টুকরো টুকরো ছবি
চারে শুরুএই কন্ডিশনে ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে ভয়ংকর অস্ত্র আর বাংলাদেশের সবচেয়ে বড় হুমকি হওয়ার কথা ছিল সুনীল নারাইন। হয়েছে উল্টোটা। রহস্য বোলারকেই বরং সবচেয়ে সহজে পড়তে পেরেছে বাংলাদেশ। নানাভাবে, ম্যাচের নানা সময়ে, বেশ কয়েকবার প্রান্ত বদলে নারাইনকে বোলিং করিয়েছেন ড্যারেন স্যামি। কাজে লাগেনি কিছুই। কাল স্যামি দিনের শুরুই করলেন নারাইনকে দিয়ে। আশা, যদি ব্যাটসম্যানদের চোখ সয়ে ওঠার আগেই কিছু করা যায়। কিসের কি, প্রথম বলেই দারুণ এক ব্যাকফুট ড্রাইভে চার মেরে শুরু করলেন মাহমুদউল্লাহ।অপেক্ষা এবং অতঃপরনারাইনের বলে সবচেয়ে বেশি রান করেছেন মাহমুদউল্লাহ। পরে বাংলাদেশ সহ-অধিনায়ককে আউট করেই ম্যাচে নিজের প্রথম উইকেট পেয়েছেন নারাইন। ১৫৭ বলের অপেক্ষা শেষে প্রথম উইকেট! তবে প্রথমটির হাত ধরেই এল দ্বিতীয় সাফল্য। পরের উইকেটের জন্য নারাইনের অপেক্ষা ছিল মাত্র তিন বল, লাইন মিস করে বোল্ড সোহাগ গাজী!ব্যাড-প্যাডের আকালদুই দলেই দুজন করে বিশেষজ্ঞ স্পিনার। সঙ্গে খণ্ডকালীনদের মিলিয়ে ম্যাচে বোলিং করেছেন মোট ১০ স্পিনার। স্পিনারের এই মেলায় ব্যাড-প্যাড ক্যাচ হবে অনেক, এটাই স্বাভাবিক। অবিশ্বাস্য হলেও সত্যি, নারাইনের বলে মাহমুদউল্লাহর আউটটিই ম্যাচের প্রথম ব্যাড-প্যাড ক্যাচ! ফরোয়ার্ড শট লেগে কাইরান পাওয়েল নিয়েছেন ক্যাচ। পরে একই পজিশনে সোহাগ গাজীর বলে স্যামুয়েলসের ক্যাচ নিয়েছেন শাহরিয়ার নাফীস।তাঁরা দুজনদুই দলের দুই অভিষিক্ত স্পিনারের লড়াইয়ে এখনো পর্যন্ত অনেকটা এগিয়ে সোহাগ গাজী। হাইপারফরম্যান্স দলের হয়ে কদিন আগেই বাংলাদেশে এসে বাংলাদেশ ‘এ’ ও একাডেমি দলকে ভুগিয়ে গেছেন ভিরাসামি পেরমল। তবে টেস্ট অভিষেকে সুবিধা করতে পারেননি। তাই ব্যাটিংয়ে এগিয়ে থাকতে চাইলেন সোহাগের চেয়ে! ব্যাট হাতে টেস্ট ক্রিকেটে প্রথম বলেই চার মেরেছেন সোহাগ, তবে আউট হয়ে গেছেন দুই বল পরই। পেরমল চার মারলেন প্রথম দুই বলেই, সেটাও বাংলাদেশের সেরা স্পিনার সাকিব আল হাসানের বলে। তবে পেরমলের ইনিংসও খুব দীর্ঘ হয়নি। দারুণ এক বলে পেরমলকে বোল্ড করে মুখোমুখি লড়াইয়েও জিতলেন সোহাগ।ইতিহাস এবং ইতিহাস৫০০—৭৪তম টেস্টে এসে অবশেষে এই জাদুকরি সংখ্যাটা দেখল বাংলাদেশ। এই দীর্ঘ প্রতীক্ষার প্রতীকী হয়েই যেন ইতিহাস গড়া রানটি এল বেশ নাটকীয়ভাবে। ১৩৮তম ওভারে রামপলকে মিডঅনে খেললেন নাসির, খানিকটা ঝুঁকিপূর্ণ দ্রুতগতির এক সিঙ্গেলে বাংলাদেশ ছুঁল ৫০০! ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের রানকেও বাংলাদেশ ছুঁয়েছে নাসিরের ব্যাটে। সেটা সম্ভবত নাসিরের ইনিংসের সেরা শট, পেরমলকে ডাউন দ্য উইকেটে এসে তুলে দিলেন এক্সট্রা কভারের ওপর দিয়ে। ৫২১ থেকে ৫২৭! পরের ওভারে নারাইনের বলে শাহাদাতের ব্যাটের কানা ছুঁয়ে আসা চারে বাংলাদেশের লিড। আরেকটি ইতিহাস! এর আগেও আটবার লিড পেয়েছে বাংলাদেশ, তবে পরে ব্যাট করে লিড এই প্রথম!বারমুডা ট্রায়াঙ্গল৯৬ সংখ্যাটা যেন বারমুডা ট্রায়াঙ্গলের মতো রহস্যময় হয়ে যাচ্ছে বাংলাদেশের জন্য। এই রানে এলেই যে কী হয়ে যায় বাংলাদেশের ব্যাটসম্যানদের! কাল যেমন দারুণ খেলতে থাকা নাসির অনেক বাইরের বল তাড়া করে ৯৬ রানে ক্যাচ হলেন স্লিপে। টেস্টে এ নিয়ে ১০ বার নড়বড়ে নব্বইয়ে বাধা পড়লেন বাংলাদেশের ব্যাটসম্যানরা, এর মধ্যে পাঁচবারই ৯৬ রানে! এক সাকিবই আটকা পড়েছেন তিনবার! মজার ব্যাপার হলো, ৯৬-এর শত্রুতা শুধুই সাদা পোশাকের সঙ্গে। ওয়ানডেতেও ১০ বার নড়বড়ে নব্বইয়ে আটকা পড়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা, কিন্তু ৯৬ রানে একবারও নয়!ইনজি ও গেইলইনজামাম-উল-হক ও ক্রিস গেইলের মিল কোথায়? ইনজি ডানহাতি ব্যাটসম্যান, বোলিং যা এক-আধটু করেছেন, করেছেন বাঁহাতি স্পিন, থ্রো করতেন বাঁ হাতে। গেইল ঠিক এর উল্টো। খেলার ধরনেও মিল নেই, শারীরিক আকৃতিতে তো নেই-ই। দুজনই ম্যাচ উইনার। তবে ইদানীং আরেকটা মিল খুঁজে যাচ্ছে। গেইলের ফিল্ডিংয়ে যেন পড়েছে ইনজির ছায়া! গেইলের মাঠে হাঁটাচলা বা বলের পেছনে আলস্যভরে ছোটা মনে করিয়ে দেয় ইনজিকেই। কাল সবচেয়ে বেশি মনে হলো বাংলাদেশ ইনিংস শেষ হওয়ার দুই বল আগে। কভারে ফিল্ডিং করছিলেন গেইল, শাহাদাতের শট গেল তাঁর দিকে। জোর ছিল না তেমন, তবু যেন নিচু হতে চরম অনীহা গেইলের। পা দিয়ে বল ঠেকিয়ে বোলারের দিকে ঠেলে দিলেন পা দিয়েই!মুশফিকের ফিফটিব্যাট হাতে প্রথম ইনিংসে করেছেন ৪৩ রান, কাল দিন শেষে উইকেটকিপার মুশফিকুর রহিমের ক্যাচসংখ্যাও ৪৩! সঙ্গে স্টাম্পিংও আছে নয়টি। উইকেটকিপার হিসেবে ২৭তম ম্যাচে মুশফিকের মোট ডিসমিসাল ৫২টি। কাল ক্রিস গেইলের ক্যাচ নিয়ে টেস্ট ডিসমিসালের ফিফটি ছুঁয়েছেন বাংলাদেশ অধিনায়ক। ৮৭ ডিসমিসাল নিয়ে এখনো বেশ এগিয়ে আরেক সাবেক অধিনায়ক খালেদ মাসুদ। আরিফুল ইসলাম