টুকরো টুকরো ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রথম’ বিষশ্রীলঙ্কার ব্যাটিং-দুর্দশার মূল কারণটা কী, বলুন তো? আইজাজ চিমার ওভারের প্রথম বল সাবধানে না খেলা! প্রথম দুই ওভারে ২১ রান দিয়েছিলেন চিমা। তৃতীয় ওভারের প্রথম বল জয়াবর্ধনে তুলে দিলেন পয়েন্টে হাফিজের হাতে। পরের ওভারের প্রথম বলে দিলশান বল আকাশে তুললেন পুল করতে গিয়ে। মিডঅনে সহজ ক্যাচ। দ্বিতীয় স্পেলে যখন ফিরলেন চিমা, শ্রীলঙ্কার শেষ আশা হয়ে টিকে ছিলেন সাঙ্গাকারা। এবারও প্রথম বলেই সাঙ্গাকারা প্লেড অন। তিনটি ‘প্রথম’ বলই তো ভেঙে দিয়েছে লঙ্কান ব্যাটিংয়ের মেরুদণ্ড! উইকেটের পর চারউইকেট, চার, উইকেট, চার। শুরুতে যখনই উইকেট তুলে নিয়ে নিয়েছে পাকিস্তান, সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দিয়েছেন কুমার সাঙ্গাকারা। জয়াবর্ধনে আউট হওয়ার পর নেমে প্রথম বলেই চিমাকে চার মিড উইকেট দিয়ে। চিমার পরের ওভারে আউট দিলশান। প্রান্ত বদলে স্ট্রাইকে এলেন সাঙ্গাকারা। এবারও পরের বলে ৪, এবারও মিড উইকেট দিয়ে!পাশাপাশি উপুল থারাঙ্গা যখন উইকেটে গেলেন, সাঙ্গাকারার রান ২০। ব্যবধানটা দ্রুতই ঘোচাতে থাকলেন থারাঙ্গা। ৪৬ রানের মাথায় ছুঁয়ে ফেললেন সাঙ্গাকারাকে। দুই বাঁহাতি এরপর এগিয়ে যেতে থাকলেন হাত ধরাধরি করে—৪৬ থেকে দুজনই ৪৭, ৪৮, ৪৯...পরপর দুই বলে ছুঁলেন ৫০, এরপর দুজনই ৫১। চিমার বলে ২ রান নিয়ে এরপর এগিয়ে গেলেন সাঙ্গাকারা, আর ছুঁতে পারেননি থারাঙ্গা। লঙ্কান রাজত্বএ বছর এখন পর্যন্ত সবচেয়ে বেশি ওয়ানডে খেলেছে শ্রীলঙ্কা। বছরের সর্বোচ্চ রানসংগ্রহকারীর তালিকাতেও তাই লঙ্কানদের ছড়াছড়ি। কালকের আগে সর্বোচ্চ রান ছিল দিলশানের। ২০ রান করায় কাল দিলশানের রান ছাড়াল সাত শ (৭০১)। পরে আবার দিলশানকে ছাড়িয়ে গেলেন সাঙ্গাকারা (৭৩৫)। এই দুজনের পরও আছেন দুই শ্রীলঙ্কান—দিনেশ চান্ডিমাল (৬৪৩) ও জয়াবর্ধনে (৫৩২)।গুলের ‘১৫০’কুলাসেকারা ঠিক সন্তুষ্ট হতে পারলেন না, কিন্তু আম্পায়ার আঙুল তুলে দেওয়ার পর অসন্তষ্ট হলেই বা আর লাভ কী! বাউন্সারে কট বিহাইন্ড কুলাসেকারা, উমর গুল ছুঁয়ে ফেললেন ওয়ানডেতে ১৫০ উইকেটের মাইলফলক। দেড় শ ওয়ানডে উইকেট পাওয়া দশম পাকিস্তানি গুল।পণ্ডশ্রমশর্ট ফাইন লেগে ফিল্ডিং করছিলেন আইজাজ চিমা। হঠাত্ খেয়াল করলেন বল ছুটে যাচ্ছে বাউন্ডারির দিকে। পড়িমড়ি করে পেছনে ছুটলেন, কিন্তু বাউন্ডারি বাঁচাতে পারলেন না। বাইরে থেকে বল কুড়িয়ে ফেরত দিতে যাবেন, দেখলেন সতীর্থরা ব্যস্ত উদ্যাপনে! সাঈদ আজমলের দুসরায় ব্যাট-প্যাডের ফাঁক গলে বোল্ড থারাঙ্গা। বল বাউন্ডারির দিকে ছুটেছে আসলে স্টাম্প ভেঙে দিয়ে!সেরা দুই১১ ম্যাচের ছোট্ট ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বার ৪ উইকেট পেলেন চিমা। তবে ছাড়িয়ে যেতে পারলেন না আগের সেরাকে, আবার পেছনেও থাকলেন না। দুবারই ৪৩ রানে ৪ উইকেট, ওয়ানডেতে চিমার সেরা দুটি বোলিং পারফরম্যান্স এখন একই। এ ক্ষেত্রে অবশ্য অনন্য স্টিভেন ফিন। চিমার দুই সেরা বোলিং তবু অনেক দিনের ব্যবধানে, এক দিন বোলিং করেছেন ১০ ওভার, আরেক দিন ৯ ওভার। কিন্তু ফিনের দুই সেরা বোলিং টানা দুই ম্যাচে। একটিকেও আগে-পরে রাখার উপায় নেই, দুই দিনই ১০-১-৩৪-৪! জন্ম-মৃত্যু-উত্সর্গদলের জয় পাকিস্তান উত্সর্গ করতে পারে সদ্য সাবেক আর সদ্য দায়িত্ব নেওয়া কোচকে। প্রধান নির্বাচক থেকে ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব নিয়ে দারুণ করেছেন মহসিন খান। সাবেক ওপেনার ও কোচের কাল ছিল ৫৭তম জন্মদিন। আর বর্তমান কোচ ডেভ হোয়াটমোরের ৫৮তম জন্মদিন আজ! বাংলাদেশে যেহেতু আছেন, জন্মদিনে হোয়াটমোরকে ছুঁয়ে যেতে পারে একটি মৃত্যুর বেদনাও। পাঁচ বছর আগে, বাংলাদেশ দলের কোচ হিসেবে তখন তিনি ক্যারিবিয়ানে। আজকের এই দিনে দেশ থেকে যাওয়া একটি খবর স্তম্ভিত করে দিয়েছিল হোয়াটমোরসহ গোটা বাংলাদেশ দলকে। সড়ক দুর্ঘটনা মাত্র ২২ বছর বয়সেই কেড়ে নিয়েছিল মানজারুল ইসলাম রানার প্রাণ। তাঁর চেয়ে কম বয়সে পৃথিবী ছাড়তে হয়নি আর কোনো আন্তর্জাতিক ক্রিকেটারকে।  আরিফুল ইসলাম