টুকরো টুকরো ছবি
জাদুটোনা!জাদুটোনা কিছু জানেন নাকি মুশফিকুর রহিম! টস ব্যাপারটার সঙ্গে যে ভাগ্য জড়িত, এটা নিয়েই তো সংশয় জাগিয়ে তুলছেন বাংলাদেশ অধিনায়ক। টস জিতলেন টুর্নামেন্টের চার ম্যাচের সব কটিতেই! টুর্নামেন্টের সব ম্যাচে বাংলাদেশ টস জিতেছিল একবারই। ১৯৯৫ শারজা এশিয়া কাপের তিন ম্যাচে জিতেছিলেন আকরাম খান। গত অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক সিরিজের ৩ ওয়ানডেতেও টস জিতেছিলেন মুশফিক। দ্বিপক্ষীয় সিরিজের সব ওয়ানডেতে টস জিতেছেন খালেদ মাসুদ, খালেদ মাহমুদ, হাবিবুল বাশার ও দুবার মোহাম্মদ আশরাফুল। তবে কোনো টুর্নামেন্ট বা ম্যাচের চার ম্যাচে টস জিতলেন মুশফিকই প্রথম। সব মিলিয়ে ১০ ওয়ানডেতে টস করে জিতলেন আটটিতেই!মাসুদের পাশে সাকিবটুর্নামেন্টের প্রথম ম্যাচে ছুঁয়েছিলেন মোহাম্মদ রফিককে (১২৩)। ম্যাচ খেলার সংখ্যায় সাকিব আল হাসান কাল ছুঁলেন খালেদ মাসুদকে। বাংলাদেশের হয়ে দুজনেরই ওয়ানডে এখন ১২৬টি। ম্যাচ খেলার সংখ্যায় সাবেক দুই অধিনায়ক এখন যৌথভাবে তিনে। দুইয়ে আবদুর রাজ্জাক, বাঁহাতি স্পিনার কাল বাংলাদেশের হয়ে খেললেন ১৩৩তম ম্যাচ। ১৬৯ ম্যাচ খেলে অনেকটা এগিয়ে সবার ওপরে মোহাম্মদ আশরাফুল।মন্থর পাওয়ার প্লেদ্রুত ৩ উইকেটের পতন অনেকটাই থমকে দিয়েছিল পাকিস্তানের রানের চাকা। বোলিং পাওয়ার প্লেতে কাল ‘পাওয়ার’ ব্যাটিং হয়নি। কোনো উইকেট না হারিয়েও পাকিস্তান তুলতে পারল মাত্র ১১ রান। উইকেটে হাফিজের সঙ্গে ছিলেন সহজাত স্ট্রোক প্লেয়ার উমর আকমল। তবে আকমল পাওয়ার প্লের ওই ৫ ওভারে স্ট্রাইক পেয়েছিলেন মাত্র ৩ বল। এবারের এশিয়া কাপে বোলিং পাওয়ার প্লেতে সবচেয়ে কম রান এটাই। ১১ তুলেছিল অবশ্য শ্রীলঙ্কাও, এই পাকিস্তানের বিপক্ষেই এবং সেবারও কোনো উইকেট না হারিয়ে। তখন উইকেটে ছিলেন কুমার সাঙ্গাকারা ও উপুল থারাঙ্গা।শাহাদাত আবারওরান খরচায় যথারীতি কালও ‘উদার’ ছিলেন শাহাদাত হোসেন। এমন মাঝারি রানের ম্যাচেও ওভারপ্রতি ছয়ের বেশি রান, শেষ ওভারে ১৯ তো দিয়েছেনই। মাঝেও একবার আলগা করে দিয়েছেন শক্ত করে বাঁধা গিঁট। ৯.৫ ওভারে নাজমুলের স্লোয়ারে হাফিজের বাউন্ডারির পর দীর্ঘ ৭৬ বল কোনো বাউন্ডারি নেই। কিন্তু শাহাদাত আছেন না! নো বল করে সুযোগ করে দিলেন ফ্রি হিটের, এক্সট্রা কভার দিয়ে ৬ মেরে বাউন্ডারি-খরা ঘোচালেন হাম্মাদ আজম।অলরাউন্ডার বটে!রানের তালিকায় বাংলাদেশে সবার ওপরে সাকিব (৩৬৩৫), উইকেটের তালিকায় দুইয়ে (১৬০)। কাল ক্যাচ নেওয়ার তালিকাতেও যৌথভাবে উঠে এলেন দুইয়ে। কাল দুটি ক্যাচ নিয়ে ওয়ানডেতে সাকিবের ক্যাচ এখন ৩৫টি। ৩৫ ক্যাচ আছে আশরাফুলেরও। উইকেটকিপার ছাড়া বাংলাদেশের সর্বোচ্চ ক্যাচ নেওয়ার রেকর্ড মাশরাফি বিন মুর্তজার, ৩৭টি।দুই রকম ফিফটিবলের সঙ্গে পাল্লা দিয়ে রান করছিলেন তামিম ইকবাল, আর বলের সঙ্গে রানের ব্যবধান বাড়ছিল নাজিমউদ্দিনের। একসময় দুজনের মধ্যে জোর প্রতিযোগিতা, কে আগে ফিফটি ছোঁবেন। তামিম রানের, আর নাজিমউদ্দিন বল খেলার! ৪৩ বলে তামিমের রান ছিল ৪৫, নাজিমের ১২...৪৫ বলে ৪৭ ও ১৩। শেষ পর্যন্ত দুজনের ফিফটি হলো টানা দুই বলে। ৪৮ বলে ফিফটি ছুঁলেন তামিম। পরের বলেই বল খেলার ফিফটি হলো নাজিমের, রান তখন ১৪! আরিফুল ইসলাম