টুকরো টুকরো ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশা ও আশাভঙ্গ
কাল সকালে ক্ষণিকের জন্য মনে হচ্ছিল, আগের দিনের হতাশাকে পেছনে ফেলতে পেরেছে বাংলাদেশ। প্রথম আধা ঘণ্টায় জয়াবর্ধনে-ম্যাথুসকে ভালোই ভুগিয়েছিলেন বোলাররা। দিনের পঞ্চম ওভারে সাকিব তো পেতে পারতেন তিন উইকেট। প্রথম বলেই স্কিড করে ভেতরে ঢোকা বলে জোরালো আবেদন এলবিডব্লুর, সম্ভবত বেনিফিট পেয়ে বেঁচে যান জয়াবর্ধনে। তৃতীয় বলে ব্যাট-প্যাড হতে হতেও বেঁচে যান ম্যাথুস। লেগ স্টাম্পে পিচ করে অনেকটা স্পিন করে বেরিয়ে যাওয়া পঞ্চম বলটি অল্পের জন্য তাঁর ব্যাটের কানা মিস করে চলে যায় অফ স্টাম্পে বাতাস লাগিয়ে। এরপর সময়ের সঙ্গে কেবল দীর্ঘায়িতই হয়েছে হতাশা।


‘আগ্রাসী’ রবিউল

উইকেট পড়ছে না। জয়াবর্ধনে-ম্যাথুস যেন ব্যাট করছিলেন অনন্তকাল ধরে। নিস্তরঙ্গ সকাল হঠাৎই উত্তপ্ত করে তুললেন রবিউল। তাঁর একটি শর্ট বলে খানিকটা অপ্রস্তুত জয়াবর্ধনে। রান নেওয়ার সময় আপাতত শান্ত চরিত্রের রবিউল কিছু একটা বললেন জয়াবর্ধনেকে। জয়াবর্ধনেও জবাব দিলেন পাল্টা। এরপর আঙুল তুলে রবিউলকে বোলিং মার্ক দেখালেন জয়াবর্ধনে। রবিউলের কথার তোপ চলল তবু, জয়াবর্ধনে আবার কী একটা দেখালেন আঙুল তুলে। পরিস্থিতি শান্ত করেন আম্পায়ার পল রাইফেল। ইনিংস শেষে অবশ্য ছুটে গিয়ে ‘স্যরি’ বলে জয়াবর্ধনের সঙ্গে হাত মেলালেন রবিউল। জয়াবর্ধনের জবাব, ‘আরে, স্যরি হওয়ার কিছু নেই। ফাস্ট বোলারদের এমন আগ্রাসী হতে হয়।’


জয়াবর্ধনের হ্যাটট্রিক

নড়বড়ে নব্বইয়ে কাটা পড়েছেন টেস্ট ক্যারিয়ারে ছয়বার। তবে ১৯০-এ কিন্তু মোটেও নড়বড়ে নন মাহেলা জয়াবর্ধনে! ২০০৪ সালে গলে ১৯৯ থেকে ডাবল সেঞ্চুরি ছুঁয়েছিলেন নিকি বোয়েকে ছক্কা মেরে। দুই বছর পর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে ১৯৯ রানে দাঁড়িয়ে মিড উইকেট গ্যালারিতে ফেলেছিলেন জ্যাক রুডলফকে। কাল ১৯৭ রান থেকে সোহাগ গাজীকে ওয়াইড লং অন দিয়ে ছয় মেরে দ্বিশতক ছুঁলেন মাহেলা জয়াবর্ধনে। ছক্কায় ডাবল সেঞ্চুরি ছুঁলেন তিন-তিনবার! জয়াবর্ধনের স্নায়ুর প্রশংসা করতেই হবে যখন জানবেন, ছক্কায় ডাবল সেঞ্চুরি ছুঁতে একবারের বেশি পারেননি আর কেউ!


ছক্কার ধাক্কা

ব্যাট হাতে তাঁর ৫৫ রানকে ছাড়িয়ে পরে সর্বোচ্চ স্কোরার হয়েছেন মুশফিকুর রহিম (৬১)। তবে বল হাতে সাকিবই সব ক্ষেত্রে সবচেয়ে বেশি! বোলিং করেছেন সবচেয়ে বেশি ওভার (৪৩), উইকেট নিয়েছেন সবচেয়ে বেশি (৩টি), রানও গুনেছেন সর্বোচ্চ (১৫৯)। এমনকি সবচেয়ে বেশি ছক্কাও হজম করেছেন। লঙ্কান ব্যাটসম্যানদের ১১ ছক্কার ছয়টিই হয়েছে সাকিবের বলে। তিনটি ছক্কা হয়েছে নাসিরের বোলিংয়ে, দুটি সোহাগের।


সাত শ’র রাজা

১৯৯৭ সালে কলম্বোর প্রেমাদাসায় প্রথমবার ৭০০ রানের দেখা পেয়ে শ্রীলঙ্কা সেটিকেই রূপ দিয়েছিল ৯৫২ রানের রেকর্ডে, যা আজও অটুট। কাল লঙ্কানরা ৭০০ রানের মাইলফলক ছুঁল পঞ্চমবারের মতো। মাত্র তিন দশক আগে টেস্ট মর্যাদা পাওয়া দলটিই গড়ল সবচেয়ে বেশিবার ৭০০ করার রেকর্ড! অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ করেছে চারবার করে। ইংল্যান্ড-ভারত তিনবার করে, পাকিস্তান দুবার। লঙ্কানদের এই উত্থানের সঙ্গে সরাসরিই মেলাতে পারেন মাহেলা জয়াবর্ধনে নামের এক ব্যাটসম্যানের আবির্ভাবকে। ৯৫২ রানের সেই বিশ্বরেকর্ড ইনিংসে অভিষিক্ত জয়াবর্ধনের অবদান ছিল ৬৬ রান। শ্রীলঙ্কার পরের চারটি সাত শ’র একটিতে জয়াবর্ধনে সেঞ্চুরি করেছেন, দুটিতে ডাবল সেঞ্চুরি আর একটিতে ট্রিপল!

১১১১১
ফরোয়ার্ড খেলতে গিয়েও সোহাগের ফুল লেংথ বলটিকে প্যাডেল করে ফাইন লেগে পাঠালেন জয়াবর্ধনে। শটটিকে আলাদা করে মনে রাখার কোনো কারণ নেই। কেননা, ওই শট থেকে এসেছে মাত্র একটি রান। তবে ওটাই কিছুক্ষণের জন্য উপহার দিয়েছিল আনন্দদায়ী এক পরিসংখ্যান। ওই রানটিতেই যে জয়াবর্ধনের রান হয়েছিল ১১১১১!


এত মাইলফলক!

এক ইনিংসেই কত যে মাইলফলক ছুঁয়েছেন জয়াবর্ধনে! মোট ক্যারিয়ার রানে প্রথমে পেছনে ফেলেছেন ১১ হাজার রান করা প্রথম ব্যাটম্যান অ্যালান বোর্ডারকে (১১১৭৪)। পরে শিবনারায়ণ চন্দরপলকেও (১১২১৯) ছাড়িয়ে জয়াবর্ধনে (১১২৩৬) এখন মোট রানের তালিকায় ছয়ে। দেড় শ ছোঁয়া ১৫তম ইনিংসে ছুঁয়েছেন রিকি পন্টিংকে। ১৬টি দেড় শতাধিক রানের ইনিংস খেলেছেন কুমার সাঙ্গাকারা, ১৮টি স্যার ডন ব্র্যাডম্যান, ১৯টি ব্রায়ান লারা, শচীন টেন্ডুলকার ২০টি। পরে সপ্তম ডাবল সেঞ্চুরিতে ছুঁয়েছেন ওয়ালি হ্যামন্ডকে। সাঙ্গাকারার ডাবল ৮টি, ব্রায়ান লারার ৯টি, স্যার ডন ব্র্যাডম্যানের ১২টি।


ভিতানাগের বাংলাদেশ

কিথুরুয়ান ভিতানাগের টেস্ট-ভাগ্য যেন বাংলাদেশের সঙ্গে বাঁধা। গত মার্চে বাংলাদেশের শ্রীলঙ্কা সফরে অনুশীলন ম্যাচে সেঞ্চুরি করে পেয়েছিলেন টেস্ট ক্যাপ। অভিষেকে করেছিলেন ৫৯, পরের টেস্টে ১২। বাদ পড়ার পর আবার টেস্ট দলে সুযোগ পেলেন এই বাংলাদেশ সফরে। ম্যাচের দিন সকালে প্রসন্ন জয়াবর্ধনের বাবার মৃত্যুতে সুযোগ পেয়ে গেলেন একাদশেও। আটে নেমেও সুযোগটা কাজে লাগিয়ে করে ফেললেন প্রথম টেস্ট সেঞ্চুরি! শ্রীলঙ্কার হয়ে আটে নেমে সেঞ্চুরি আছে আর মাত্র দুটি। থিলান সামারাবিরা করেছিলেন অভিষেক টেস্টেই, আর বাংলাদেশের বিপক্ষেই করেছিলেন এখনকার বোলিং কোচ চামিন্ডা ভাস।