার রান। কিন্তু কিছুটা নিয়তি আর কিছুটা সাকিবের প্রত্যুৎপন্নমতিত্ব সাবেক পাকিস্তান অধিনায়ককে ওই ১ রানই করতে দিল না! আরিফুল ইসলাম