টুকরো টুকরো ছবি
‘অন্য হ্যাটট্রিক’কদিন আগেই প্রথম শ্রেণীর ক্রিকেটে একই ম্যাচে সেঞ্চুরি ও হ্যাটট্রিক করে ইতিহাস গড়েছেন। কাল টেস্ট অভিষেকেও হ্যাটট্রিকের খুব কাছাকাছি গিয়েছিলেন সোহাগ গাজী। টানা দুই বলে ফিরিয়েছেন রামপল ও বেস্টকে। কে জানে, শেষ ব্যাটসম্যান শিবনারায়ণ চন্দরপল না হয়ে অন্য কেউ হলে হয়তো হ্যাটট্রিক করেও ফেলতে পারতেন! এর আগে টেস্ট অভিষেকে বাংলাদেশের আর দুজন টানা দুই বলে উইকেট পেয়েছিলেন। ২০০১ সালে বাঁহাতি পেসার মঞ্জুরুল ইসলাম টানা দুই বলে ফিরিয়েছিলেন হিথ স্ট্রিক ও অ্যান্ডি ব্লিগনটকে, ২০০৯ সালে মাহমুদউল্লাহ ফিরিয়েছিলেন ফ্লয়েড রেইফার ও চাডউইক ওয়ালটনকে।শেষের চন্দরপলওয়েস্ট ইন্ডিজের নবম উইকেট পড়তেই সবার দৃষ্টি ড্রেসিংরুমের দিকে—চন্দরপল কি নামবেন? উৎসুক চোখগুলোকে মিনিট খানেক অপেক্ষায় রেখে ড্রেসিংরুম থেকে বেরোলেন তিনি। মৃদু পায়ে হেঁটে গেলেন উইকেটের দিকে, হাঁটাই বলে দিচ্ছিল তাঁর অসুস্থতার মাত্রা। যদিও ওয়েস্ট ইন্ডিজের টিম ম্যানেজমেন্ট রহস্যজনক রকমের ‘রহস্য’ করছে তাঁর অসুস্থতা নিয়ে, স্পষ্ট করে বলছে না কিছুই। সে যা-ই হোক, টেস্ট র্যাঙ্কিংয়ের পঞ্চম সেরা ব্যাটসম্যানকে এগারোতে নামিয়ে আনল অসুস্থতা। সেই ১৯৯৪ সালে, ক্যারিয়ারের পঞ্চম টেস্টে ৮ নম্বরে ব্যাট করেছিলেন চন্দরপল, এরপর ১৪৫ নম্বর টেস্টে এসে প্রথম ব্যাট করলেন সাত নম্বরের নিচে! সোহাগের স্বাদঅভিষেকে বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ড তো গড়েছেনই। সোহাগের ৯ উইকেটে আরেকটা মজাও আছে। এক ব্যাটসম্যানকে দুবার আউটে যেন অরুচি সোহাগের। দুই ইনিংসে আউট করেছেন ভিন্ন ভিন্ন ৯ ব্যাটসম্যানকে! অর্থাৎ কোনো ব্যাটসমানকেই দুবার আউট করেননি! শুধু অভিষেকে নয়, সব মিলিয়েও এটি বাংলাদেশের রেকর্ড। বিশ্ব রেকর্ডটাও ছিল খুব কাছাকাছি। এক ব্যাটসম্যানকে দুবার আউট না করে সর্বোচ্চ ১০ উইকেট নেওয়ার রেকর্ড আছে অস্ট্রেলিয়ার জোয়ি পালমার, নিল হক, বব হল্যান্ড আর জিম্বাবুয়ের রে প্রাইসের।দুই অভিষিক্তদুই অভিষিক্তের মুখোমুখি লড়াইয়ে পরশু এগিয়ে গিয়েছিলেন সোহাগ, শেষ বিকেলে পেরমলকে আউট করে। কাল সোহাগকে আউট করে প্রতিশোধ নিলেন পেরমল। মুখোমুখি লড়াইয়ে সমতা। ব্যক্তিগত লড়াইয়ে অনেকটা এগিয়ে জয়ী সোহাগ। ৯ উইকেটই শুধু নয়, গড়েছেন বাংলাদেশের হয়ে অভিষেক ইনিংসে ও ম্যাচে সেরা বোলিংয়ের রেকর্ড। তবে পেরমলের সঙ্গী আবার অভিষেক ম্যাচে দলের জয়ের তৃপ্তি। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নিয়ে সেই জয়ে অবদান রাখার বাড়তি তৃপ্তি তো আছেই!বেস্টের স্টেনগানআন্তর্জাতিক আঙিনায় ছিলেন না দীর্ঘদিন। কিন্তু যাঁরা দেখেছেন, প্রায় সবাই মনে রেখেছিলেন টিনো বেস্টকে। বোলিংয়ের কারণে অবশ্যই নয়, বরং তাঁর খ্যাপাটে উদ্যাপনের কারণে। উইকেট পেলেই ফুটবলের গোলদাতার মতো উন্মত্ত হয়ে চক্কর দিয়ে ফেলতেন প্রায় পুরো মাঠ! সময় আর বয়স মিলিয়ে এখন আর ‘বুনো’ নন বেস্ট। নিজের ভাষায় এখন ‘অনেক পরিণত ও নিয়ন্ত্রিত।’ তবে কাল মাঝেমধ্যেই যেন নিয়ন্ত্রণের জাল ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছিল সেই পুরোনো বেস্ট। সাকিবের উইকেট নিয়ে ছুটে গেলেন মাঠের প্রায় মাঝখানে, দুই হাত স্টেনগানের মতো করে ছুড়লেন অদৃশ্য গুলি! বাংলাদেশের শেষ উইকেটটি নিয়ে ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট পাওয়ার পর বেরিয়ে এল সেই স্প্রিন্টার সত্তা। ডিপ পয়েন্টের দিকে দৌড়ালেন, মাঝপথে আচমকা মাটিতে বসে পড়ে দুই হাতে মুখ ঢেকে এমন ভঙ্গি করলেন যেন বিশ্বাস হচ্ছে না নিজের কীর্তিই!নায়ক-খলনায়কআস্তে আস্তে ভেঙে দিচ্ছিলেন বাংলাদেশের স্বপ্ন, গ্যালারির দর্শকের কাছে তখন এমনিতেই সবচেয়ে বড় খলনায়ক টিনো বেস্ট। ৪৫তম ওভারে তাঁর দুরন্ত গতির এক বাউন্সার লাগল মাহমুদউল্লাহর হেলমেটে, সঙ্গে সঙ্গে নুয়ে পড়লেন বাংলাদেশ সহ-অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজ দলের প্রায় সবাই ছুটে গেলেন মাহমুদউল্লাহর দিকে। কিন্তু বেস্টের কোনো ভাবান্তর নেই। উল্টো ঘুরে সোজা হাঁটা দিলেন বোলিং মার্কের দিকে। গ্যালারি থেকে ভেসে আসছিল দুয়ো, বেস্ট যেন আরও মজা পেলেন এতে। গ্যালারির দিকে দুই হাত দিয়ে ইশারা করলেন আরও জোরে চেঁচাতে! সতীর্থ সবাই তখন মাহমুদউল্লাহকে ঘিরে দাঁড়িয়ে। আর বোলিং মার্কে কোমরে হাত দিয়ে সেদিকে তাকিয়ে বেস্ট। চোখে-মুখে রাজ্যের বিরক্তি, যেন বলতে চাইছেন, ‘হচ্ছেটা কী ওখানে!’৫৫৬৫৫৬—সংখ্যাটা মনে পড়লে এখনো মনে খানিকটা যন্ত্রণা অনুভূত হওয়ার কথা রিকি পন্টিংয়ের। ২০০৩ সালে অ্যাডিলেডে ভারতের বিপক্ষে পন্টিংয়ের ২৪২ রানের দুর্দান্ত এক ইনিংসে অস্ট্রেলিয়া তুলেছিল ৫৫৬ রান। কিন্তু দ্বিতীয় ইনিংসে অজিত আগারকারের ক্যারিয়ার-সেরা বোলিংয়ে (৬/৪১) ম্যাচটা হেরে বসে অস্ট্রেলিয়া। পন্টিংয়ের ২৪২ এখনো হারা ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড হয়ে আছে! এবার বাংলাদেশও হারল প্রথম ইনিংসে ৫৫৬ করে। প্রথম ইনিংসে এর চেয়ে বেশি রান করে হারের উদাহরণ আছে মাত্র দুটি। যন্ত্রণার এই রেকর্ডের শীর্ষেও অস্ট্রেলিয়া, ১৮৯৪ সালে ইংল্যান্ডের কাছে হেরেছিল ৫৮৬ রান তুলে। ১৯৭২ সালে আবার অস্ট্রেলিয়ার কাছেই পাকিস্তান হেরেছিল ৫৭৪ রান তুলেও। আরিফুল ইসলাম