টুকরো টুকরো ছবি
ক্রোট-ঝড়
শেষ ওয়ানডেতেও ব্যাট হাতে ঝড় তুলেছিলেন অ্যান্টন ডেভচিচ। কিন্তু থমকে যেতে হয়েছিল ফিফটির আগেই। কাল ক্রোয়েশিয়ান বংশোদ্ভূত ব্যাটসম্যানের আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম ফিফটি মাত্র ২৪ বলে। টি-টোয়েন্টি অভিষেকে এর চেয়ে কম বলে ফিফটি আছে মাত্র দুটি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৩ বলে ৮৯ রানের ইনিংসটির পথে ডেভিড ওয়ার্নারের ১৯ বলে। আয়ারল্যান্ডের বিপক্ষে ৩০ বলে ৬৩ রানের পথে ২৩ বলে ডেভচিচের স্বদেশি অ্যারন রেডমন্ডের। আরেকটি জায়গায়ও ডেভচিচ এখন তিনে। নিউজিল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি অভিষেকে ডেভচিচের ৫৯ রানের চেয়ে বড় ইনিংস আছে দুটি। রেডমন্ডের ওই ৬৩ দ্বিতীয় সর্বোচ্চ, স্কট স্টাইরিস করেছিলেন ৬৬।
দর্শক
এমনিতে মারকাটারি ব্যাটসম্যান হিসেবেই পরিচিতি হামিশ রাদারফোর্ডের। কাল ইনিংসের শুরুতে ডেভচিচ যখন ঝড় তুলেছেন, গ্যালারির ২৫ হাজার দর্শকের মতো রাদারফোর্ডও তখন নীরব দর্শক। ৪ ওভার শেষে তাঁর রান ৩! নিউজিল্যান্ডের ৪৮ রানের ৪৪-ই ডেভচিচের ব্যাট থেকে! তবে তাতে রাদারফোর্ডের খুব একটা দায় ছিল না। তখনো পর্যন্ত তিনি ‘দর্শক’ সত্যিকার অর্থেই, ৪ ওভারে বলই খেলতে পেরেছিলেন মাত্র ৪টি!
সুইচ ওয়াইড
বাঁহাতি ব্যাটসম্যান শেষ মুহূর্তে আচমকাই ডানহাতি হয়ে শট খেলতে পারেন, কিন্তু বাঁহাতি বোলার তো শেষ মুহূর্তে চাইলেই ডান হাতে বোলিং করতে পারেন না! সুইচ হিট নিয়ে এমন অনেক বিতর্কই আছে। তবে সুইচ হিটে সবচেয়ে বড় সমস্যাটি সম্ভবত ওয়াইডের মাপকাঠি নির্ধারণে। সুইচ হিটে কি ওয়াইডও ‘সুইচ’ করবে? ডানহাতি ব্যাটসম্যান বাঁহাতি বা বাঁহাতি ব্যাটসম্যান ডানহাতি হলে কি ব্যাটসম্যানের লেগ-অফও বদলে যাবে? এই প্রশ্নের এখনো যৌক্তিক সমাধান মেলেনি বলে বিতর্ক হয় প্রায়ই। কালই যেমন মাশরাফির অফ স্টাম্পের বাইরে থাকা বলে সুইচ হিট খেলতে গেলেন কলিন মানরো। ব্যাটে-বলে হলো না, কিন্তু আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ দিলেন ওয়াইডের সংকেত। বাঁহাতি মানরো তখন হয়ে গেছেন ডানহাতি, সেই হিসেবে আম্পায়ার হয়তো বলবেন বল লেগ স্টাম্পের বাইরে। বোলারও আবার বলতে পারেন, তিনি তো বাঁহাতি ব্যাটসম্যানকেই বোলিং করেছেন!
প্রথম ২০০
কিউই পাখি উড়তে পারে না। কিন্তু টি-টোয়েন্টিতে ঠিকই উড়ল কিউইরা, সেটিও সবচেয়ে উঁচুতে! বাংলাদেশের মাটিতে এই প্রথম টি-টোয়েন্টিতে দুই শ রান। বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বড় ইনিংসও নিউজিল্যান্ডের এই ২০৪। বাংলাদেশের বিপক্ষে ‘২০০’ আছে আর একটিই, ২০০৮ সালে করাচিতে পাকিস্তানের ২০৩। বাংলাদেশও কাল ছুঁয়েছে নতুন উচ্চতা। করেছে টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সর্বোচ্চ ১৮৯ রান। সব মিলিয়ে সর্বোচ্চ রান থেকে যা মাত্র এক কম।
পাগলাটে ওভার
কাল বাংলাদেশ ইনিংসের প্রথম ওভারটি যেন টি-টোয়েন্টির আদর্শ এক বিজ্ঞাপন। প্রথম বলেই টিম সাউদির অফ স্টাম্পে থাকা বল ওয়াইড মিড অন দিয়ে শামসুর রহমানের চার। পরের বলে ফ্লিক করতে গিয়ে লং লেগে ক্যাচ। নতুন ব্যাটসম্যান মমিনুল প্রথম বলে পরাস্ত অফ স্টাস্পের বাইরে। চতুর্থ বলে মমিনুলের ব্যাট ছুঁয়ে আসা বল স্লিপে অল্পের জন্য হাতে জমাতে পারলেন না রস টেলর। রানও হয়ে গেল একটি। জিয়াউর প্রথম বলেই ওয়াইড লং অন দিয়ে মারলেন ছয়। ওভারের শেষ বলে ইয়র্কারে বোল্ড জিয়া। একটি করে চার-ছয়ে ১১ রান, দুটি উইকেট, একবার পরাস্ত, একটি সুযোগ—এক ওভারেই এত কিছু!
মুশির প্রথম
বাংলাদেশের ৩১ টি-টোয়েন্টির একটি ছাড়া (২০০৮ সালে করাচিতে) সব কটিতেই খেলেছেন মুশফিক। কিন্তু ফিফটি ছিল না একটিও! অথচ ঘরোয়া টি-টোয়েন্টি কিংবা বিপিএলে যথেষ্টই সফল। গত বিপিএলে তো সবচেয়ে বেশি রানও করেছিলেন। অবশেষে অপেক্ষার অবসান হলো কাল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ফিফটি এল মাত্র ২৮ বলে।