টুকরো টুকরো ছবি
‘বিশ্ব টেস্ট দিবস’খুলনা টেস্ট গড়াল পঞ্চম দিনে। টেস্ট দুনিয়ায় আজ তাই মহা ব্যস্ত একটি দিন! খুলনা টেস্টের শেষ দিনটি অ্যাডিলেডে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা টেস্টের চতুর্থ দিন। মুম্বাইয়ে ইংল্যান্ড-ভারত টেস্টের তৃতীয় দিন আর কলম্বোর পি সারা ওভালে শুরু হচ্ছে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট। এক দিনে চার টেস্ট, ১০টি টেস্ট খেলুড়ে দেশের আটটি দেশই থাকবে মাঠে। টেস্ট ক্রিকেটের ১৩৫ বছরের ইতিহাসে এক দিনে চারটি টেস্ট হয়েছে আর মাত্র দুবার। প্রথমটি ১৯৯৮ সালের ২১ মার্চ। ভারত-অস্ট্রেলিয়া কলকাতা টেস্টের সেটি ছিল শেষ দিন, কেপটাউনে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা টেস্টের তৃতীয় দিন, অ্যান্টিগায় ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের দ্বিতীয় দিন এবং হারারেতে পাকিস্তান-জিম্বাবুয়ে টেস্টের প্রথম দিন। দ্বিতীয়টি ছিল ২০০১ সালের ১১ মার্চ। ক্যান্ডিতে খেলছিল শ্রীলঙ্কা-ইংল্যান্ড, অকল্যান্ডে নিউজিল্যান্ড-পাকিস্তান, জর্জটাউনে ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা আর কলকাতায় অস্ট্রেলিয়া-ভারত। একই দিনে ১০ টেস্ট খেলুড়ে দেশ কখনো মাঠে নামেনি, ২০০৪ সালের মার্চে হতে হতেও সেটা হয়ে ওঠেনি মাত্র দুই দিনের জন্য। ওয়ানডেতে ব্যস্ততম দিন ২০০৭ সালের ৪ ফেব্রুয়ারি, ৬টি ওয়ানডে হয়েছে সেদিন। খরা ও বৃষ্টিগত ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রামে ৪১.৫ ওভার বোলিং করেও ছিলেন উইকেটশূন্য। সাকিব আল হাসান কাল একপর্যায়ে ছাড়িয়ে গেলেন সেটিকেও! ৪৮ ওভার করেও উইকেট নেই! প্রতীক্ষার অবসান ৪৯তম ওভারের দ্বিতীয় বলে রামদিনকে ফিরিয়ে। প্রথম উইকেট পেতে এত ওভার অপেক্ষা করতে হয়নি আর কাউকে। প্রথমটির জন্য অপেক্ষা ২৯০ বলের, পরেরটির জন্য মাত্র দুই বল! স্লিপে ক্যাচ দিলেন স্যামি। আগের ১৮০ ওভারে, অর্থাৎ ১০৮০ বলে বাংলাদেশ নিতে পেরেছিল মাত্র দুটি উইকেট, আর চার বলের মধ্যেই এল দুটি! পরের ওভারে টানা দুই বলে ফেরালেন পেরমল ও নারাইনকে। ৪৮ ওভার পর্যন্ত উইকেটশূন্য বোলারটিই ৪ উইকেট নিয়ে শেষ পর্যন্ত দলের সফলতম বোলার। হার না-মানা শিবচন্দরপল সেঞ্চুরি করেন এবং আউট হন না—এটাই যেন নিয়ম! এই সিরিজে তিন ইনিংসে তাঁর দুটি সেঞ্চুরি, দুটিই অপরাজিত! আর অপরাজিত থেকেই ছুঁয়ে ফেললেন শচীন টেন্ডুলকারের রেকর্ড। মোট টেস্ট সেঞ্চুরিতে এখনো টেন্ডুলকার (৫১) ও চন্দরপলের (২৭) ধরাছোঁয়ার বাইরে। কিন্তু অপরাজিত সেঞ্চুরিতে দুজনই এখন সমতায়—১৬টি! অপরাজিত সেঞ্চুরিতে এই দুজনের পরে আছেন জ্যাক ক্যালিস ও স্টিভ ওয়াহ, ১৫টি করে। সাকিবের ডাবলদ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে পেয়েছেন ১০০ টেস্ট উইকেট। পরে ছাড়িয়ে গেছেন প্রথম ১০০ শিকারি মোহাম্মদ রফিককেও। আরেকটি কীর্তিতেও রফিককে ছুঁয়েছেন সাকিব। রফিকের পাশাপাশি টেস্টে ১০০০ রান ও ১০০ উইকেট এবার হয়ে গেল সাকিবেরও। ৩৩ ম্যাচে ১০০ উইকেট নেওয়ার পাশাপাশি ১০৫৯ রান করেছিলেন রফিক। ২৮ টেস্টে সাকিবের উইকেট ১০২, রান ১৮৩৫। প্রথম বাংলাদেশি হিসেবে ১০০ উইকেট ও ২০০০ রানের ডাবল এখন শুধু সময়ের ব্যাপার!ম্যারাথন বোলিংব্যাট হাতে ফিফটি করার আগে বল হাতেও একটা ফিফটি করেছেন সাকিব আল হাসান। বোলিং করেছেন ৫২ ওভার! তবে এক ইনিংসে এর চেয়েও বেশি ওভার বোলিং সাকিব করেছেন। ২০১০ সালে চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে বোলিং করেছিলেন ৬৬ ওভার! বাংলাদেশের হয়ে ইনিংসে সবচেয়ে বেশি ওভার বোলিংয়ের রেকর্ড এটাই। খুলনায় সোহাগ গাজীর ৫৭.৩ ওভার সবচেয়ে বেশি ওভার বোলিংয়ের রেকর্ডে আছে তিনে। সোহাগ-সাকিবের মাঝে আছেন মোহাম্মদ রফিক, ২০০৪ সালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে বোলিং করেছিলেন ৫৯.১ ওভার। সব মিলিয়ে বাংলাদেশের বোলারদের ইনিংসে ৫০ বা তার বেশি ওভার বোলিং করতে হয়েছে ১০ বার, রফিক একাই করেছেন ৫ বার। তবে একই ইনিংসে দুই বোলারের ৫০ ওভার বোলিং এই প্রথম দেখল বাংলাদেশ!‘ডাবল সেঞ্চুরি’দুই বোলার মিলে করেছেন প্রায় ১১০ ওভার। আর পুরো দল করেছে ‘ডাবল সেঞ্চুরি!’ এই প্রথম ইনিংসে ২০০ ওভার বোলিং করার অভিজ্ঞতা হলো বাংলাদেশের। উল্টো দিকে, বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বড় দলীয় ইনিংসের পাশাপাশি এক ইনিংসে সবচেয়ে বেশি ওভার ব্যাটিংয়ের রেকর্ডটিও এখন ওয়েস্ট ইন্ডিজের। আগের সর্বোচ্চ ছিল পাকিস্তানের, গত ডিসেম্বরেই চট্টগ্রামে ৫ উইকেটে ৫৯৪ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল মিসবাহ-উল-হকের দল ১৭৬.৫ ওভার খেলে। গেরোআরও একবার নড়বড়ে নব্বইয়ে আটকা, হতাশার নিশ্চয়ই শেষ নেই সাকিবের। তবে খানিকটা সান্ত্বনা পেতে পারেন এটা ভেবে—৯৬-এর গেরো কাটানো গেছে! এর আগে টেস্টে দু-দুবার আউট হয়েছেন ৯৬ রানে। ইংল্যান্ডের বিপক্ষে স্টাম্পড হয়েছিলেন ট্রেডওয়েলের বলে, শ্রীলঙ্কার বিপক্ষে বোল্ড ধাম্মিকা প্রসাদের বলে। ২০০৯ সালে কেমার রোচকে ছয় মেরে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছিলেন অপরাজিত ৯৬ রানে। এবার ৯৭ তো হলো! আরিফুল ইসলাম, খুলনা থেকে