টুকরো টুকরো ছবি
বোল্ড, বোল্ড নয়!খুব কাছে গিয়ে উইকেট না পাওয়া, আবার রানের বাঁধনটাও আলগা হয়ে যাওয়া। হতাশায় ভরা বাংলাদেশের প্রথম সেশনের প্রতীক হয়ে থাকল যেন ইনিংসের ১০২তম ওভার। সাকিবকে প্রথম দুই বলেই চার মারলেন স্যামুয়েলস, কভার ও মিড উইকেট দিয়ে। তৃতীয় বলটি ছিল লেগ স্টাম্পে লেংথ বল, স্যামুয়েলস চেয়েছিলেন ফ্লিক ও পুলের মাঝামাঝি কোনো শট খেলতে। বল তাঁর দুই পায়ের মাঝ দিয়ে বেরিয়ে লাগল স্টাম্পে, কিন্তু বোল্ড করতে বেল তো ফেলতে হবে! বেলের নড়ন-চড়নই নেই। বেঁচে গেলেন স্যামুয়েলস। দুই বল পরই ডাউন দ্য উইকেট এসে সাকিবকে আছড়ে ফেললেন সাইটস্ক্রিনে। যেন ‘পূর্ণতা’ দিলেন সাকিবের হতাশাকে, আর উদ্যাপন করলেন নিজের নতুন জীবন! জুটি কাহনব্রাভো-স্যামুয়েলস জুটির রান তিন শ হতেই ড্রেসিংরুম থেকে বেরিয়ে তালি দিয়ে অভিনন্দন জানালেন রিচি রিচার্ডসন। এই জুটি হয়তো ওয়েস্ট ইন্ডিজ ম্যানেজারকে নিয়ে গেল ২৮ বছর আগে! ১৯৮৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যান্টিগায় ভিভ রিচার্ডসের সঙ্গে ৩০৮ রানের একটি জুটি গড়েছিলেন রিচার্ডসন। মিল আছে প্রেক্ষাপটেও। এবারের মতো ওই জুটিটিও ছিল তৃতীয় উইকেটে, ওই ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজ ২ উইকেট হারিয়েছিল ৪৩ রানে! সব মিলিয়ে টেস্টে ওয়েস্ট ইন্ডিজের এটি নবম তিন শ রানের জুটি, চারটিই তৃতীয় উইকেটে! সর্বশেষ ট্রিপল সেঞ্চুরি জুটিটি ছিল ৭ বছর আগে, অ্যান্টিগায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গেইল-সারওয়ানের ৩৩১। মজার ব্যাপার হলো, দুটি ট্রিপল সেঞ্চুরি করলেও ব্রায়ান লারার ট্রিপল সেঞ্চুরি জুটি মাত্র একটি। ১৯৯৯ সালে জ্যামাইকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১৩ রানের সেই অসাধারণ ইনিংসটির পথে জিমি অ্যাডামসের সঙ্গে গড়েছিলেন ৩২২ রানের জুটি।নভেম্বরের রেকর্ডরেকর্ড নিয়ে ক্রিকেটের মতো এত ঘাঁটাঘাঁটি নিশ্চিতভাবেই আর কোনো খেলায় হয় না। সেই রেকর্ডগুলোও কখনো কখনো কতই না বৈচিত্র্যময়। এই যেমন কাল স্যামুয়েলসের ডাবল সেঞ্চুরিতে এই নভেম্বর মাসটা জায়গা পেয়ে গেল রেকর্ড বইয়ে! একটা মাস কীভাবে রেকর্ড বইয়ে ঢোকে, এটাই ভাবছেন তো? পাঁচ-পাঁচটি ডাবল সেঞ্চুরি হলো এই মাসে। এক মাসে এত ডাবল সেঞ্চুরি আর কখনো দেখেনি টেস্ট ক্রিকেট! স্যামুয়েলসের আগে গত পরশু করেছেন মাইকেল ক্লার্ক, বাংলাদেশের বিপক্ষে আগের টেস্টে চন্দরপল, ইংল্যান্ডের বিপক্ষে ভারতে চেতেশ্বর পূজারা, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ক্লার্ক করেছিলেন আরেকটি। এক মাসে চার ডাবল সেঞ্চুরি হয়েছে এর আগে ৮ বার। অপেক্ষায় ২০১২এই নভেম্বর মাস ঢুকে গেছে রেকর্ড বইয়ে। আর রেকর্ড বইয়ে ঢোকার অপেক্ষায় এই বছর—২০১২! গতকাল পর্যন্ত এ বছর ১০টি দুই শতাধিক রানে ইনিংস দেখেছে টেস্ট ক্রিকেট, এই নভেম্বরে পাঁচটি, গত জানুয়ারিতে চারটি আর জুলাইয়ে একটি। এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি দুই শতাধিক রানের ইনিংস আছে ১৪টি—২০০৩ ও ২০০৪ সালে। সময় এখনো অনেক আছে, ২০০৩ ও ২০০৪-এর কাছ থেকে রেকর্ড তো ২০১২ এখনো কেড়ে নিতে পারে!‘রহস্য বল’ঘূর্ণি বলে জাদু কতই না দেখিয়েছেন ওয়ার্ন-মুরালি-সাকলায়েনরা। রহস্যের জাল বিছিয়ে দেন মেন্ডিস-নারাইন-আজমলরা। কিন্তু নাঈম কাল যা করলেন, সেটা কজনই বা পারেন! ইনিংসের ১৩৫তম ওভারে ড্যারেন ব্রাভোকে বিভ্রান্ত করতেই বুঝি বল করলেন উইকেটের বাইরে, দুই ড্রপে বল গিয়ে লাগল সিলি পয়েন্টে শাহরিয়ার নাফীসের পায়ে! ব্রাভো বিভ্রান্ত না হলেও হলেন আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ, প্রথমে ওয়াইডের সংকেত দিয়ে পরে দিলেন নো-বল! বলটি আসলে ফসকে গিয়েছিল নাঈমের হাত থেকে।লারা ৪—ব্রাভো ৪দুজনের ব্যাটিং নিয়ে তুলনা চলছে, হয়তো চলতে থাকবে আরও অনেক দিন। ১২ টেস্ট শেষে দুজনের মোট রান (৯৪১) ও গড়ে (৪৭.০৫) ছিল অদ্ভুত সমতা, সেটা নিয়ে কত হইচই! তবে ক্যারিয়ার গ্রাফে এরপরই ব্রায়ান লারার পেছনে পড়ে গেছেন ড্যারেন ব্রাভো। লারা গ্যারি সোবার্সের ৩৬ বছরের পুরোনো রেকর্ড ভেঙে ৩৭৫ করেছিলেন নিজের ১৬তম টেস্টে, ব্রাভো এখনো দ্বিশতকই করতে পারেননি। তবে ২১তম টেস্টে এসে আবার একটা জায়গায় মিলে গেলেন মামা-ভাগনে। লারা চতুর্থ সেঞ্চুরি পেয়েছিলেন ২১তম টেস্টে (১৪৭, নিউজিল্যান্ডের বিপক্ষে ১৯৯৫ সালে), ব্রাভোও চতুর্থ সেঞ্চুরি পেলেন ২১তম টেস্টে। তবে ক্যারিয়ার গ্রাফের এই পর্যায়ে সার্বিকভাবে ব্রাভোর (৪৬.৭৭ গড়ে ১৬৩৭) চেয়ে অনেক এগিয়ে লারা (৫৮.০৮ গড়ে ১৯৭৫)। তবে ব্রাভো ২১ টেস্টে একবারও শূন্য রানে আউট হননি, লারা হয়েছিলেন দুবার। আরিফুল ইসলাম, খুলনা থেকে