টুকরো টুকরো ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাফল্য শতভাগ!টস করার কি প্রয়োজন ছিল? ইতিহাসটা জানলে হয়তো টস করে সময় নষ্ট করতেন না ম্যাচ রেফারি ডেভিড বুন। এই দেশের সব মাঠের অভিষেক টেস্টে টস জিতবেন স্বাগতিক অধিনায়ক, এটা তো ক্রিকেট-বিধাতাই নির্ধারণ করে দিয়েছেন! খুলনায় কাল মুশফিকুর রহিমকে দিয়ে দেশের সাত টেস্ট ভেন্যুরই প্রথম টেস্টে টসে জিতলেন স্বাগতিক অধিনায়কেরা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথম টেস্ট হয়েছিল সেই ১৯৫৫ সালে। তৎকালীন ঢাকা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে টসে জিতেছিলেন পাকিস্তান অধিনায়ক আবদুল হাফিজ কারদার। পাকিস্তান আমলে সাতটি টেস্ট হয়েছে এই মাঠে। বাংলাদেশের অভিষেক টেস্টেও এই মাঠে টস জিতেছিলেন নাঈমুর রহমান। নাঈমুর পরে জিতেছেন চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামের প্রথম টস। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের প্রথম টস জিতেছেন হাবিবুল বাশার। কোনো মাঠের প্রথম টস জয়ে ‘বিশেষজ্ঞ’ বাশার জিতেছেন মিরপুর, ফতুল্লা ও বগুড়ার প্রথম টসও। অভিষেকওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত বছরের সিরিজে দুই টেস্টে অভিষেক হয়েছিল তিনজনের—ইলিয়াস সানি, নাসির হোসেন ও সোহরাওয়ার্দী শুভ। এবার দুই টেস্টে দুজনের হয় গেল—সোহাগ গাজী ও আবুল হোসেন। যেভাবে চলছে, তাতে বাংলাদেশের টেস্ট ক্রিকেটারের সংখ্যা শিগগিরই ছাড়িয়ে যেতে পারে টেস্ট ম্যাচের সংখ্যাকে। ৭৫ টেস্টে খেলে ফেললেন ৬৫ জন ক্রিকেটার! কাল আবুল হাসানকে টেস্ট ক্যাপ তুলে দিয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম। হাসান একটা জায়গায় বাংলাদেশে বেশ বিরল, ডানহাতি বোলার কিন্তু ব্যাট করেন বাঁ হাতে। বাংলাদেশের টেস্ট ক্রিকেটারদের মধ্যে বাঁহাতি ব্যাটসম্যান কিন্তু ডানহাতি বোলার আর শুধু একজনই—জুনায়েদ সিদ্দিক (বিস্মিতদের জন্য তথ্য: টেস্ট ক্রিকেটে ৩ ওভার বোলিং করেছেন জুনায়েদ!)। এর উল্টোটা, অর্থাৎ বাঁহাতি বোলার কিন্তু ডানহাতি ব্যাটসম্যানও খেলেছেন দুজন—বিকাশ রঞ্জন দাস ও এনামুল হক জুনিয়র।‘হেইডেন আল হাসান!’ম্যাথু হেইডেনের কাছে ব্যাপারটা ছিল সংস্কার। টেস্ট ম্যাচের আগের দিন বা সকালে উইকেটের মাঝে গিয়ে বসে থাকতেন ব্যাট হাতে। ব্যাটিং ক্রিজে গিয়ে নানা রকম শটের ডামি দেখাতেন। সাবেক অস্ট্রেলিয়ান ওপেনারের কাছে এটা ছিল উইকেটের সঙ্গে একাত্ম হওয়া। কাল অমন ‘একাত্ম’ হতে দেখা গেল সাকিব আল হাসানকে। ব্যাটিং ক্রিজে গিয়ে ‘শট’ খেললেন উইকেটের চারপাশে। সাকিবকে দেখে এগিয়ে এলেন সুনীল নারাইন। নারাইনকে কী কী যেন দেখালেনও ব্যাটি নিয়ে। অবাক হওয়ার কিছু নেই, ডানহাতি বোলার হলেও নারাইন কিন্তু বাঁহাতি ব্যাটসম্যান!যাত্রা শুরুতিন স্লিপ, গালি, পয়েন্ট রেখে বল হাতে ছুটে গেলেন ফিদেল এডওয়ার্ডস। অফ স্টাম্পে লেংথ বল। কভারে হালকা ঠেলে রানের জন্য ছুটলেন তামিম ইকবাল। প্রথম বলে প্রথম রান। ক্রিকেটের কুলীন জগতে যাত্রা শুরু হলো শেখ আবু নাসের স্টেডিয়ামের। দ্বৈরথমাঠে বলের সঙ্গে মুখও দারুণ চলে টিনো বেস্টের। কাল যেমন ব্যাট-বলের লড়াইয়ের সঙ্গে জমে উঠল তামিমের সঙ্গে তাঁর কথার দ্বৈরথও। শুরুটা হয়েছিল বেস্টের প্রথম ওভারেই। সাইটস্ক্রিনের সামনে এক নিরাপত্তাকর্মী হেঁটে যাওয়ায় রানআপের শেষ প্রান্তে বেস্টকে থামিয়ে দিয়েছিলেন তামিম। এমনিতেই প্রায়ই ব্যাটম্যানদের দিকে তেড়েফুঁড়ে যান বেস্ট। এ ঘটনায় যেন আরও তেতে উঠলেন। বোলিংয়েও সুবিধা করতে পারছিলেন না। তামিমের সঙ্গে চলছিল কথার লড়াই। ১৭তম ওভারে ডেলিভারি করেই ফলো থ্রুতে অনেকটা দৌড়ে গেলেন বেস্ট। তামিমের নাকের ডগায় গিয়ে বলে এলেন কিছু একটা। তামিমও কম যান না। রানআপে ফিরতে থাকা বেস্টের সঙ্গে হেঁটে উইকেটের মাঝ বরাবর চলে এলেন বিড়বিড় করতে করতে। বেশ কিছুক্ষণ চলল ‘সৌহার্দ্যপূর্ণ বাক্যবিনিময়!’ বাবা এডওয়ার্ডসব্রাজিলিয়ান ফরোয়ার্ড বেবেতোর সৌজন্যে ১৯৯৪ ফুটবল বিশ্বকাপ থেকেই বিখ্যাত হয়ে আছে এই উদ্যাপন। বাচ্চা কোলে নেওয়ার মতো করে দুই হাত সামনে এগিয়ে দোলানো—সদ্য বাবা হওয়া বা হতে যাওয়া ক্রীড়া তারকাদের ট্রেডমার্ক উদ্যাপন। কাল পঞ্চম উইকেট নেওয়ার পর উদ্যাপনেও এই বার্তা দিলেন ফিদেল এডওয়ার্ডস। বাংলাদেশে আসার কিছুদিন আগেই দ্বিতীয়বার বাবা হয়েছেন বারবাডিয়ান ফাস্ট বোলার।হাসানের ‘জীবন’এক...দুই...তিন...হতে হতেও হলো না। হাতে জমিয়েও বল ফেলে দিলেন কাইরান পাওয়েল। বেঁচে গেলেন আবুল হাসান। ৪২ রানের মাথায় পেরমলের বলে ক্যাচ দিয়েছিলেন শর্ট লেগে। পাওয়েলের বাঁ হাতে চুমু খেয়ে বেরিয়ে আসে বল, এবার জমানোর চেষ্টা করেন ডান হাতে। এবারও ফসকে যায়, শেষমেশ ডাইভ দিয়ে বল জমালেন ডান হাতে। কিন্তু শেষ রক্ষা হলো না, ডাইভ দিয়ে মাটিতে পড়ার পর পাওয়েলের হাত থেকে পড়ে গেল বল। ক্রিকেট-বিধাতার চিত্রনাট্যে লেখা আছে সেঞ্চুরি, পাওয়েলের সাধ্য কী সেটা পাল্টে দেওয়ার! আরিফুল ইসলাম