টুকরো টুকরো ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীল সৌন্দর্যএ বছর টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম দিন। সকাল থেকেই ঝলমলে রোদ। মেঘমুক্ত, চকচকে নীলাকাশ। মিরপুর স্টেডিয়ামের মাঠের দিকে তাকালে অবশ্য মন খারাপ হয়ে যাবে যে কারও। মিরপুরের সবুজ মখমল সংস্কারের ধাক্কায় এখন অনেকটাই বাদামি প্রান্তর। তবে দুদল যখন গা-গরমের জন্য মাঠে নামল, মাঠের ‘কলঙ্ক’ যেন আড়াল হয়ে গেল খানিকক্ষণের জন্য। দুই দলেরই অনুশীলন জার্সি আকাশি-নীল। সব ক্রিকেটার, কোচিং স্টাফ যখন একসঙ্গে মাঠে নামলেন, মনে হলো বুঝি আকাশের নীল নিচে নেমে এসে ছোপ ছোপ হয়ে ঘুরে বেড়াচ্ছে মাঠে!অভিষেক পর্ব-১সাকলায়েন মুশতাকের কাছ থেকে টেস্ট ক্যাপ পাওয়া—এ যুগের একজন অফ স্পিনারের জন্য এর চেয়ে স্বপ্নময় মুহূর্ত আর কী হতে পারে! কাল সেই অনুভূতিটার সঙ্গে পরিচয় হলো সোহাগ গাজীর। বাংলাদেশের ৬৪তম টেস্ট ক্রিকেটার টেস্ট ক্যাপ পেলেন বাংলাদেশের স্পিন কোচের কাছ থেকে। ভিরাসামি পেরমলকে টেস্ট ক্যাপ পরিয়ে দেওয়ার জন্য ওয়েস্ট ইন্ডিজ শিবিরে আন্ডারউড-বেদির মতো কোনো বাঁহাতি স্পিন কিংবদন্তি ছিলেন না। তবে তাঁদের ম্যানেজারও তো কম বিখ্যাত নন। স্বর্ণযুগের শেষ অধিনায়ক রিচি রিচার্ডসনের কাছ থেকে টেস্ট ক্যাপ পেলেন ওয়েস্ট ইন্ডিজের ২৯৬তম টেস্ট ক্রিকেটার পেরমল।অভিষেক পর্ব-২একজন ক্রিকেটারের জন্য যেমন স্বপ্নের চূড়ান্ত সীমা টেস্ট ক্রিকেট, একজন আম্পায়ারের জন্যও তা-ই। রিচার্ড ইলিংওয়ার্থের সেই স্বপ্ন পূরণ হলো কাল। টেস্ট আম্পায়ারিংয়ে অভিষেক হলো সাবেক ইংলিশ স্পিনারের। কাকতালীয়ভাবে ক্রিকেটার ইলিংওয়ার্থের টেস্ট অভিষেকও হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে! টেস্ট ক্রিকেটে নিজের প্রথম বলেই বোল্ড করেছিলেন ফিল সিমন্সকে। বাংলাদেশের সঙ্গে ইলিংওয়ার্থের সম্পর্কটাও পুরোনো। আন্তর্জাতিক আম্পায়ারিংয়ে অভিষেক বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে দিয়ে, ২০১০ সালে ব্রিস্টলে। খেলেছেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটেও। ইংল্যান্ড দলে ব্রাত্য হওয়ার পর ১৯৯৩ সালের নভেম্বর-ডিসেম্বরে আবাহনীর হয়ে ১০টি ম্যাচ খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগে।গেইল-ঝড়টেস্ট ম্যাচের প্রথম দিন প্রথম ইনিংসে এমন উন্মত্ত শুরু বুঝি গেইলের পক্ষেই সম্ভব। ১৭ বলে দুটি করে চার-ছয়ে ২৪, স্টাইকরেট ১৪১.১৭। টেস্টের প্রথম ইনিংসে ২০ পেরোনো ইনিংসে এর চেয়ে বেশি স্ট্রাইকরেট আছে শুধু আরেকজনেরই। আরেক মারকুটে ক্যারিবিয়ান রয় ফ্রেডেরিকস। ১৯৭৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে ৩০ বলে ৪৬ করেছিলেন ফ্রেডেরিকস, স্ট্রাইকরেট ১৫৩.৩৩।বেরসিক স্কোরবোর্ডনাসির হোসেনের লেগ স্টাম্পে থাকা বলটিতে ব্যাট ছুঁইয়ে দিলেন আলতো করে। তাতেই বল সীমানা পার, স্কোরবোর্ড দেখাল চন্দরপল ১০০। হাঁটু গেড়ে নিচু হয়ে উইকেটে চুমু দিলেন বাঁহাতি ব্যাটসম্যান। সতীর্থদের দিকে ব্যাট উঁচিয়ে ধরতে যাবেন, দেখেন হাত দিয়ে কী ইশারা করছেন নরসিং দেওনারায়ণ। আদতে ওই চারে চন্দরপলের রান হয়েছিল ৯৯, স্কোরবোর্ড ভুল করে দেখিয়েছিল ১০০! সেঞ্চুরিটা ছুঁয়ে ফেললেন পরের বলেই, সিঙ্গেল নিয়ে। এবার খুব উচ্ছ্বসিত উদ্যাপন নয়, স্রেফ ব্যাটটা একটু তুললেন। ২৬তম সেঞ্চুরিতে ৩৮ বছর বয়সী ব্যাটসম্যান ছুঁলেন আরেক বাঁহাতি ‘গ্রেট’ স্যার গ্যারি সোবার্সকে। টেস্ট সেঞ্চুরিতে দুজনের সামনে ক্যারিবিয়ান এখন শুধু একজনই—ব্রায়ান লারা (৩৪)!অফ স্পিনারের ছড়াছড়িঅফ স্পিনার নেই, অফ স্পিনার নেই—দেশের ক্রিকেটে কত দিনের হাহাকার। ১০ বছর পর সোহাগ গাজীর মাধ্যমে একজন অফ স্পিনার পেল বাংলাদেশ। অথচ সোহাগের অভিষেক টেস্টে দেখা যাচ্ছে বাংলাদেশ দলে অফ স্পিনারের ছড়াছড়ি! সোহাগের অভিষেক আর নাঈমের ফেরা, সঙ্গে মাহমুদউল্লাহ ও নাসির। সাত বোলারের চারজনই অফ স্পিনার! বাঁহাতি ব্যাটসম্যানে ভরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ অস্ত্র হওয়ার কথা। হলো কই, উইকেট তো পেলেন শুধু সোহাগ গাজীই।সাইটস্ক্রিন বিভ্রাটঘড়ির কাঁটা তখন মাত্রই দুটো পেরিয়েছে। অনায়াসে খেলে যাচ্ছেন পাওয়েল-চন্দরপল। গ্যালারিতে অনেকেই হাই তুলছেন। কেউ কেউ কি ঘুমিয়েও পড়েছিলেন? খানিকটা শীত-শীত আমেজের দুপুরের আলস্য পেয়ে বসল যেন সাইটস্ক্রিনকেও। স্ট্রাইক প্রান্তের ব্যাটসম্যানের পেছনের সাইটস্ক্রিনে সাধারণত স্পনসরের বিজ্ঞাপন দেখানো হয়। ওভার শেষে স্বয়ংক্রিয়ভাবে পাল্টে পুরোটা আবার সাদা হয়ে যায়। কিন্তু ৫৯তম ওভারের শুরুতে থানা প্রান্তের সাইটস্ক্রিন নিয়ে বাধল গোলমাল। কোনোমতেই পুরোপুরি সাদা হচ্ছিল না। একবার স্পনসর আসে তো আরেকবার কালো আবহ। এই সুযোগে একটু জিরিয়ে নিলেন দুই ব্যাটসম্যান।পাঁচ বোলারমাচের আগের দিন সংবাদ সম্মেলনেই পেরমলকে খেলানোর ইঙ্গিত দিয়েছিলেন ড্যারেন স্যামি। তবে সেটা যে একজন ব্যাটসম্যান কম খেলিয়ে, ভাবতে পারেননি অনেকেই। উইকেটের ন্যাড়া চেহারা দেখেই হয়তো পাঁচ ব্যাটসম্যানই যথেষ্ট মনে হয়েছে স্যামিদের। নরসিং দেওনারায়ণকে তাই রাখা হয়েছে একাদশের বাইরে। পাঁচ স্পেশালিস্ট বোলার নিয়ে ওয়েস্ট ইন্ডিজ সর্বশেষ খেলেছিল বাংলাদেশের বিপক্ষেই, ২০০৯ সালে কিংসটাউনে। আরিফুল ইসলাম