টুকরো টুকরো ছবি
‘ক্যারিবিয়ান’ শুরুক্যারিবীয় দ্বীপপুঞ্জে জীবন হলো উপভোগের আরেক নাম। ‘তাড়াহুড়ো’ বলে কোনো শব্দ নেই, জীবনযাপনের গতি মন্থর। ক্যারিবীয়দের জীবনদর্শনের এক টুকরো নমুনা দেখা গেল বুঝি কাল শেখ আবু নাসের স্টেডিয়ামে। আম্পায়াররা মাঠে নেমে গেলেন, বাংলাদেশের দুই ওপেনার উইকেটে গিয়ে শ্যাডো করতে থাকলেন। ক্যারিবীয়দের মাঠে নামার খবরই নেই! মিনিট দুয়েক পর দেখা গেল স্যামিদের। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের সময়ও একই দৃশ্য। আম্পায়ার, বাংলাদেশের ফিল্ডাররা মাঠে নামার বেশ কিছুক্ষণ পর উইকেটে গেলেন দুই ক্যারিবীয় ওপেনার।হলো নাটানা পাঁচেই থামতে হলো তামিম ইকবালকে। হলো না ছয়ে ছয়। টানা ফিফটির বাংলাদেশের রেকর্ডটা আর বাড়াতে পারলেন না। পারলেন না বিশ্ব রেকর্ডের আরও কাছে যেতে। টানা পাঁচ ফিফটিতে তামিম রেকর্ডের তিনে আছেন আরও ১৭ জনের সঙ্গে। টানা ছয় ফিফটি আছে চারজনের—গর্ডন গ্রিনিজ, অ্যান্ড্রু জোনস, মার্ক ওয়াহ ও মোহাম্মদ ইউসুফ (তখন ছিলেন ইউসুফ ইয়োহানা)। টানা নয়টি ফিফটিতে সবার ওপরে জাভেদ মিয়াঁদাদ।ভূপাতিত রাসেলতামিমকে দ্রুত ফিরিয়ে যেন উড়ছিলেন আন্দ্রে রাসেল। ডিপ স্কয়ার লেগে তামিমের ক্যাচ নেওয়া পোলার্ডের দিকে ছুটে গেলেন যেন উড়তে উড়তে। একটু পর এলবিডব্লুর আবেদন করতে গিয়েও যেন উড়তে চাইলেন। অষ্টম ওভারে এনামুলের পায়ে বল লাগার পর ফলোথ্রুতেই লাফিয়ে উঠে আবেদন করতে চাইলেন। ব্যস, পা ফসকে চিৎপটাং! তাতেও দমার পাত্র নন। শুয়েই চালিয়ে গেলেন আবেদন!শঙ্কা ও স্বস্তিওয়ানডে সিরিজের আগে জাতীয় দল ও বিসিবি একাদশের প্রস্তুতি ম্যাচের ঘটনা। একটা সিঙ্গেল বাঁচাতে গিয়ে এমনভাবে ডাইভ দিয়েছিলেন মাশরাফি, যেন ওটা ঠেকাতে পারলেই বিশ্বকাপ জিতে যাবে দল! এটাই মাশরাফি, মাঠে নামলে নিজে চোটপ্রবণতার কথা ভুলে নিজেকে উজাড় করে দেন। কালও একবার পেছনে ফিল্ডার থাকার পরও বিপজ্জনকভাবে ডাইভ দিলেন। আরেকবার তো পড়েই গেলেন। এবার অবশ্য ডাইভ দিয়ে নয়, গেইলের শট ফেরাতে গিয়ে লেগে যায় গোড়ালিতে। মাশরাফি পড়ে যাওয়া মানেই সবার হূৎস্পন্দন যেন থমকে যাওয়া। এভাবে চোট পেয়ে মাঠের বইরে ছিটকে পড়া তো আর কম দেখা হলো না! কালও শঙ্কাটা জেগেছিল। তবে বেশ কিছুক্ষণ শুশ্রূষার পর উঠে দাঁড়িয়ে বোলিং করলেন আবার। স্বস্তি!অর্জন ও আক্ষেপতৃতীয় উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ জুটির রেকর্ডটা হয়ে গেল অনায়াসেই। ২০০৮ সালের এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মোহাম্মদ আশরাফুল ও রকিবুল হাসান জুটির ১৪১ রানকে পেছনে ফেলে অনেকটা এগিয়ে গেলেন মুশফিক-এনামুল জুটি। কিন্তু সব মিলিয়ে বাংলাদেশের সেরা জুটির রেকর্ডটা ছোঁয়া হলো না মাত্র ১ রানের জন্য। ২০০৬ সালে ফতুল্লায় চতুর্থ উইকেটে রাজিন সালেহ (১০৮*) ও হাবিবুল বাশার (৬৪) জুটির অবিচ্ছিন্ন ১৭৫ রানের রেকর্ড টিকে রইল। অভিশপ্ত রবি!নিজের পারফরম্যান্সের চেয়ে সব সময় দলের জয়কে এগিয়ে রাখেন ক্রিকেটাররা। এটাই যদি মনের কথা হয়, রবি রামপল আর ওয়ানডেতে ৫ উইকেট পেতেই চাইবেন না! ১৮ টেস্ট খেলে এখনো ৫ উইকেট পাওয়া হয়নি। ওয়ানডেতে যে দুবার পেলেন, দুবারই হারল দল! গত বিশ্বকাপে ভারতের বিপক্ষে চেন্নাইয়ে ৫ উইকেট নিয়েছিলেন ৫১ রানে, দল হেরেছিল ৮০ রানে। কাল ক্যারিয়ার-সেরা বোলিং (৫/৪৯), এবার দল হারল দ্বিগুণ ব্যবধানে! ছক্কা এবং অক্কাবাউন্ডারি সীমানা নয়, একসময় ছক্কা হতো বল মাঠের বাইরে পাঠাতে পারলে। আন্তর্জাতিক ত্রিকেটে প্রথম ছক্কার দেখা পেতে তাই লেগে গিয়েছিল ১৭ বছর! ১৮৯৪ সালে অভিষেক টেস্টেই সিডনি ক্রিকেট মাঠ পার করেছিলেন অস্ট্রেলিয়ার জো ডারলিং। লেন্ডল সিমন্স কাল মুহূর্তের জন্য সেই সময়ে ফিরে গিয়েছিলেন কি না কে জানে! ডাউন দ্য উইকেট এসে সোহাগ গাজীকে পাঠিয়ে দিলেন লং অন দিয়ে মাঠের বাইরে! কোনো রকমে বাউন্ডারি পার করলেই তো ছয়, বল হারানোর প্রয়োজনটা কী! মজার ব্যাপার হলো, আগের বলেই স্লিপে সিমন্সের সহজ ক্যাচ ছেড়েছেন মাহমুদউল্লাহ। ছক্কার পরের বলে সিমন্স বেঁচে গেলেন জোরালো আবেদন থেকে। পরের বলে আবার ডাউন দ্য উইকেট এসে সোহাগকে মাঠের বাইরে পাঠাতে চাইলেন, আকাশে উঠে বল আশ্রয় নিল তামিমের হাতে! রানার নামেপ্রতিশ্রুতি দিলে আনুষ্ঠানিক ঘোষণা আসতে লেগে যায় অনেক সময়। ঘোষণা এলে বাস্তবায়নে লাগতে পারে আরও বেশি সময়। কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হলে তো কথাই নেই। বাংলাদেশে এটাই নিয়ম। তবে কথা আর কাজের মিলের একটা উজ্জ্বল ব্যতিক্রম দেখা গেল এবার। প্রয়াত ক্রিকেটার মানজারুল ইসলাম রানার নামে শেখ আবু নাসের স্টেডিয়ামের একটা গ্যালারির নামকরণ হবে, টেস্টের সময় রানার মাকে কথা দিয়েছিলেন বোর্ড সভাপতি। প্রথম ওয়ানডের দিন এল ঘোষণা। কালই প্রেসবক্সের ডান পাশের আন্তর্জাতিক গ্যালারিতে দেখা গেল একটা বোর্ড—‘মানজারুল ইসলাম রানা স্ট্যান্ড।’ যৌক্তিক কারণেই বিসিবির সমালোচনার শেষ নেই। কিন্তু এটার জন্য সাধুবাদ জানাতেই হবে। আরিফুল ইসলাম, খুলনা থেকে