টুকরো টুকরো ছবি
পারলেন না সাকিববাংলাদেশের ব্যক্তিগত প্রায় সব রেকর্ডই তাঁর দখলে। আরেকটি রেকর্ডের দিকেও এগিয়ে যাচ্ছিলেন সাকিব আল হাসান। কালকের আগে পর্যন্ত বাংলাদেশের সর্বশেষ ৭৮টি ম্যাচেই খেলেছিলেন সাকিব। চোটের কারণে থামতে হলো, অক্ষত থাকল তামিম ইকবালের রেকর্ড। বাংলাদেশের হয়ে টানা ওয়ানডে খেলার রেকর্ডটি তামিমের। ২০০৭ সালের ৯ ফেব্রুয়ারি অভিষেক থেকে ২০১০ সালে ২০ জুলাই পর্যন্ত টানা ৮৫টি ম্যাচ খেলেছিলেন তামিম। এই দুজনের পরে আবদুর রাজ্জাক, ২০০৬ থেকে ২০০৮ পর্যন্ত খেলেছিলেন টানা ৭৪ ম্যাচ। এক বাঁহাতিবাংলাদেশের স্পিনার মানেই বাঁহাতি, ক্রিকেট-বিশ্বে একরকম প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। সোহাগ গাজীর আবির্ভাব, নাসিরের উত্থান আর নাঈমের ফেরা মিলিয়ে চিত্রটা একটু হলেও পাল্টাতে শুরু করেছে। টেস্ট সিরিজে একমাত্র বাঁহাতি সাকিবের সঙ্গে ছিলেন চার অফ স্পিনার—সোহাগ, মাহমুদউল্লাহ, নাঈম ও নাসির। কাল প্রথম ওয়ানডেতেও তা-ই। একমাত্র বাঁহাতি আবদুর রাজ্জাকের সঙ্গে চার অফ স্পিনার। একজন মাত্র বাঁহাতি স্পিনার নিয়ে বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে খেলেছে গত বছরের ১৬ আগস্ট, জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে। দেশের মাটিতে সর্বশেষ ২০০৯ সালের জানুয়ারিতে, জিম্বাবুয়েরবিপক্ষেই, মিরপুরে। দুবারই একমাত্র বাঁহাতি স্পিনার ছিলেন সাকিব। দেশের মাটিতে ৪৩ ম্যাচ পর একজন মাত্র বাঁহাতি স্পিনার নিয়ে খেলল বাংলাদেশ।এক বিন্দুতে পার্থ-খুলনাডনের অভিষেকের দিনটিতেই ‘ডনের পর সেরার’ শেষের শুরু! ১৯২৮ সালের ৩০ নভেম্বর টেস্ট অভিষেক হয়েছিল ডন ব্র্যাডম্যানের। ২০১২ সালের ৩০ নভেম্বর শুরু রিকি পন্টিংয়ের শেষ টেস্ট। পার্থে ওই টেস্ট শুরুর আধঘণ্টা পর খুলনায় শুরু হলো বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে। ঘড়িতে যখন বাংলাদেশ সময় সকাল ৯টা ৫৪, হাজার মাইল দূরের দুই স্কোরকার্ডে দেখা গেল অদ্ভুত সাদৃশ্য। পার্থে দক্ষিণ আফ্রিকা ১ উইকেটে ৪৮ (১৬ ওভার), খুলনায় ওয়েস্ট ইন্ডিজ ১ উইকেটে ৪৮ (১১ ওভার)!তিনি ছাড়াকালকের ম্যাচের একটা বড় প্রাপ্তি—সাকিব ছাড়াও জেতা যায়, এই আত্মবিশ্বাস! সাকিবের অভিষেকের পর থেকে ১৩৩ ওয়ানডের ৫৬টি জিতেছে বাংলাদেশ, এর ৫৫টিতেই ছিলেন সাকিব! যে একটা জয়ে ছিলেন না, তা ২০০৮ সালের এশিয়া কাপে দুর্বল আরব আমিরাতের বিপক্ষে। সাকিব জমানার আগে সর্বশেষ জয় ছিল ২০০৬ সালের ৩০ জুলাই, জিম্বাবুয়ের বিপক্ষে।‘ওপেনার’ স্যামুয়েলসব্রায়ান লারা তখন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক। রিকার্ডো পাওয়েল, রিডলি জাকবস, মারভিন ডিলনরা খেলে যাচ্ছেন। ইয়ান হার্ভি, ড্যারেন লেহম্যানরা অস্ট্রেলিয়া দলের অবিচ্ছেদ্য অংশ। কালকের আগে মারলন স্যামুয়েলস নতুন বল হাতে নিয়েছিলেন সেই তখন। নির্দিষ্ট করে বললে ২০০৩ সালের ১ জুন। দুই বাঁহাতি হেইডেন-গিলক্রিস্ট জুটির তাণ্ডব থামাতে ব্যতিক্রমী কিছু করতেই অফ স্পিনার স্যামুয়েলসকে আনা হয়েছিল। কাল আনা হলো তামিম ইকবালকে ভড়কাতে। সেবার কাজে দিয়েছিল পরিকল্পনা, গিলক্রিস্টকে বোল্ড করেছিলেন স্যামুয়েলস। কাল হলো না, উল্টো স্যামুয়েলসের ৮ বলে এক চার-ছয়ে তামিম করলেন ১১ রান।পয়া ভেন্যুখুলনায় ওয়ানডে মানেই অপরাজেয় বাংলাদেশ! সেই ২০০৬ সালে দুটি ওয়ানডে হয়েছিল কেনিয়া ও জিম্বাবুয়ের বিপক্ষে, দুটিই ৯ উইকেটে জিতেছিল বাংলাদেশ। জিতল কালও, এবারও অনায়াস জয়। সাফল্য শতভাগ! এমন হ্যাটট্রিক জয় দিয়ে শুরু হয়েছিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামেরও। জিম্বাবুয়ের বিপক্ষে দুটি, একটি স্কটল্যান্ড। চতুর্থ ম্যাচে হারতে হয়েছিল ভারতের কাছে। দেখা যাক, মিরপুরকে ছাড়িয়ে খুলনা চারে চার করতে পারে কি না!বিস্ময় জয়টেস্ট ক্যাপের মতো অতটা আনুষ্ঠানিকভাবে ওয়ানডে ক্যাপ তুলে দেওয়ার প্রচলন এমনিতে নেই। থাকলে কাল বিপাকেই পড়তে হতো বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে। অভিষিক্ত চারজন, ক্যাপ তুলে দেওয়ার জন্যও তো চারজন প্রয়োজন! সর্বশেষ বাংলাদেশ দলে একসঙ্গে তিনজনের বেশি অভিষেক হয়েছে ১৯৯৫ সালের এশিয়া কাপে ভারতের বিপক্ষে—মোহাম্মদ রফিক, খালেদ মাসুদ, আনিসুর রহমান, সাজ্জাদ আহমেদ ও জাভেদ ওমর। এতজন অভিষিক্ত ক্রিকেটার বিপর্যয়েরই ইঙ্গিত দেয়। বাংলাদেশ দেখাল উল্টো! একাধিক অভিষিক্ত নিয়ে এর আগে বাংলাদেশ জিতেছিল একবারই—২০০৬ সালে জিম্বাবুয়েতে। সেটা ছিল সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের অভিষেক ম্যাচ! আরিফুল ইসলাম, খুলনা থেকে