টুকরো টুকরো ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রভাত!নিষ্প্রাণ উইকেটে মাথা কুটে মরেছেন বাংলাদেশের দুই পেসার। তবে রামপল-বেস্টরা ভালোই বাউন্স আদায় করে নিয়েছেন। বিশেষ করে রামপল। দারুণ এক বাউন্সারে জুনায়েদকে আউট করা ছাড়াও গত পরশু বাংলাদেশের ব্যাটসম্যানদের যথেষ্টই ভুগিয়েছেন ত্রিনিদাদের পেসার। কালকের শুরুটাও হলো আগের দিনের রেশ নিয়ে। দিনের প্রথম বলেই ব্যাটসম্যানের শরীর তাক করে বাউন্সারে রামপল যেন বললেন, ‘সুপ্রভাত নাঈম।’বিশ্রামে চন্দরপলক্রিকেটের জন্য আদর্শ আবহাওয়া এখন ঢাকায়। কিন্তু সাত ঘণ্টা ৩৭ মিনিট ব্যাট করার ধকল তো আছে! বয়সও ৩৮ পেরিয়ে গেছে। খুব একটা সুস্থ বোধ করছিলেন না শিবনারায়ণ চন্দরপল। কালকের দিনটা তাই বিশ্রামে কাটালেন, একবারও মাঠে নামেননি। সকাল থেকে তাঁর বদলে ফিল্ডিং করেছেন আরেক গায়ানিজ আসাদ ফুদাদিন। সাকিবের ক্যাচটাও নিলেন। তবে শেষ বিকেলে মাঠ ছাড়তে হলো তাঁকেও। সিলি পয়েন্টে ফিল্ডিং করছিলেন, পেরমলের বলে মাহমুদউল্লাহর সজোরে খেলা শট লাগল পায়ে। ফিজিওর সঙ্গে মাঠ ছাড়লেন খোঁড়াতে খোঁড়াতে। অতিরিক্ত ফিল্ডারেরও একজন অতিরিক্ত প্রয়োজন হলো, নামলেন আরেক গায়ানিজ নারসিং দেওনারায়ণ!অভিনব ফিল্ড প্লেসিংটেস্ট ক্রিকেটেও এখন শুরু থেকেই ডিপ পয়েন্টে ফিল্ডার রাখা নতুন কিছু নয়। থার্ডম্যান তো প্রায় সব সময়ই থাকে। কাল পেস বোলিংয়ে সাকিব স্ট্রাইক পেলেই ওই দুই পজিশনে ফিল্ডার রেখেছেন স্যামি। তবু ঠিকই ফাঁক বের করছিলেন সাকিব। ৬৯তম ওভারে স্যামিকেই পয়েন্ট ও থার্ডম্যানের মাঝ দিয়ে মারলেন চার। এবার সামান্য ওই ফাঁকটাও বন্ধ করে দিলেন উইন্ডিজ অধিনায়ক। ডিপ পয়েন্টে ফিল্ডার, থার্ডম্যানকে একটু ওয়াইড করে দিলেন। আর এই দুই ফিল্ডারের মাঝেও আরেক ফিল্ডার! গজ বিশেকের মধ্যে তিন ফিল্ডার! মাঝের নতুন ওই পজিশনের নাম কী, স্যামিই হয়তো বলতে পারবেন!রুমাল বিপত্তিরানআপের শেষ প্রান্তে গিয়ে যখন দেখেন স্টান্স থেকে সরে গেছেন ব্যাটসম্যান, সব বোলারের মেজাজই বিগড়ে যায়। বিশেষ করে পেসারদের। স্যামিও বেশ বিরক্ত হয়েছিলেন। লাঞ্চের আগে শেষ ওভারে সরে গেলেন সাকিব, সেটাও একেবারে শেষ মুহূর্তে। এসব ক্ষেত্রে দেখা যায় সাধারণত সাইটস্ক্রিনে কোনো ঝামেলা বা সামনে দিয়ে কেউ হেঁটে যায়। কিন্তু ভ্রু কুঁচকে পেছনে তাকিয়ে তেমন কিছু দেখলেন না স্যামি। গন্ডগোলটা বাধিয়েছেন তো তিনি নিজেই। সাদা রুমাল বাঁধা ছিল তাঁর কোমরের সঙ্গে, ডেলিভারির আগ মুহূর্তে সেটি মাঠে পড়াতেই মনোযোগ নড়ে যায় সাকিবের। শেষ পর্যন্ত আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড ছুটে গিয়ে পকেটে ঢোকালেন রুমালটি।‘নট বেস্ট!’বাউন্সারের অতিব্যবহার ছিল। তবে হঠাৎই ফুল লেংথ ডেলিভারিতে ব্যাটসম্যানদের দু-একবার বিপাকে ফেলেছেন টিনো বেস্ট। ৮৮তম ওভারে তেমনই এক বলে কোনো রকমে ডিফেন্স করলেন নাঈম। বল ব্যাটের কানা ছুঁয়ে প্যাডে লেগে স্টাম্পে লাগল না অল্পের জন্য। হতাশায় মাথায় হাত দিয়ে হাঁটু গেড়ে বসে পড়লেন বেস্ট। এক বল পরই ফ্লিক করে চার মেরে স্বপ্নের সেঞ্চুরি ছুঁয়ে ফেললেন নাঈম। লাফ দিয়ে হাঁটু গেড়ে বসে দুই হাত ছুড়লেন শূন্যে। অন্য প্রান্ত থেকে ছুটে এসে জড়িয়ে ধরলেন মুশফিক। কাছ ঘেঁষে দাঁড়িয়ে তখন বোলার বেস্ট, দুই হাত কোমরে, হতাশাভরা দৃষ্টি বলের দিকে।মুশফিকের বাবাবাংলাদেশের খেলা মানেই গ্যালারির নিয়মিত মুখ মাহবুব হামিদ। ভদ্রলোক বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমের বাবা। কালও যথারীতি ছিলেন গ্যালারিতে, বসেছিলেন ওয়েস্ট ইন্ডিজ ড্রেসিংরুমের পাশ ঘেঁষে। হাতে দুরবিন। ছেলের ব্যাটিংও নিশ্চয়ই উপভোগ করছিলেন। কিন্তু দারুণ খেলতে খেলতে হঠাৎই পেরমলকে প্রথম টেস্ট উইকেট উপহার দিয়ে ফিরলেন মুশফিক। বাবার যেন ঠিক বিশ্বাস হচ্ছিল না, আবারও দুরবিনে চোখ রেখে বোঝার চেষ্টা করলেন, আসলেই কি আউট!পানীয়ের জোরদিনের শেষ ঘণ্টাটা একটু সাবধানে খেলে পার করে দেওয়াই রীতি। কাল শেষ পানি পানের বিরতিতে মাহমুদউল্লাহ কী পান করেছিলেন, কে জানে! বিরতির পর প্রথম বলেই ডাউন দ্য উইকেটে এসে উঁচিয়ে মারলেন পেরমলকে। বল উড়ে গেল সাইটস্ক্রিনেরও ওপর দিয়ে। অনায়াসেই ম্যাচের সবচেয়ে বড় ছয়! আরিফুল ইসলাম