টুকরো টুকরো ছবি
নেই ‘তিনি’২০০৬ সালে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ছিলেন না। এরপর কালই প্রথম দলে নেই মোহাম্মদ আশরাফুল। মাঝের ১৬টি টি-টোয়েন্টিতেই খেলেছেন, বাংলাদেশের হয়ে টানা সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও এটিই। আশরাফুলের রেকর্ডটি এখন ছোঁয়ার পথে সাকিব আল হাসান, কালকের ম্যাচ ছিল তাঁর টানা ১৫তম টি-টোয়েন্টি।হাফিজ বনাম সাকিবমোহাম্মদ হাফিজ ম্যাচের সেরা হতে পারেন, তবে কিছুক্ষণের জন্য হলেও তাঁকে শিক্ষানবিশের পর্যায়ে নামিয়ে এনেছিলেন সাকিব। নিজের তৃতীয় আর ইনিংসের নবম ওভারে সাকিব মোটামুটি নাচিয়ে ছেড়েছেন হাফিজকে। সাকিবের ওই ওভারে চারবার পরাস্ত হন হাফিজ, রিভার্স সুইপ করতে গিয়ে অল্পের জন্য বোল্ড হওয়া থেকে বেঁচে যান একবার। শেষ পর্যন্ত ওভারের শেষ বলে সুইপ করতে গিয়ে বোল্ড। উইকেট-মেডেন! টি-টোয়েন্টিতে এটিই সাকিবের প্রথম মেডেন ওভার। বাংলাদেশের হয়ে এর আগে দুজন মাত্র টি-টোয়েন্টিতে মেডেনের স্বাদ পেয়েছিলেন। দেশের অভিষেক টি-টোয়েন্টিতে আবদুর রাজ্জাক, ২০০৭ বিশ্বকাপে দুবার সৈয়দ রাসেল।কাঁড়ি কাঁড়ি বোলারক্রমাগত বোলিং পরিবর্তনের প্রবণতা অধিনায়কত্বের শুরু থেকেই দেখা গেছে মুশফিকুর রহিমের মাঝে। হয়তো প্রতিপক্ষের ব্যাটসম্যানদের বোলিং বুঝতে না দিতেই এই কৌশল। কাল তো রেকর্ডই ছুঁয়ে ফেলল বাংলাদেশ। ৮ জন বোলার বোলিং করেছেন, টি-টোয়েন্টিতে যা এক ইনিংসে সবচেয়ে বেশি বোলারের বোলিং করার রেকর্ড। এর আগে ৮ জন বোলার ব্যবহার করেছিল ভারত, জিম্বাবুয়ে, কানাডা ও ওয়েস্ট ইন্ডিজ। জিম্বাবুয়ে ছাড়া বাকি তিন দলই হেরেছিল, কাল যোগ হলো বাংলাদেশও।গুলের ফিফটিএকসময় এগিয়ে ছিলেন উমর গুলই। পরে গুলকে ছাপিয়ে টি-টোয়েন্টিতে উইকেটের ‘ফিফটি’ প্রথম করে ফেলেন শহীদ আফ্রিদি। টি-টোয়েন্টিতে দ্বিতীয় বোলার হিসেবে গুলের ‘ফিফটি’ হলো কাল, নাঈম ইসলামকে এলবিডব্লু করে ছুঁলেন ৫০ উইকেট। তবে আফ্রিদির ৫০ হয়েছিল ৪২তম ম্যাচে, গুলের লাগল মাত্র ৩৬ ম্যাচ!আফ্রিদির হাজারনিজের প্রথম ওভারের পঞ্চম বলটি যখন করলেন, শহীদ আফ্রিদি হয়তো জানতেনও না একটা মাইলফলক ছুঁয়ে ফেললেন তিনি। ওই বলটিই ছিল আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আফ্রিদির ১০০০তম বল, এই কীর্তি নেই আর কারও। সর্বোচ্চ উইকেটের মতোই এই রেকর্ডেও আফ্রিদির ঠিক পেছনে সাঈদ আজমল (৭৩২) ও উমর গুল (৭২৪)।৫/২৩টি-টোয়েন্টিতে সবচেয়ে কম রানে গুটিয়ে যাওয়ার শঙ্কা একসময় ভালোই পেয়ে বসেছিল বাংলাদেশকে। শেষ পর্যন্ত তা হয়নি, এমনকি নিজেদের সবচেয়ে কম রানে আউট হওয়ার (৭৮) রেকর্ডও হয়নি। তবে লজ্জার একটা রেকর্ড ঠিকই হয়েছে। ২৩ রানে পঞ্চম উইকেট পড়েছে বাংলাদেশের, টি-টোয়েন্টিতে এর আগে এত কম রানে ৫ উইকেট পড়েনি।আফ্রিদির উদ্যাপনএকটা মাত্র উইকেটই পেয়েছেন আফ্রিদি। কিন্তু ম্যাচে তখন উত্তেজনার লেশমাত্র ছিল না বলেই কিনা, বিখ্যাত হয়ে যাওয়া সেই উদ্যাপনে দেখা গেল না তাঁকে। তবে একেবারেই না করলে কি আর হয়? মিড উইকেটে বেশ কিছুটা দৌড়ে রাজ্জাকের ক্যাচ নেওয়ার পর দেখা মিলল সেই পরিচিত আফ্রিদির, গ্যালারির দিকে তাকিয়ে সগর্বে ওপরে তুলে দিলেন দুহাত!শুভ জন্মদিন, ইউনুস!১৭ বছর পর দেশকে একটা বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের অধিনায়ক ছিলেন ইউনুস খান। বিশ্বকাপ জিতেই বিদায় বলেছিলেন টি-টোয়েন্টিকে। পাকিস্তান ক্রিকেটের ধারা মেনে যথারীতি ফিরেও এসেছেন। পরে টি-টোয়েন্টি খেলেছেন আরও তিনটি। তবে কাল একাদশে ছিলেন না। দারুণ কোনো পারফরম্যান্স দিয়ে তাই জন্মদিন উদ্যাপনের সুযোগও পেলেন না। হ্যাঁ, কাল ছিল ইউনুস খানের ৩৪তম জন্মদিন।আরিফুল ইসলাম